২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিভিউ: কেটি অ্যান্ড দ্য বিগ স্নো

বইয়ের নাম: কেটি অ্যান্ড দ্য বিগ স্নো লেখক: ভার্জিনিয়া লী বার্টন প্রকাশক: HMH Books for Young Readers ছোট্ট শহর জিওপোলিস-এ সব্বাই কেটি-কে চিনে। আর চিনবে নাই বা কেন, কেটির মতোপরোপকারী আর কে আছে? যে কোনো দরকারেই তাই ওর খোঁজ পড়ে। তোমরা নিশ্চয়ই ভাবছ কেটি একটি লক্ষ্মী ভালো মেয়ে? উঁহু! কেটি তা নয়। এমনকি, কেটি মানুষই নয়! কেটি হচ্ছে একটি ট্রাক্টর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>তাহসিনা সৈয়দা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 05:25 PM

Updated : 25 Apr 2022, 01:18 PM

তোমরা তো কত বইই পড়েছো, কিন্তু এমন বই কি কখনও পড়েছো যার মূল চরিত্র একটি ট্রাক্টর?!

তা, ট্রাক্টর হলেও কেটির মধ্যে কিন্তু বেশ দয়ামায়া আছে। নিজের শহর জিওপোলিসের জন্য সে কী না করে! যেখানেই দরকার সেখানেই নিজের হর্স পাওয়ার ব্যবহার করে কাজে লেগে যায়। কেটি সব কাজের কাজী। বুল ডোজার দরকার? হ্যাঁ, কেটি পারবে। একটা গাড়ি পুকুরে পড়ে গেছে? কেটি ওকে টেনে তুলতে পারবে নিজের যন্ত্রপাতি দিয়ে। শীতকালে বরফ পড়ে রাস্তাঘাট অচল হয়ে গেছে? ডাকো কেটিকে। ও ছাড়া কে পারবে এ বরফ-পরিষ্কার করতে?

যে কাজগুলোর কথা এতক্ষণ বললাম, এসব কাজ কেটির জন্য কিছুই না। কিন্তু এক শীতে হল কি, প্রচণ্ড ঠাণ্ডা পড়লো। আর সে-কি তুষারপাত! তুষার ঝড় যেন আর থামেই না। সাদা, মিহি তুষার পড়তে পড়তে জিওপোলিসের রাস্তাঘাট ঢেকে গেলো। তুষার জমতে জমতে বরফের পাহাড়! পথঘাট সব অচল। শহরের সব স্নো-প্লাও মানে তুষার-সরানো গাড়ি লেগে পড়লো কাজে। বরফ সেঁচা চলছেই। কিন্তু কত আর সেঁচা যায়? একটা একটা করে অন্য গাড়িগুলো ক্লান্ত হয়ে থেমে যেতে লাগল। একসময় এমন অবস্থা দাঁড়াল যে, শহরের কোনো গাড়িই চলতে পারছে না। একমাত্র কেটিই দাঁড়িয়ে আছে, একা!

একাই এতো বড় কাজের ভার কেটি নিজের কাঁধে নিয়ে নিলো! শহরের মানুষকে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব তারই।

নির্ঘুম রাতে কেটি বরফ ঠেলে চলল। ক্লান্তিতে ইঞ্জিন অবশ হয়ে আসতে চায়। চাকা আর চলতে চায় না। কিন্তু কেটি থামে না। অসংখ্য মানুষ যে ভরসা করে আছে তারই ওপর।

ট্রাক্টর কেটির এই অবিস্মরণীয় সংগ্রাম ও মানুষকে ভালোবাসার কাহিনী তোমরা পাবে ‘কেটি অ্যান্ড দ্য বিগ স্নো’ বইয়ে। বইটি লিখেছেন ভার্জিনিয়া লী বার্টন, যিনি পৃথিবীর সবচেয়ে পাঠকপ্রিয় শিশুসাহিত্যিকদের একজন। ছোটদের জন্য অনেকগুলো আশ্চর্য সুন্দর বই লিখেছেন তিনি।

‘কেটি অ্যান্ড দ্য বিগ স্নো’ বইটি প্রথম প্রকাশ হয় ১৯৪৩ সালে। বইটিতে আছে দারুণ মজার ও সুন্দর সব ছবি; কেটির কাজ করার ছবি আছে, জিওপোলিস শহরের ম্যাপও আছে। সব বয়সী ছেলেমেয়েরাই মজা পাবে। এমনকি তোমাদের মধ্যে যাদের বয়স মাত্র ৪-৫ বছর, তারাও পড়তে পারবে। বইটি যদিও ইংরেজি ভাষায় লেখা। তবে ইংরেজি সাহিত্যের ব্যাপক ও সমৃদ্ধশালী জগতে প্রবেশ করার জন্য এর থেকে সুন্দর দরজা আর হতেই পারে না।