চিরকালের সেরা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
বই: চিরকালের সেরা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
লেখক: সংকলন ও সম্পাদনা : বিশ্বজিৎ ঘোষ
ধরণ: শিশুসাহিত্য
ভাষা: বাংলা
প্রথম প্রকাশ: ফাল্গুন ১৪১৭/ ফেব্রুয়ারি ২০১১
প্রকাশক: চারুলিপি প্রকাশন
পৃষ্ঠা: ৪৩৯
কাহিনী সংক্ষেপ : টুনটুনির কথা মনে আছে? একবার বেগুন পাতায় বসে নাচতে গিয়ে টুনটুনি খেল বেগুন কাঁটার খোঁচা। তাই থেকে হলো মস্ত বড় ফোঁড়া। আর সেই ফোঁড়া কাটাতে টুনটুনি গেল নাপিতের কাছে। বললো, ‘নাপিতদাদা, নাপিতদাদা, আমার ফোঁড়াটা কেটে দাও না!’ কিন্তু নাপিতদাদা কী বজ্জাত, ঘাড় বেঁকিয়ে নাক সিঁটকিয়ে বললো, ‘ইস! আমি রাজাকে কামাই, আমি তোর ফোঁড়া কাটতে গেলুম আর কী!’ তাই শুনে টুনটুনি এমন প্যাঁচ কষলো, শেষে নাপিত হাত জোড় করে কাঁপতে কাঁপতে বলল, ‘রক্ষে করো, টুনিদাদা! এসো তোমার ফোঁড়া কাটি।’
তারপর সেই যে পান্তাবুড়ির গল্পটা; এক চোর রোজ রাতে এসে গরিব পান্তাবুড়ির পান্তা খেয়ে নিত। আর তাই পান্তাবুড়ি চললো রাজার কাছে নালিশ করতে। পথে তার সাথে একে একে দেখা হলো বেল, গোবর ক্ষুর আর শিঙিমাছের সঙ্গে। রাজার বাড়ি গিয়ে দেখে রাজা নেই। এখন পান্তাবুড়ি কী করে? তখন তার বেল, গোবর, ক্ষুর আর শিঙিমাছের কথা মনে পড়লো। ওরা বলেছিল, ওরা বুড়িকে সাহায্য করতে চায়। তখন ওদের সাহায্য নিয়ে পান্তাবুড়ি চোরকে এমন শায়েস্তা করলো, সে আর কী বলবো!
তারপর চড়াই আর বাঘের গল্পটার কথাই মনে করো-- একবার চড়াই চড়াইনিকে বললো, পিঠে খাব। তাই শুনে চড়াইনি বললো, ‘পিঠের জিনিসপত্র এনে দাও, পিঠে গড়ে দেব এখন।’ তো পিঠে বানাতে কী কী লাগবে? ময়দা লাগবে, গুড় লাগবে, দুধ লাগবে, কলা লাগবে, কাঠ লাগবে। সে সব আনতে চড়াই গেল বনে। বনের বাঘ আবার চড়াইয়ের বন্ধু ছিল। তার সাথে দেখা হতে চড়াই বাঘকে সব বললো। বাঘ বললো, ‘আচ্ছা তুমি ঘরে যাও। আমি সব এনে দিচ্ছি।’ বাঘ তো সব এনে দিল, আর তাই দিয়ে চড়াইনি মজার পিঠেও বানালো। কিন্তু খেতে গিয়ে চড়াই তো আর লোভ সামলাতে পারলো না, একাই সব পিঠে খেয়ে নিল। এখন কী হবে? বাঘ যে বদমেজাজি, পিঠে না পেলে তো চড়াই-চড়াইনিকে ধরে মট মট করে চিবিয়ে খাবে!
বেশ তো! তোমাদেরকে সব গল্পই শুনিয়ে দিচ্ছি, অথচ এগুলো কোন বইয়ের গল্প, তাই বলা হলো না! এগুলো কার গল্প, সে তো এতোক্ষণে বুঝে গেছো-- উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা গল্প। তিনি তো আর শুধু গল্পই লেখেননি, ছড়া আর গানও লিখেছেন। লিখেছেন বিজ্ঞানের নানা বিষয় নিয়েও। আর সবই তোমাদের জন্য। এমনকি তিনি তোমাদের জন্য পুরাণ- রামায়ণ- মহাভারতের গল্পও লিখেছেন। রামায়ণের গল্প ঠিক লেখেননি, তোমাদের জন্য সহজ করে পুরো রামায়ণই লিখেছেন। এখন, এই সব লেখাগুলো একটা বইয়ে থাকলে কেমন হয়, বলো তো?
হ্যাঁ, এমনি একটা বই-ই তোমাদের জন্য প্রকাশ করেছে চারুলিপি প্রকাশন। বইয়ের নাম ‘চিরকালের সেরা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী’। বইটির সংকলন ও সম্পাদনা করেছেন বিশ্বজিৎ ঘোষ। বইটিতে অবশ্য উপেন্দ্রকিশোরের সব লেখা নেই, আছে বাছাই করা সেরা সেরা লেখাগুলি। তার সবচেয়ে জনপ্রিয় বইদুটো-- ‘টুনটুনির বই’ আর ‘ছেলেদের রামায়ণ’ পুরোটাই আছে। আরো আছে- ‘আরও গল্প’, ‘পুরাণের গল্প’, ‘মহাভারতের গল্প’। এছাড়াও তার লেখা কবিতা ও গান আর অন্যান্য কিছু লেখাও সংকলিত হয়েছে।
আরেকটা কথা তো বলাই হয়নি; উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কিন্তু আঁকতেনও চমৎকার। তার নিজের বইগুলোতে তিনি নিজেই ছবি আঁকতেন। আর সেসব ছবিও এই বইতে পাবে। মানে এক বইতে উপেন্দ্রকিশোরের সেরা সেরা লেখাগুলো তো পাচ্ছোই, পাচ্ছো তার নিজ হাতে আঁকা ছবিগুলোও। এবার তোমরাই ঠিক করো, এই বইটি তোমরা সংগ্রহে রাখবে কিনা, যত্ন করে পড়বে কিনা? আমি কিন্তু এরই মধ্যে বইটি সংগ্রহ করে পড়াও শেষ করে ফেলেছি। এবার তবে তোমাদের পালা!
