২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জটাপাগলি

চলো চলো বটতলায় যাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিনয় বর্মন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 11:19 AM

Updated : 25 Apr 2022, 01:09 PM

কি ওখানে?

জটাপাগলি আস্তানা গেড়েছে।

জটাপাগলি? সে আবার কে?

গেলেই দেখবে।

বটগাছের নিচে বসে আছে এক বুড়ি। সাদা কাপড় পরা। মাথা ভরা জটাচুল। হাতে লাঠি। সামনে একটা কাপড়ের পুটলি। পাশে মাদুর। ঘাড়ের ওপর বসে উকুন বাছছে এক বানর।

ছোট ছোট ছেলেমেয়েরা ঘিরে আছে তাকে। মজা দেখছে।

ছেলেমেয়েরা নানা প্রশ্ন করছে। জটাপাগলি জবাব দিচ্ছে। ছড়ায় ছড়ায়।

তোমার বাড়ি কোথায়?

নাইরে আমার বাড়ি

স্বাধীন ঘুরতে পারি

পাখির সঙ্গে উড়ে উড়ে

সুদূরে দেই পাড়ি।

তোমার আত্মীয়স্বজন নেই?

থাকি আমি একা

একাই বাঁচতে শেখা

একটি বানর সঙ্গে থাকে

শেখাই পড়ালেখা।

তোমার কাজ কি?

ঘোরাই আমার কাজ

দেখি মেঘের সাজ

জাদু খেলা দেখাই আমি

হাতটি করে ভাঁজ।

জাদু! তুমি জাদু জানো? আমাদের একটু দেখাও না।

আচ্ছা। জটাপাগলি হাতে লাঠি তুলে নেয়। জাদুর লাঠি।

আয় না তবে কাছে

উঠিয়ে দেই গাছে

থাকবে ঝুলে উঁচু ডালে

সাহস কারো আছে?

ভোলা। সাহসী ছেলে। সে এগিয়ে যায়। জটাপাগলি তাকে গাছে তুলে দেয়।

সবাই চক্ষু বোজো

কানে আঙুল গোঁজো

একটু পরে চক্ষু মেলে

সেই ছেলেকে খোঁজো।

সবাই চক্ষু বোজে। কানে আঙুল দেয়। তারপর জটাপাগলি চোখ মেলতে বললে সবাই চোখ মেলে।

গাছের ডালে তাকিয়ে দেখে ভোলা নেই। আশ্চর্য! কোথায় গেল?

আস্ত মানুষ হাওয়া

কোথায় যাবে পাওয়া?

সেই ছেলেটি ফিরে আসুক

তা-ই কি সবার চাওয়া?

সবাই এক সঙ্গে বলে, হ্যাঁ, আমরা ভোলাকে ফেরত চাই।

ঠিক আছে তাই হবে

চক্ষু বোজো তবে

মনে মনে যা খোঁজো তা

দেখতে পাবে সবে।

সবাই আবার চক্ষু বোজে। জটাপাগলি তার লাঠি দিয়ে ঠাস ঠাস করে মাটিতে কয়েকটা বাড়ি দেয়। তারপর সবাইকে চোখ মেলতে বলে।

সবাই চোখ মেলে। ঐ তো ভোলা! গাছের ডালে বসে আছে।

জটাপাগলি ভোলাকে গাছ থেকে নামিয়ে দেয়। সবাই দৌড়ে তার কাছে যায়। ছুঁয়ে দেখে।

জাদু জাদু জাদু রে

ছানাপোনা আদুরে

এবার সবাই চুপটি করে

বসো আমার মাদুরে।

জটাপাগলি মাদুর বিছিয়ে দেয়। ছেলেমেয়েরা সেখানে গিয়ে বসে।

হঠাৎ বানরটি জটাপাগলির ঘাড় থেকে লাফিয়ে নামে। বুড়ির কাপড়ের পুটলিটা হাতে নেয়। তারপর আরেক লাফে গিয়ে ওঠে গাছের ডালে।

গাছে বসে পুটলিটা খোলে। তারপর উপুড় করে ধরে।

ঝুরঝুর ঝুরঝুর।

মাদুরে বসা ছেলেমেয়েদের মধ্যে হুটোপুটি। সবার হাতে মুঠো মুঠো চকলেট।

সবার চোখ ছানাবড়া। মুখের কাছে এনে ভালো করে দেখে। এই চকলেট কি সত্যি না জাদুর?