খোকন
খোকন সোনা মিষ্টি ভারি
দুষ্টুমিতেও কড়া,
ভালোবাসা পেলে খোকন
করে লেখাপড়া।
হই-হুল্লোড় দস্যিপনায়
দিনটা করে পাড়ি,
একটুখানি অবহেলায়
কেঁদে বলে আড়ি।
খুব বেশিক্ষণ রাগটা খোকার
হয় না কভু ভারি,
মিষ্টি হেসে কোলে এসে
সুখটা করে জারি।
সুখ পাবে শান্তি পাবে
পাবে অনেক আরও,
হৃদয় দিয়ে তুমিও তাকে
ভালোবাসতে পারো।
