কাঠমান্ডু উপত্যকায় ধ্বংস হয়ে যাওয়া বিশ্ব ঐতিহ্য
শনিবার, ছুটির দিন। দুপুরে সভ্যতা ও ঐতিহ্য দুই ভাইবোন মিলে চীনের গ্রেট ওয়ালের একটা পাজল মেলাচ্ছিল। এটা ওদের খুব পছন্দের একটা খেলা। এমন সময়ে হঠাৎ করেই ঐতিহ্য বলে উঠলো, আমার কেমন যেন মাথা ঘুরছে।
সভ্যতার মনে হলো সত্যিই ঘরটা দুলছে। ও ভয় পেয়ে গেল যখন দেখলো সিলিং এর ঝাড়বাতিটাও বেশ জোরেশোরেই এদিক-ওদিক নড়ছে। ঠিক তখনই বাবা-মা দুজনেই ভিতরের রুম থেকে দৌড়ে বের হতে হতে বললেন, ভূমিকম্প হচ্ছে- জলদি ওঠো, আমাদের বাড়ির নীচের রাস্তার ফাঁকা জায়গায় যেতে হবে।
ওরা দোতালায় থাকে বলে নামতে বেশি সময় লাগলো না। নিরাপদেই রাস্তায় নেমে দেখে আশেপাশের আরও সব বাড়ি থেকে মানুষজন বের হয়ে এসে ভিড় করেছে রাস্তায়। তবে রাস্তার দুপাশেই এত উঁচু উঁচু বিল্ডিং যে এখানে দাঁড়ানোটা ঠিক কতটা নিরাপদ সেটা নিয়ে বাবা-মাকে আলোচনা করতে শুনলো ওরা। সভ্যতা ভাবলো, আশেপাশে একটা ফাঁকা মাঠ থাকলে কতই না ভাল হতো! কিন্তু ওরা ঢাকার যে এলাকায় থাকছে, এখন সেখানে কোনো খেলার মাঠই নেই। রাস্তা ছাড়া ফাঁকা কোনো জায়গাও রাখেনি কেউ। আধঘণ্টার মতো অপেক্ষা করে যখন সব কিছু স্বাভাবিক মনে হলো, তখন যার যার বাড়ি ফিরে গেল সবাই।
তখনও কেউ টের পায়নি ওদিকে কত বড় একটা বিপর্যয় ঘটে গেছে ভূমিকম্পটির কেন্দ্রভূমি নেপালে। সেদিন বিকেল থেকেই এক এক করে নিউজ চ্যানেলগুলো প্রচার করতে লাগলো সেই ভয়াবহতার খবর। কাঠমান্ডু উপত্যকা প্রায় গুঁড়িয়ে গেছে, প্রাণহানি হয়েছে পাঁচ হাজারেরও বেশি মানুষের এবং সেই সঙ্গে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে নেপালের ঐতিহাসিক অনেক স্থাপনা যার মধ্যে আছে কাঠমান্ডু দরবার স্কয়ার, ভক্তপুর দরবার স্কয়ার এবং পাটান দরবার স্কায়ারের অনেক মন্দির ও স্থাপনা। আরও আছে ধারাহারা টাওয়ার এবং বেশ কিছু ভবন।
ওদের চোখের সামনে ভেসে উঠল কয়েক বছর আগে ওদের নেপাল ভ্রমণের স্মৃতি। প্লেনের জানালা দিয়ে চোখে পড়া একের পর এক বিখ্যাত সব পর্বতশৃঙ্গ, নেপাল ট্যুরিজমের একটি বই দেখে বাবা তাদের নামগুলো বলছিলেন এক এক করে। এরপর নেপালের কাছাকাছি এসে দেখা গেল বিস্তীর্ণ এলাকা জুড়ে বিছানো সবুজের চাদর-- সেটাই নাকি জিম করবেটের শিকার কাহিনীতে উল্লেখ করা তেরাই বনাঞ্চল। সেবারে নেপালে ভ্রমণের পুরোটাই ছিল রুদ্ধশ্বাস সৌন্দর্য দেখে মনঃপ্রাণ জুড়ানোর। কখনও সেই সৌন্দর্য প্রকৃতির তৈরি, কখনও মানুষের হাতে। যেই দরবার স্কয়ারগুলো দেখে ওদের মুগ্ধতা বাঁধ মানছিল না, সেগুলোই আজকে ভেঙে চুরমার হয়ে গেছে দেখে বিশ্বাস করতে ইচ্ছে করে না।
প্রাচীন নেপাল একীভূত রাষ্ট্র হওয়ার আগে ছোট ছোট রাজবংশের রাজাদের মধ্যে বিভক্ত ছিল। সেই সব রাজাদের রাজপ্রাসাদকে কেন্দ্র করে নির্মাণ করা হতো নানা ধরণের মন্দির, প্রাঙ্গণ, দেব-দেবীর মূর্তি। এ সব মিলে যে কমপ্লেক্সগুলো তৈরি হয়েছিল, নেপালে তাকেই ‘দরবার স্কয়ার’ বলা হয়। নেপালে এই ধরণের অনেকগুলো দরবার স্কয়ার আছে। যার মধ্যে বেশি বিখ্যাত হল কাঠমান্ডু উপত্যকার দরবার স্কয়ারগুলো। কাঠমান্ডু, ভক্তপুর এবং পাটনের দরবার স্কয়ারগুলোকে ২০০৬ সালে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হিসেবে ঘোষণা করা হয়।
ঐতিহ্য ও সভ্যতার বেশি ভাল লেগেছিল সেখানকার প্যাগোডা ধরনের মন্দিরগুলো এবং তাতে দারুণ সব কাঠের অলংকরণ দেখে। প্যাগোডারীতিতে একচালা, দোচালা, চারচালা মন্দিরের ছাদগুলো ধাপে ধাপে ক্রমশ: সরু হয়ে উপরের দিকে উঠে যায়।
এছাড়া এখানে ৫০টি মন্দির, মল্ল ও শাহ রাজাদের রাজপ্রাসাদ, কুমারী ঘর নামের একটি মন্দির ইত্যাদি স্থাপনা রয়েছে। মল্ল ও শাহ রাজাদের রাজপ্রাসাদকে স্থানীয়রা ‘হনুমান ধোঁকা’ নামে ডাকে। এর কারণ হলো প্রাসাদে ঢোকার মুখের রামের ভক্ত হনুমানের বড় একটি মূর্তি আছে। ঘুরতে ঘুরতে বাবার কাছ থেকে জেনেছিল কাঠমান্ডু দরবার স্কয়ারটি মল্ল, শাহ ও রাণা রাজবংশের রাজত্বকালে তিন শতাব্দী ধরে আস্তে আস্তে গড়ে উঠেছিল। বিশেষ করে মল্ল রাজা প্রতাপ মল্লের রাজত্বের সময়ে এখানের শিল্প নৈপুণ্য উন্নতির শিখরে ওঠে। বাবা বলেছিলেন, কাঠমান্ডু উপত্যকার আদি অধিবাসী নেওয়ার শিল্পীদের আশ্চর্য শিল্পনৈপুণ্য থেকে শুরু করে রাণাদের সময়কাল এমনকি ইউরোপীয় প্রভাব পর্যন্ত সকল নিদর্শনই এখানে পাশাপাশি দেখতে পাওয়া যায়। ওরা পত্রিকায় দেখেছে ভূমিকম্পে এখানকার কাষ্ঠমন্ডপ, পঞ্চটেল মন্দির, নয় তলা বসন্তপুর দরবার, দেশা অবতার মন্দির এমনভাবে ধ্বংস হয়েছে যে আর কোনোদিন ঠিক করা যাবে কিনা সন্দেহ।
এখানকার আরও দুটি ঐতিহ্যবাহী স্থাপনা হলো সয়ম্ভুনাথের স্তূপ এবং পশুপতি নাথের মন্দির। পাহাড় চূড়ায় অবস্থিত সয়ম্ভুনাথের স্তূপটি প্রায় দু’হাজার বছর আগে নির্মিত হয়েছিল। আর এটিই নেপালের সবচেয়ে প্রাচীন প্রত্ন নিদর্শন। মৌর্য সম্রাট অশোক এই স্তূপ পরিভ্রমণে এসেছিলেন বলে অনেক ঐতিহাসিকগণ লিখেছেন। পাহাড়ের সর্পিল রাস্তায় বাসে চড়ে ঘুরে ঘুরে কিছুদূর এগিয়ে এরপর বাকি রাস্তাটুকু পায়ে হেঁটে যেতে হয়েছিল সেখানে। সয়ম্ভুনাথ স্তূপের চূড়ার নীচের চারকোণা স্তম্ভের চারপাশে আঁকা ঢেউ খেলানো ভ্রু-ওয়ালা চোখের ছবি কে না দেখেছে বইপত্রে কিংবা ইন্টারনেটে? সেই চোখের সামনে দেখে অভিভূত হয়েছিল ওরা, সঙ্গে থাকা গাইড বলেছিল এগুলো নাকি বুদ্ধের চোখ, সমস্ত উপত্যকা দেখে রাখছেন তিনি এখান থেকে! মন্দিরে বিস্তর মানুষের ভীর, সেই সঙ্গে বানরেরও। আর সেই বানরগুলো কিন্তু আমাদের দেশের বানরের মতো লুকিয়ে থাকে না। এরা খুব বিক্রমে ঘুরে বেড়ায়, কাউকেই ভয় পায় না। উলটে তাদের ভয়েই সবাই অস্থির! এই এর ব্যাগ ধরে টানছে, তো পরক্ষণেই কারও হাত থেকে খাবার কেড়ে নিয়ে পালাচ্ছে! প্রচুর পরিমাণে বানর থাকার কারণে সয়ম্ভুনাথ স্তূপ কমপ্লেক্সকে অনেকে মাংকি টেম্পলও ডাকে! ভূমিকম্পে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত এই স্তূপটার তেমন কিছু না হলেও সংলগ্ন বেশি কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরদিন গিয়েছিল ওরা পাটন আর ভক্তপুর দরবার স্কয়ার দেখতে। কাঠমান্ডুর পাশেই বাগমতী নদী তার ওপারে পাটন শহর, যার প্রাচীন নাম ললিতপুর। খ্রিষ্টাব্দ তৃতীয় শতকে গড়ে ওঠে ললিতপুর বা পাঠন শহরে রয়েছে লিচ্ছবী বংশের রাজা বরদেবের পত্তন মন্দিরসহ আরেকটি দরবার স্কয়ার। যদিও বলা হয় পাটন দরবার স্কয়ার মল্ল রাজাদের কীর্তি, তবে ইতিহাসবিদেরা বলেন যে, এখানে তারও আগে থেকে নাকি প্রধান নামের অধিবাসীরা থাকতো। এখন অবশ্য যে সব স্থাপনা আছে তার বেশির ভাগই ১৬০০ খ্রিষ্টাব্দে রাজা সিদ্ধিনরসিংহ মল্ল এবং তার ছেলে শ্রীনিবাস সুকৃতির সময়ে বানানো। এখানকার মল্ল রাজাদের প্রাসাদ, মন্দির, স্তূপ, কাঠের কারূকাজ, ঘণ্টা, স্বর্ণ স্তম্ভের মাথায় রাজার মূর্তি-- ভালো করে দেখতে গেলে পুরো একটা দিনই কাটিয়ে দেওয়া যায়। এছাড়াও আছে ছোট ছোট দোকানে নানা দ্রব্যের পসরা, কী পাওয়া যায় না সেখানে। মা বলেছিলেন, পাটনের কাঠের কারূকাজ নাকি পৃথিবী বিখ্যাত। এখান থেকে ওরা কাঠের বুদ্ধ, গরুর মূর্তি আর একটা জপযন্ত্র কিনেছিল। ভূমিকম্পে এখানকার তালেজু মন্দির, চার নারায়ণ মন্দির, যোগ নরেন্দ্র মল্লার ভাস্কর্য, উমা-মহেশ্বর মন্দির একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভক্তপুরের দরবার স্কয়ারটি। এখানকার ভাটাশালা দুর্গা মন্দির নামের বেলেপাথরের দেয়াল আর সোনার মুড়ানোর চূড়াযুক্ত প্যাগোডা ধরনের মন্দিরটি একেবারেই ধ্বংস হয়ে গেছে। এই মন্দিরের সামনে ওদের একটা ফ্যামিলি ফটো তুলে দিয়েছিলেন নেপালি এক ভদ্রলোক – সেই ছবিটার দিকে তাকিয়ে মা একটা দীর্ঘশ্বাস ফেললেন।
নিউজ পোর্টালগুলোতে ধ্বংস হয়ে যাওয়া এই সব অমূল্য প্রত্ন নিদর্শনের ছবি দেখতে দেখতে বাবা বলছিলেন যে, নেপাল এক সময় না এক সময়ে সকল ক্ষয়-ক্ষতি সামলে ঘুরে দাঁড়াবে, কিন্তু এই সব ঐতিহাসিক স্থাপনাগুলো কি আর ঠিক করা যাবে? ঐতিহ্য বললো, বাবা আমাদের দেশেও তো এখন মাঝে মধ্যেই ভূমিকম্প টের পাওয়া যাচ্ছে, আমাদের এখানে এমন হলে কী হবে? বাবা বললেন, প্রাকৃতিক বিপর্যয় যে কোনো সময় হতে পারে, সেই জন্য ভয় পেলে তো চলবে না। আমাদের সচেতন থাকতে হবে, বিশেষ করে ভূমিকম্প হলে কী করতে হয়, কীভাবে আত্মরক্ষা করতে হয় এই বিষয়ে জানতে হবে এবং আশেপাশের সবাইকে সেটা জানাতেও হবে।
