শ্রমিক দিবসের গল্প
মে দিবস কী বলো তো? যারা একটু দুষ্টু, তারা বলবে-- স্কুল ছুটি। আবার যারা এখনি চশমা পরো, আর পড়ো অনেক বইপত্র, তারা চশমা নেড়েচেড়ে বলবে বিশ্ব শ্রমিক দিবস। কিন্তু প্রশ্ন হলো, বিশ্ব শ্রমিক দিবস কেন এই তারিখটাতেই হলো? কারণ তো নিশ্চয়ই আছে।
১ মে নিয়ে নিশ্চয়ই কোনো গল্প আছে, নইলে কী আর সেদিনটিতে শ্রমিক দিবস পালিত হয়? কিন্তু তার আগে যে আরেকটা গল্প শুনতে হয়। ১ মে বিশ্ব শ্রমিক দিবস হিসেবে পালিত হওয়ারও অনেক আগে থেকেই যে সেদিনটিতে মে দিবস নামে আরেকটা দিবস পালিত হতো, তা কি জানো তোমরা?
পুরনো মে দিবস: প্রাচীন উৎসবের দিন
হ্যাঁ, আগে সেই পুরনো মে দিবসের গল্পটা শোনা যাক। এই মে দিবসটি কিন্তু অ-নে-ক পুরোনো একটি উৎসব, পালিত হতো ইউরোপের কিছু সভ্যতায়। তখনও যিশুর জন্ম হয়নি। খ্রিষ্টধর্মের আগে ইউরোপের মানুষদের যে ধর্ম ছিল, তাকে বলা হয় পেইগান ধর্ম। মে দিবস ছিল মূলত পেইগানদের একটি ধর্মীয় উৎসব। তখন সেই অঞ্চলের মানুষ ১ নভেম্বর থেকে বছর গণনা শুরু করতো। সেই হিসেবে বছরের ঠিক মাঝখানের দিনটিই হল ১ মে। মানে এই দিনটি বছরকে সমান দুই ভাগে ভাগ করতো।
ফাইল ছবি
যিশু খ্রিষ্টের আবির্ভাবের পর আস্তে আস্তে ইউরোপের সব মানুষ খ্রিষ্ট ধর্ম গ্রহণ করে। তখন পেইগানদের এই উৎসবটিও বন্ধ হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু এখানেই সংস্কৃতির মজা। সংস্কৃতি সহজে হারিয়ে যায় না, যখন খুব বেশি বিপদে পড়ে, তখন রূপ বদলে ফেলে। এই মে দিবসও তখন রূপ বদলে ফেলল। আর তাই এখনও ইউরোপের সেই দেশগুলোতে ১ মে শ্রমিক দিবসের মতো মে দিবসও পালিত হয়। ইংল্যান্ডে তো রীতিমতো ঘটা করে মে দিবস পালিত হয়। একজনকে সাজানো হয় ‘মে কুইন’ হিসেবে। এ ছাড়াও আয়ারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ফিনল্যান্ড, সুইডেন, আমেরিকা, হাওয়াই দ্বীপপুঞ্জতেও এই মে দিবস পালিত হয়।
ফাইল ছবি
বিশ্ব শ্রমিক দিবস : নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধার্ঘ্য
এবার আসা যাক বিশ্ব শ্রমিক দিবসের গল্পে। এই দিবসটির জন্যই কিন্তু তোমাদের স্কুল বন্ধ থাকে। আগে যে উৎসবের গল্প বললাম, সেটা ইউরোপের কিছু নির্দিষ্ট অঞ্চলের মানুষের উৎসব। আর বিশ্ব শ্রমিক দিবস পৃথিবীর সমস্ত শ্রমিকের জন্য, তাদের অধিকারের জন্য, তাদের সম্মানের জন্য পালিত একটি বিশেষ দিন।
যা হোক, গল্প শুরু করা যাক, কী বলো? ১৮ শতকে (১৮ শতক মানে ১৭০০- ১৭৯৯ সাল) পৃথিবীতে একটা বিশাল পরিবর্তন ঘটে। যান্ত্রিক সভ্যতার এত উন্নতি হলো, মানে বিজ্ঞানীরা এমন এমন সব যন্ত্র আর কল নির্মাণ করলেন যে, প্রকৃতি অনেকটাই মানুষের নিয়ন্ত্রণে চলে এলো। এর আগে পর্যন্ত মানুষ ছিল মূলত কৃষিজীবী। এইবার মানুষ হলো যন্ত্রনির্ভর। মানুষ কৃষিসভ্যতা থেকে প্রবেশ করলো যন্ত্রসভ্যতায়। মানবসভ্যতার এই পরিবর্তনটিই শিল্পবিপ্লব নামে পরিচিত। বিশাল বিশাল সব কল-কারখানা তৈরি হতে থাকলো। আর সেসব কল- কারখানায় কাজ করে হাজারো মানুষ। আর এইখানেই লাগলো যতো গোল।
কল-কারখানার কাজ তো বোঝোই-- যেমন পরিশ্রমের, তেমনি কষ্টের। গরমের মধ্যেই ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হয়। ওদিকে মালিকপক্ষও লাভের মুখ দেখলো। এবার তারা লাভ কীভাবে আরও বাড়ানো যায়, সেই চেষ্টা করতে লাগলো। এখন শ্রমিকরা যতো বেশি সময় কাজ করবে, উৎপাদনও ততো বেশি হবে। কাজে কাজেই লাভও ততো বেশি হবে। সুতরাং তারা শ্রমিকদের দিয়ে ইচ্ছেমতো খাটিয়ে নিতে লাগলো। দিনে ১৮ ঘণ্টা-২০ ঘণ্টা কাজ করাতে লাগলো। কী অত্যাচার, চিন্তা করো! তাও না হয় মানা যেত, যদি তুলনামূলকভাবে পারিশ্রমিকও ভাল দিত, তাই না? কিন্তু শ্রমিকদেরকে তারা পারিশ্রমিকও দিত খুবই অল্প। ফলে যা হবার তাই হলো, শ্রমিকরা প্রতিবাদ করতে শুরু করলো। আর মালিকরাও বিদ্রোহী শ্রমিকদের উপর শুরু করল অত্যাচার।
এই শ্রমিক বিদ্রোহে সেই সময় অকাতরে প্রাণ দিয়েছিলেন অসংখ্য শ্রমিক। তাদের আন্দোলনের মূল দাবি ছিলো- একজন শ্রমিক দিনে সর্বোচ্চ আট ঘণ্টা কাজ করবে, এর বেশি নয়। মালিকরা শ্রমিকদের দাবি উপেক্ষা করায় ১৮৮৬ সালের ১ মে মার্কিন মুলুকে অর্থাৎ আমেরিকায় ধর্মঘটের ডাক দিয়েছিল এই শ্রমজীবি মানুষেরা। আর এই ধর্মঘটের প্রধান কেন্দ্র ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহর। কি হয়েছিল সেদিন শিকাগো শহরে? হ্যাঁ, সেটিই আজকের মূল গল্প।
১৮৮০ থেকে ১৮৯০ সাল-- আমেরিকার শিল্পোন্নয়নের সময়। কিন্তু এরমধ্যেও একবার মন্দা দেখা দিয়েছিল ১৮৮৪-৮৫ সালের দিকে। তখন অনেক কল কারখানাই বন্ধ হয়ে গিয়েছিল। ফলে বহু শ্রমিক বেকার হয়ে পড়ে। এরপরই শ্রমিকরা ৮ ঘণ্টা শ্রমের দাবিতে আরও বেশি সোচ্চার হয়ে উঠল। কিন্তু এই দাবি মানলে যে মালিকদের ক্ষতিই হয়! তারা এই দাবি মানলো না। কী আর করা, শ্রমিকরা ১৮৮৬ সালের ১ মে ৮ ঘণ্টা কাজের দাবিতে ধর্মঘট শুরু করল।
১ মে ১৮৮৬। শিকাগো শহরকে কেন্দ্র করে প্রায় সাড়ে ৩ লাখ শ্রমিক মিশিগান এভিনিউ-এ মিছিলে যোগদানের প্রস্তুতি নিচ্ছে। সব দেখেশুনে মালিকেরা তো ভয়ই পেয়ে গেল। তারা শান্তিরক্ষার নামে পুলিশ বাহিনীকে লেলিয়ে দিল শ্রমিকদের বিরুদ্ধে। কিন্তু শ্রমিকদের সেদিনের ধর্মঘট সাফল্যের সঙ্গেই পালিত হলো। এরপরে ৩ মে ধর্মঘট আরও ব্যাপক আকার ধারণ করল। সেদিন তো ম্যাক করমিক নামের এক প্রতিষ্ঠানের ফসলকাটা শ্রমিকরা পুলিশের মোকাবিলা করেই শ্রমিক সভা করল। আর সভা চলার সময়ে পুলিশ সভাস্থলে নির্বিচারে গুলি করল। ওখানেই মারা গেল ৬ জন শ্রমিক। আহত হলো অনেকেই।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ৪ মে ‘হে’ মার্কেট চত্ত¡রে বিশাল এক শ্রমিক সমাবেশ ডাকা হলো। আর এই সমাবেশেই ঘটল সবচেয়ে বড় অঘটন। সমাবেশ চলছে, এরই মধ্যে কে বা কারা পাশে দাঁড়িয়ে থাকা পুলিশবাহিনীর দিকে একটি বোমার বিস্ফোরণ ঘটাল। আর যায় কোথায়, মালিকপক্ষের অনুগত পুলিশবাহিনী তো এরকমই একটা কিছুর অপেক্ষা করছিল। ওরা এবার সমানে গুলি চালাতে লাগলো। আর বেপরোয়া লাঠিচার্জ। সম্ভবত বোমাটিও পুলিশদের কেউ বা মালিকপক্ষের কোনো গুপ্তচর ছুঁড়ে মেরেছিল। যাতে শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিতে পারে। ওদের ছত্রখান করে দেয়া যায়। ছুঁতো ছাড়া তো আর ওই কাজ করা যায় না, তাই না? একটা অজুহাত তো অন্তত দরকার।
এই দিন শিকাগো শহরের হে মার্কেটের সামনে থেকে ৪ জন শ্রমিক নিহত হন। গ্রেফতার করা হয় ১৬ জনকে। পরবর্তীতে ১৮৮৭ সালের ২১ জুন তাদের বিচার শুরু হয়। একে অবশ্য বিচার না বলে প্রহসনই বলা ভালো। ঐ বছরেরই ৯ অক্টোবর ঘোষিত হয় বিচারের রায়। তাতে আরও ৬ জনকে ফাঁসি দেয়া হয়। ৩ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এর ফল হয় আরও ভয়াবহ। পুরো বিশ্বের শ্রমিকরাই এবার ঐক্যবদ্ধ হতে থাকে। শিকাগোর এই আন্দোলন ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। বিশ্বের সকল শ্রমিক শামিল হলো এই আন্দোলনে।
এই দূর্বার আন্দোলনের সামনে অবশেষে নতজানু হতে হলো কল-কারখানার মালিকদের। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমিকদের কিছু মৌলিক দাবি ও অধিকার স্বীকৃত হতে শুরু করল। ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক শ্রম সংগঠনের একটি সম্মেলন। তাতে শ্রমিকদের দৈনিক কাজের সময় ৮ ঘণ্টা ও সপ্তাহে ১ দিন ছুটির বিধি রেখে তৈরি হলো প্রথম শ্রম আইন।
১৮৮৯ সালের ১৪ জুলাই আন্তর্জাতিক কংগ্রেসে সিদ্ধান্ত হয় ১ মে শিকাগোর আন্দোনে প্রাণ দেওয়া শ্রমিকদের স্মরণে মে দিবস পালন করার। পরের বছরেই ১৮৯০ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশে প্রথম মে দিবস পালিত হয়। অবশ্য পরের বছর থেকেই আমেরিকা আর কানাডা সেপ্টেম্বরে শ্রমিক দিবস পালন করতে শুরু করে।
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমাদের দেশে ১ মে সরকারি ছুটি হিসেবে পালিত হয়ে আসছে-- বিশ্ব শ্রমিক দিবস নাম নিয়ে। কিন্তু শুধু সরকারি ছুটি হিসেবে পালন করলেই কী শ্রমিক দিবস পালন করা হয়ে যায়? উঁহু, শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে হবে, তাদেরকে দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না, ৮ ঘণ্টার বেশি কাজ করলে বেতনের চেয়ে বেশি হিসেব করে ওভারটাইম মজুরি দিতে হবে-- এসবই যদি না করা হয়, তাহলে শ্রমিক দিবস পালন করে লাভটাই বা কী বলো? ভাবছো, তোমাদেরকে এসব কঠিন কঠিন কথা কেন বলছি? আরে, তোমরা কী আর আজীবন ছোট থাকবে নাকি? তোমরা বড়ো হবে না? তখন তো দেশের দায়িত্বও তোমরা কাঁধে তুলে নেবে। তখন তোমরা যদি চাও, শ্রমিকরা কী আর তাদের এই অধিকারগুলো পাবে না?
