বন-পাহাড়ের নববর্ষ
কিডজের বন্ধুরা, কি খবর? কেমন কাটছে নতুন বছরের নতুন দিনগুলো? নিশ্চয়ই খুব মজা করেছো। মজা তো করারই কথা। নতুন বছর আসলে তো মজা হয়-ই। তার উপর বৈশাখ এলে সঙ্গে করে নিয়ে আসে হরেক রকমের নতুন ফল আর তুমুল ঝড়। ঝড়ের মাঝে ফল কুড়োনোর মজাই তো আলাদা।
ওহ্ হো, একটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি। আমরা যেমন নববর্ষের উৎসবে মাতি তেমনি মাতেন আমাদের দেশের আদিবাসীরাও। তারাও আমাদের সঙ্গেই নববর্ষ উদযাপন করেন। মানে, তাদের বর্ষবরণও হয় পহেলা বৈশাখে। তবে সে বর্ষবরণ অবশ্য আমাদের মতো করে হয় না। তাদের ঐতিহ্য অনুযায়ী অনেক মজার বর্ষবরণ উৎসব হয়। চলো তাহলে শুনে আসি সেই বর্ষবরণের গল্প।
বাংলাদেশের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে আদিবাসীদের বাস। আচ্ছা, বলো তো, বাংলাদেশে কয়টি আদিবাসী গোষ্ঠী রয়েছে? মোটমাট ৩১টি। খুব অবাক হলে, না? এদের মধ্যে শুধু চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলাতেই ১১টি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস। ওদেরকে বলা হয় পাহাড়ি আদিবাসী। বৃহত্তর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলেও আদিবাসীরা গুচ্ছ গুচ্ছ আকারে বসবাস করে। আর বাস করে উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চলে। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে ছোট ছোট গোষ্ঠীতে তারা যুগ যুগ ধরে বংশ পরম্পরায় বসবাস করে আসছে। তবে বাংলাদেশে বাস করলেও তাদের জীবনধারা, সংস্কৃতি ও আচার আচরণ কিন্তু আমাদের থেকে আলাদা, সহজ সরল আর খুবই মিষ্টি। আর আমাদের মতো তাদেরও নিজস্ব মিষ্টি মিষ্টি ভাষা আছে।
তবে কি জানো, ওদের মধ্যে অনেকেই আবার বাংলা বর্ষপঞ্জি মেনে চলে না। অনেকে বর্মীপঞ্জি অর্থাৎ বার্মা বা মায়ানমারের বছরের হিসাব মেনে চলে। তবে বেশিরভাগ আদিবাসী অবশ্য বাংলা বর্ষপঞ্জি মতে নববর্ষ পালন করে। সেইসব আদিবাসীদের বর্ষবরণ উৎসব সম্পর্কে আজ জানবো আমরা।
চাকমাদের বিঝু
পার্বত্য চট্টগ্রামে ১১টি পাহাড়ী জনগোষ্ঠীর মধ্যে চাকমারা সংখ্যায় সবচেয়ে বেশি। রাঙামাটি, খাগড়াছড়ি আর বান্দরবানের পার্বত্য অঞ্চলে চাকমাদের বসবাস। তারা প্রায় সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী। আর তাদের প্রধান সামাজিক উৎসব ‘বিঝু’। বাংলা বর্ষপঞ্জি মতে বছরের শেষ দুইদিন ও নববর্ষের প্রথম দিন তাদের এই বিঝু উৎসব হয়। অর্থাৎ, চৈত্রের ২৯ ও ৩০ আর বৈশাখের ১ তারিখ। উৎসবের প্রথম দিন, অর্থাৎ ২৯ চৈত্র ফুল বিঝু আর দ্বিতীয় দিন, ৩০ চৈত্র মূল বিঝু। তবে ওদের আসল উৎসব হয় পহেলা বৈশাখে, ঠিক আমাদের মতো। ওদের ভাষায় অর্থাৎ চাকমা ভাষায় এদিনটার নাম গর্যাপর্যা দিন। মানে কি জানো? গড়াগড়ি খাওয়ার দিন!
বছরের প্রথম এই দিনে ওরা সবাই মাছ-মাংসসহ আরো নানা ভালো ভালো আর মজার মজার খাবার রান্না করে। কারণ ওদের বিশ্বাস, বছরের প্রথম দিনে ভালো ভালো খাবার-দাবার রান্না করলে সারা বছর আর কোনো অভাব অনটন থাকবে না। শুধু তাই না, ওরা আরো বিশ্বাস করে, এর ফলে ওদের ব্যক্তিজীবন ও পারিবারিক জীবনেও সমৃদ্ধি আসবে। অনেকে এই দিনে আবার পূজা করে। দিনের শেষে ছেলেমেয়েরা বয়স্কদের আশীর্বাদ নেয় আর মেয়েরা বয়স্কদের অর্থাৎ, বাবা-দাদাদের যত্ন করে গোসল করিয়ে দেয়। এভাবেই চাকমারা নববর্ষ পালন করে।
মারমাদের সাংগ্রাইং পোয়ে
মারমাদের বর্ষবরণ উৎসবের নাম সাংগ্রাইং পোয়ে। আচ্ছা, মারমারা আমাদের দেশে কোথা থেকে এসেছে, জানো? বহু বছর আগে ওরা এসেছে মায়ানমারের পেগুরাজ্য থেকে। তারপর পার্বত্য চট্টগ্রামে এসে বসতি স্থাপন করেছে। মজার ব্যাপার হচ্ছে, ওরা আমাদের সঙ্গে বর্ষবরণ করলেও ওরা কিন্তু আমাদের বাংলা পঞ্জিকা, মানে ক্যালেন্ডার অনুসরণ করে না। ওরা মেনে চলে বর্মীপঞ্জি, অর্থাৎ বার্মা (বর্তমান মায়ানমার) ক্যালেন্ডার। কিন্তু ঠিকই আমাদের পহেলা বৈশাখেই সাংগ্রাই পালন করে। এই অনুষ্ঠানটি চারদিনের হলেও মারমাদের মধ্যে কিন্তু পুরো সপ্তাহজুড়েই উৎসবের আমেজ থাকে। উৎসবের প্রথম দিনকে ওরা বলে সাংগ্রাইং অ্যাক্রো। এইদিন মারমা কিশোরীরা খুব ভোরে উঠে ফুল দিয়ে ঘর সাজাতে থাকে। আর গৃহিণীরা ঘরদোর আর ঘরের সব জিনিসপত্র ধুয়ে-মুছে পরিস্কার করে একদম চকচকে রাখে। আর বয়স্করা এদিনে বৌদ্ধমন্দিরে গিয়ে উপোস করে। মানে, সারাদিন কিছুই খায় না, শুধু পূজা-অর্চনা করে।
তোমরা অনেকেই নিশ্চয়ই মারমাদের পানি ছোঁড়াছুঁড়ির উৎসবের কথা শুনেছো। সাংগ্রাইং অ্যাক্রেই বা পূর্ণতার দিনে এই মৈত্রী পানিবর্ষণ উৎসব অনুষ্ঠানটির আয়োজন করা হয়। কিন্তু গোয়াইন বুদ্ধমূর্তিকে গোসল করানোর আগে এই ঐতিহ্যবাহী মৈত্রী পানিবর্ষণ উৎসব হয় না। বুদ্ধমূর্তিকে গোসল করানোর পরই শুরু হয় এই উৎসব। এই উৎসবকে মারমা ভাষায় বলে ‘মইতা রিলং পোয়ে’। পুরনো বছরের সমস্ত কালিমা ধুয়ে ফেলে অপরজনকে মৈত্রী বা বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছা জানাতেই তারা একজন আরেকজনের গায়ে পানি ছুঁড়ে ভিজিয়ে দেয়। এভাবে সবাই পুরোনো বছরের সব কালিমা ধুয়ে নতুন করে নতুন বছর শুরু করে। সন্ধ্যায় তারা বৌদ্ধমন্দিরে মোমবাতি জ্বালিয়ে নতুন বছরের সুখ ও সমৃদ্ধি কামনা করে। উৎসবের শেষ দিনকে ‘সাংগ্রাইং অ্যাথা’ বা প্রস্থান বলা হয়। বিদায় বললেও উৎসব কিন্তু সেদিনই শেষ হয় না। এরপরও আরো বেশ কিছুদিন ধরে আনন্দ উৎসব করে যায় মারমারা।
ত্রিপুরাদের বর্ষবরণ উৎসবের নাম বৈসুভিম। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান-- তিনটি পার্বত্য জেলাতেই ত্রিপুরারা ছড়িয়ে ছিটিয়ে বাস করে। তবে খাগড়াছড়িতেই ওদের জনসংখ্যা সবচেয়ে বেশি। ত্রিপুরাদের আদিনিবাস কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যে। ওরাও চাকমাদের মতোই চৈত্রের শেষ দুইদিন ও নববর্ষের প্রথম দিন- এ তিন দিন বৈসু উদযাপন করে। উৎসবের প্রথম দিনকে ওরা বলে হারিবৈসু, দ্বিতীয় দিনকে বৈসুম্মা আর তৃতীয় দিনকে, অর্থাৎ পহেলা বৈশাখের দিনটিকে বলে বৈসুভিম। পুরোনো বছরের গ্লানি, জরা আর হতাশা ঝেড়ে নতুন বছরকে বরণ করে নেয়ার মধ্য দিয়ে নতুন প্রাপ্তির প্রত্যাশায় মঙ্গল কামনা ও আশীর্বাদ নেওয়ার দিন হচ্ছে বৈসুভিম। বড়োরা এদিন ছোটদেরকে আশীর্বাদ করে। আর কিশোরীরা কলসি কাঁখে নিয়ে বড়োদের খুঁজে খুঁজে গোসল করায়। তরুণ-তরুণীরা রঙ খেলায় মেতে ওঠে। একজন আরেকজনকে রং ছিটিয়ে রঙিন করে দিয়ে গোসল করে আবারো আনন্দে মেতে ওঠে।
তঞ্চঙ্গ্যাদের বৈসু
তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ অনেকটা চাকমাদের মতোই। বান্দরবান ও রাঙামাটির পার্বত্য অঞ্চলে তঞ্চঙ্গ্যারা বাস করে। সামাজিক ও সাংস্কৃতিক মিল থাকায় অনেকে বলেন তঞ্চঙ্গ্যারা চাকমাদেরই আরেকটি অংশ। তবে এটা কিন্তু ঠিক না। তঞ্চঙ্গ্যারা একটি আলাদা জনগোষ্ঠী। বাংলা ভাষা আর আসামি ভাষায় অনেক মিল আছে বলেই কি আর বাংলা আর আসামি একই ভাষা, বলো?
আগেই বলেছি, তঞ্চঙ্গ্যাদের নববর্ষের উৎসব হয় অনেকটা চাকমাদের মতোই। দেখো না, পহেলা বৈশাখের দিনকেও ওরা চাকমাদের মতোই গর্যাপর্যা দিন বলে। আর ওরাও উৎসব করে ওই তিন দিন ধরেই। নববর্ষের দুইদিন আগেই মেয়েরা বন থেকে ফুল সংগ্রহ করে সেই ফুল দিয়ে ঘর সাজায়। আর উৎসব উপলক্ষে হরেক রকমের পিঠাও বানানো হয়। গৃহিণীরা তাদের বাড়ীঘর ও ঘরের রাজ্যের জিনিসপত্র পরিস্কার করে ঝকঝকে তকতকে করে রাখে। আর পরদিন ভোরে সবাই গোসল করে নতুন জামা-কাপড় পরে খুব আনন্দ-ফ‚র্তি করে। ঘরে ঘরে ওদের নিজস্ব ঐতিহ্যবাহী খাবার আর পিঠার আয়োজন করে। রাতে ‘ঘিলা’ নামের এক খেলায় মেতে ওঠে সবাই। আর সেই সঙ্গে গ্রামে গ্রামে বসে লোকজ গানের আসর।
পহেলা বৈশাখে, অর্থাৎ গর্যাপর্যা দিনে চাকমাদের মতো তঞ্চঙ্গ্যারাও পুজা করে। তরুণ তরুণীরা বয়স্কদের স্নান করায়। আর কিশোর কিশোরীরা বয়স্কদের আশীর্বাদ নেয়। সব গৃহিণীরা লক্ষীপূজা করে। অনেকে আবার এই উৎসবে মন্দিরে গিয়ে উপোস করেন। এভাবেই নববর্ষের উৎসব পালন করে তঞ্চঙ্গ্যারা।
ম্রো বা মুরংদের চাক্রান বা চাংক্রান
ম্রো বা মুরংরা বর্ষবরণের এই উৎসবকে বলে ‘চাক্রান’ বা ‘চাংক্রান’। ওরা কিন্তু সবগুলো পার্বত্য জেলায় বাস করে না, ওরা বাস করে শুধু বান্দরবানে। ওখানে ওরা বাস করছে সেই আদ্দিকাল থেকে। ওরা আবার আরাকানি পঞ্জিকা মানে তো, তাই ওরা ম্রাইমাব্দ অনুযায়ী চাক্রান উদযাপন করে। তবে ওরাও তিন দিন ব্যাপী বাংলা নববর্ষ পালন করে।
চাক্রান চিং বা পিয়োনীর আগের দিন মেয়েরা বন থেকে ফুল সংগ্রহ করে খোঁপায় ফুল গুঁজে রাখে। ঘরদোরের পাশাপাশি ওরাও ওদের বৌদ্ধমন্দিরগুলো ফুল দিয়ে সাজায়। আর রাতে ধুম পড়ে পিঠা বানানোর। মূল উৎসবের দিন মুরং তরুণ-তরুণী আর কিশোর- কিশোরীরা বন থেকে ফুল তুলে আনে। ওদিকে তাদের সবার ঘরে ঘরে পিঠা ও ভালো ভালো খাবারের আয়োজন করে মায়েরা। মন্দিরগুলো তো ফুল দিয়ে আগেই সাজানো হয়। এদিন ওরা বাঁশি বাজিয়ে ‘পুষ্প নৃত্য’ করতে করতে মন্দির প্রদক্ষিণ করে। ম্রো সমাজে আবার লাঠি খেলা খুবই জনপ্রিয়। চাংক্রানের মূল দিনে তারা এই খেলাও খুব খেলে।
চাংক্রানের শেষ দিনে ম্রোরা আবার ফুল দিয়ে মন্দির সাজায়। তারপর সেখানে উপাসনা করে। সারাদিন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয় তাদের এই উৎসব।
কী, শুনলে তো, আমাদের দেশের পাহাড়ের মিষ্টি মিষ্টি আর সহজ সরল আদিবাসীরা কিভাবে নববর্ষ উদযাপন করে? ওদের নববর্ষের উৎসবে আনন্দ আর হৈ-হুল্লোড় কিন্তু কোনো অংশেই আমাদের চেয়ে কম হয় না। কোনো কোনো অংশে ওদের আনন্দটা আমাদের চেয়ে বেশিই হয়। খুব যেতে ইচ্ছে হচ্ছে? বেশ তো, আরেকটু বড়ো হও। তখন তোমরাও যাবে, আর ওদের সঙ্গে বর্ষবরণও করে আসবে। তবে সে জন্য তোমার দু-একজন আদিবাসী বন্ধুও কিন্তু থাকা চাই। নয়তো, তুমি যদি কাউকে না-ই চেনো, উৎসবে যোগ দেবে কিভাবে?
