২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের প্রথম সরকার

১৭ এপ্রিল আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। কী কারণে? ১৭ এপ্রিল হল মুজিবনগর দিবস। সেদিন আমাদের মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকার গঠিত হয়। কী, শুনবে সেই গল্প? আরে, আজ তো তোমাদের সেই গল্পই শোনাতে বসেছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> নাবীল অনুসূর্য

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2015, 04:31 PM

Updated : 12 Oct 2022, 03:33 PM

২৫ মার্চ ১৯৭১। আমাদের ইতিহাসের কালরাত। সে রাতে, পাকবাহিনীর গণহত্যা চলাকালে, মানে ‘অপারেশন সার্চলাইট’-এর অংশ হিসেবে, গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার আগে, ২৬ মার্চের প্রথম প্রহরে, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। পরে ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দেন। বহির্বিশ্বের কাছেও পৌঁছে যায় আমাদের মুক্তিযুদ্ধের বারতা। সে যাই হোক, আমরা আসল গল্পে চলে যাই, চলো।

অপারেশন সার্চলাইটের অন্যতম উদ্দেশ্যই ছিল, স্বাধীনতাকামী বাঙালিদের হত্যা করা। কাজেই তখনকার আওয়ামী লীগের অন্যতম নেতা তাজউদ্দীন আহমদ তার বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন। পালিয়েই পরিকল্পনা আঁটতে শুরু করলেন, কীভাবে কী করা যায়। ঠিক করলেন, দেশ স্বাধীন করতে হবে। এ জন্য প্রথমে দরকার আত্মরক্ষা, তারপর প্রস্তুতি এবং সবশেষে হানতে হবে পাল্টা আক্রমণ। কিন্তু কীভাবে?

৩০ মার্চ ১৯৭১, সন্ধ্যা। তাজউদ্দীন আহমদ ফরিদপুর-কুষ্টিয়া হয়ে পাড়ি জমালেন ভারতের পশ্চিম বাংলার উদ্দেশে। সঙ্গে ছিলেন ব্যারিস্টার আমীর-উল-ইসলাম। ৩১ মার্চ মেহেরপুর সীমান্ত অতিক্রম করে পৌঁছালেন ভারতে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ওই অঞ্চলের মহাপরিদর্শক গোলক মজুমদার তাদের নিরাপদ আশ্রয়ের বন্দোবস্ত করলেন।

খবর পেয়ে চলে এলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক কে এফ রুস্তামজী। তাজউদ্দীনের সঙ্গে আলাপ-আলোচনা করলেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে। ততদিনে তো মুক্তিযুদ্ধ একরকম শুরু হয়েই গেছে, কেবল যুদ্ধটা পরিকল্পিতভাবে করা হচ্ছিল না। সবাই নিজের মতো করে যুদ্ধ করছে। তিনি রুস্তামজীকে বললেন, মুক্তিযোদ্ধাদের সহায়তা করতে। কিন্তু রুস্তামজীর যে কিচ্ছু করার নেই। ভারত সরকারের আদেশ না পেলে তিনি আরেক দেশের মানুষকে কীভাবে সাহায্য করবেন? তার ট্রেনিং দেওয়ার উপায় নেই, অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করারও উপায় নেই। তবে দিল্লির সঙ্গে যোগাযোগ করলে, সেখান থেকে রুস্তামজীকে বলা হল, তাজউদ্দীনসহ দিল্লিতে চলে আসতে। ভারতের সে সময়কার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাজউদ্দীনের সঙ্গে বৈঠকে বসবেন।

ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠকের আগেই, তাজউদ্দীন ভারত সরকারের উচ্চপদস্থ কয়েকজনের সঙ্গে কয়েক দফা বৈঠক করলেন। তিনি বাংলাদেশের পুরো পরিস্থিতি বুঝিয়ে বললেন তাদের। সঙ্গে এ-ও বললেন, এখন প্রতিবেশী দেশটির কাছ থেকে কী কী সহযোগিতা দরকার। তখন তিনি উপলব্ধি করলেন, আওয়ামী লীগের একজন নেতা হিসেবে এই দাবি জানালে, খুব বেশি কিছু পাওয়া যাবে না। কারণ, আওয়ামী লীগ তো আর বাংলাদেশ না; আওয়ামী লীগ বাংলাদেশের একটি রাজনৈতিক দল। তার বদলে, বাংলাদেশ সরকার গঠন করে, সেই সরকারের পক্ষ থেকে ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলে, দাবি পেশ করলে তিনি সহায়তা করতে পারবেন। সব মিলিয়ে এটা তার কাছে পরিষ্কার হয়ে গেল, গুছিয়ে স্বাধীনতা সংগ্রাম করতে হলে, স্বাধীন সরকার গঠনের কোনো বিকল্প নেই।

এরপর স্বাধীন সরকার গঠনের পরিকল্পনা শুরু করলেন তাজউদ্দীন আহমদ। এদিকে দলের সর্বোচ্চ নেতা শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে। প্রবীণ নেতাদের অনেকেরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাজউদ্দীন তখন নিজের কাঁধেই গুরুভার তুলে নিলেন। দিল্লিতে সমবেত আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গে এক জরুরি আলোচনা সেরে ফেললেন। তারপর, সেই আলোচনার পথ ধরেই ইন্দিরা গান্ধীর সঙ্গে আলোচনায় বসলেন। ইন্দিরা গান্ধীকে জানালেন, শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণার সঙ্গে সঙ্গে স্বাধীন বাংলাদেশ সরকার গঠনেরও পরিকল্পনা হয়ে গেছে। মুজিব-ইয়াহিয়ার বৈঠকে যাদের যোগ দেওয়ার কথা ছিল, তারা ওই মন্ত্রিসভার সদস্য। আর তিনি নিজে এই সরকারের প্রধানমন্ত্রী। সে সরকারের অধীনে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্যও ইন্দিরা গান্ধীকে অনুরোধ করেন তাজউদ্দীন। এভাবেই, অস্থায়ী সরকারের পরিকল্পনা শুরু হয়ে গেল।

বৈঠক শেষ করে তাজউদ্দীন চলে এলেন কুষ্টিয়া সীমান্তে। সেখানে, আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এক অধিবেশন আহ্বান করলেন। সে অধিবেশনে, সর্বসম্মতিক্রমে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ গঠিত হল।

এই মন্ত্রিপরিষদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল ১০ এপ্রিল। অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম আর উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। শেখ মুজিব তো তখন পাকিস্তানের কারাগারে। তাই, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পড়ল উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের কাঁধে। প্রধানমন্ত্রী হলেন তাজউদ্দীন আহমদ। মন্ত্রিপরিষদের বাকি তিন সদস্য- ক্যাপ্টেন এম মনসুর আলী, খোন্দকার মোশতাক আহমদ এবং এ এইচ এম কামরুজ্জামান। পরের দিন, মানে ১১ এপ্রিল, সেনাপ্রধান হিসেবে ঘোষণা করা হল কর্নেল এম এ জি ওসমানীর নাম আর সেনাবাহিনীর চিফ অফ স্টাফ হিসেবে ঘোষণা করা হয় কর্নেল আবদুর রবের নাম।

১৭ এপ্রিল ১৯৭১। কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথতলার আমবাগান। হ্যাঁ, সেদিন সেখানেই স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। সেদিন খুব সকাল থেকেই আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেন। সেখানে ছিলেন দেশি-বিদেশি প্রায় অর্ধশতাধিক সাংবাদিকও।

সকাল ১১টায় শুরু হল অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই হল কোরআন তেলাওয়াত, তারপর পরিবেশিত হল জাতীয় সংগীত। এরপর শুরু হল মূল অনুষ্ঠান। প্রথমেই বাংলাদেশকে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ হিসেবে ঘোষণা করা হল। তারপর দেশের অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার বাকি তিন সদস্যকে পরিচয় করিয়ে দেওয়া হল। তাদের পরে পরিচয় করিয়ে দেওয়া হল সেনাপ্রধান আর সেনাবাহিনীর চিফ অফ স্টাফের সঙ্গে। এরপরে পাঠ করা হল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র। এই ঘোষণাপত্র অবশ্য ১০ এপ্রিলই প্রচার করা হয়েছিল। আর এর কার্যকারিতা ঘোষণা করা হয় আরও আগে থেকে, ২৬ মার্চ ১৯৭১ থেকে।

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপট বর্ণনা করেন। শেষ করেন এভাবে- ‘বিশ্ববাসীর কাছে আমরা আমাদের বক্তব্য পেশ করলাম। বিশ্বের আর কোনো জাতি আমাদের চেয়ে বেশি স্বাধীন রাষ্ট্র্রের স্বীকৃতির দাবিদার হতে পারে না। কেননা, আর কোনো জাতি আমাদের চাইতে কঠোরতর সংগ্রাম করেনি, অধিকতর ত্যাগ স্বীকার করেনি। জয় বাংলা।’

এভাবেই গঠিত হল স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। এই সরকারের নেতৃত্বে, নির্দিষ্ট পরিকল্পনা সামনে রেখে চলতে লাগল আমাদের মুক্তিযুদ্ধ। তারা দেশে যেমন মুক্তিযুদ্ধের সমন্বয় করতে লাগলেন, তেমনি দেশের বাইরেও কার্যক্রম চালাতে লাগলেন। বিভিন্ন দেশের স্বীকৃতি আর সহায়তা লাভের জন্যও প্রচারণা শুরু করলেন।

বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠনের ইতিহাস তো শুনলে। এখন, গল্প শেষ করার আগে, চলো এই অস্থায়ী সরকারের কাঠামোটি সংক্ষেপে দেখে নেই।

রাষ্ট্রপতি- শেখ মুজিবুর রহমান

উপ-রাষ্ট্রপতি- সৈয়দ নজরুল ইসলাম (রাষ্ট্রপতির অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি)

প্রধানমন্ত্রী- তাজউদ্দীন আহমদ

মন্ত্রিসভার অন্যান্য সদস্য- এ এইচ এম কামরুজ্জামান, ক্যাপ্টেন এম মনসুর আলী, খোন্দকার মোশতাক আহমদ

সেনা প্রধান- কর্নেল এম এ জি ওসমানী

মন্ত্রণালয়- ১২টি (প্রতিরক্ষা; পররাষ্ট্র; অর্থ, শিল্প ও বাণিজ্য; মন্ত্রিপরিষদ সচিবালয়; সাধারণ প্রশাসন; স্বাস্থ্য ও কল্যাণ; তথ্য ও বেতার; স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন; সংসদ বিষয়ক বিভাগ; কৃষি ও প্রকৌশল)

রাষ্ট্রীয় ভাষা- বাংলা

তথ্যসূত্র: আত্মকথা (১৯৭১)- নির্মলেন্দু গুণ; আমার ছেলেবেলা ১৯৭১ এবং বাবা তাজউদ্দীন আহমদ- সিমিন হোসেন রিমি; মূলধারা ৭১- মঈদুল হাসান; বাংলাদেশ সরকার ১৯৭১- হোসেন তওফিক ইমাম; লক্ষ প্রাণের বিনিময়ে- রফিকুল ইসলাম বীর উত্তম; একাত্তরের রণাঙ্গন- শামসুল হুদা চৌধুরী।