২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাফিক নভেলে বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে প্রকাশিত হলো তার জীবনীনির্ভর গ্রাফিকা নভেল ‘মুজিব’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 04:38 PM

Updated : 12 Oct 2022, 03:27 PM

কমিক বইয়ের পাতায় ‘সুপারহিরো’দের বীরত্বগাঁথার অভাব নেই পৃথিবীতে। রঙ্গিন প্রচ্ছদে মোড়ানো কমিকগুলোয় তাদের কাল্পনিক সাহসিকতার আলেখ্য আলোড়িত করে শিশু-কিশোর এবং তরুণদের। এবার তাদের পাশে জায়গা করে নিলেন এক বাস্তব ‘সুপারহিরো’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর জন্মদিনে উন্মোচিত হল তাঁরই লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’কে ভিত্তি করে নির্মিত হলো গ্রাফিক নভেল, যার নাম ‘মুজিব’।

১৭ই মার্চ সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর উদ্যোগে নির্মিত গ্রাফিক নভেল ‘মুজিব’-এর মোড়ক উন্মোচিত হয় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর’-এ।

নভেলটির মোড়ক উন্মোচন করতে এসেছিলেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের ট্রাস্টি, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার ছেলে জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক।

১৯৬৭ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী মুজিবুর রহমান তাঁর আত্মজীবনী লেখা শুরু করেন। সেটি অসমাপ্তই রয়ে গেছে শেষ পর্যন্ত, তবু এর মধ্যেও উঠে এসেছে তাঁর শৈশব, বিপ্লবী তরুণ বয়সী দিনগুলো, কারাজীবন এবং সর্বোপরি তার ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠা।

গ্রাফিক নভেলটি নিয়ে কথা বলতে গিয়ে পরিবারের সবার কাছে ববি নামে পরিচিত রাদওয়ান স্মরণ করেন তার ছোটবেলার দিনগুলো-- “আমার নানা-নানী, মামা-মামী কাউকেই দেখার সুযোগ হয়নি; যেহেতু আমার জন্ম ১৯৮০ সালে। ছোটবেলায় মা’র কাছ থেকে নানার অনেক গল্প শুনতাম। নানার জন্মদিনে গ্রাফিক নভেলটি দেখতে পেয়ে আমার মনে হচ্ছে আমি খুব সুন্দর একটি উপহার পেয়েছি।”

নতুন প্রজন্ম, বিশেষ করে শিশু-কিশোরদের সঠিক ইতিহাস জানাতে গ্রাফিক বইটি দারুণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন রাদওয়ান।

‘মুজিব’ গ্রাফিক নভেলটির চিত্রায়ণে ছিলেন সৈয়দ রাশাদ ইমাম তন্ময় এবং এ বি এম সালাহউদ্দিন ষুভ।

তন্ময় বলেন, “ধন্যবাদ দিতে চাই সিআরআইকে, যারা এরকম একটি গুরুভার আমাদের উপর দেওয়ার আস্থা রেখেছেন। তরুণ শেখ মুজিবুর রহমানের যে বঙ্গবন্ধু হয়ে ওঠার গল্প, সেটা আসলেই অসাধারণ এবং এই গল্পকে সংলাপে, রঙ তুলিতে তুলে ধরতে পেরে আমরা সত্যিই গর্বিত।”

১২ খণ্ডে সমাপ্য নভেলটির প্রথম সংখ্যায় স্থান পেয়েছে বঙ্গবন্ধুর শৈশবের গল্প, তাঁর চোখে প্রথম চশমা ওঠা, জেলজীবন। পরবর্তীতে বের হবে তাঁর রাজনৈতিক জীবন এবং স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে তাঁর ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার গল্প।

বঙ্গবন্ধুর অনুপ্রেরণা শিশু-কিশোরদের দারুণ আকর্ষণ করবে, সেটাও উঠে এলো তন্ময়ের বক্তব্যে, “একজন সাধারণ মানুষ যে কিভাবে একটি স্বাধীন দেশের স্থপতি হয়ে উঠতে পারে সেই গল্প নতুন প্রজন্মকে অনেক অনুপ্রাণিত করবে।”

এদিকে সুপারহিরো হিসেবে বঙ্গবন্ধুকে খুঁজে পাওয়ার কথা জানালেন শুভ-- “একদিন মজা করতে করতে আলোচনা করছিলাম একটা কমিক বের করার, লোকাল কোনো সুপারহিরো নিয়ে। কি আঁকবো, কাকে আঁকবো- এ নিয়ে অনেক চিন্তা-ভাবনা করে বের করলাম যে বঙ্গবন্ধুকে আঁকা যায়।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রম্য পত্রিকা ‘উন্মাদ’ এর সম্পাদক, কার্টুনিস্ট আহসান হাবীব। নভেলটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ পেল তার বক্তব্যে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন স্মরণ করে তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, বাংলাদেশের প্রথম বায়োগ্রাফিকাল গ্রাফিক নভেল বের হল বঙ্গবন্ধুর জন্মদিনে, এবং সেটা বঙ্গবন্ধুকে নিয়েই।”

গ্রাফিক নভেল হলেও ‘মুজিব’ কোনো অবাস্তব ঘটনাবলীর উপর লেখা নয় বলেই জানালেন বিশিষ্ট কার্টুনিস্ট রফিকুন নবী, “গ্রাফিক নভেল নাম শুনেই কিন্তু এটিকে কাল্পনিক মনে হতে পারে। কিন্তু বঙ্গবন্ধু হলেন বাস্তব।”

নভেলটি শিশু-কিশোরদেরকে বঙ্গবন্ধুর ব্যাপারে ভালভাবে জানতে সাহায্য করবে, এমন কথাও ব্যক্ত করলেন তিনি, “আবেগ ছাড়া বঙ্গবন্ধুকে উপস্থাপন করা খুব কঠিন। ছোট্ট বাচ্চারা এই বইটি পড়েই চিনতে পারবে বঙ্গবন্ধুকে।”

মোড়ক উন্মোচন করার আগেই অবশ্য বইটি পড়তে দেওয়া হয় কয়েকজন কিশোরকে। তারা বইটি নিয়ে নিজের মন্তব্য জানান। তাদের মধ্যে ন্যাশনাল আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র আনজুমা তারজিল শাকিল বলেন, “বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইয়ের সংখ্যা খুবই সামান্য। তাঁকে নিয়ে এরকম গ্রাফিক নভেলের মত আরও অনেক বই লেখা উচিত।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদা রহমান, সংস্কৃতি ও নারী অধিকার কর্মী সারা যাকের, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস এবং ‘মুজিব’ গ্রাফিক নভেলের সম্পাদক শিবু কুমার শীল।

২৪ পৃষ্ঠার রঙ্গিন এই গ্রাফিক নভেলটির দাম রাখা হয়েছে ২০০ টাকা।

ছবি- সাকিব মাহমুদ