মুভি রিভিউ: কোরালাইন
আচ্ছা ভাবো তো, একটা পুতুল, দেখতে শুনতে অবিকল তোমারই মতো। একই রকম পোশাক, নাক, কান, চুল – ঠিক যেন ছোট্ট একটা তুমি। শুধু চোখের জায়গায় সেলাই করে জুড়ে দেয়া হয়েছে একজোড়া কাঠের বোতাম। কেমন দারুণ হতো, তাই না?
কোরালাইন নামের মেয়েটিও এমনই একটি পুতুল পেয়েছিলো। তার আগে বলি কোরালাইন কে? কোরালাইন তোমাদের বয়সী ছোট্ট একটা মেয়ে। কিছুটা চঞ্চল, খুব কৌতুহলী আর উদ্যোমী। ওর বাবা মা ওকে নিয়ে বাড়ি পালটে চলে এসেছেন নতুন একটা এলাকায়। এখানে সব কিছুই কেমন বিষণ্ণ, মলিন, মন খারাপ করা। বাড়িটাও রঙচটা, জানালাগুলোয় ময়লার স্তর, বাথরুমে একরাশ পোকা, টিমটিমে হলুদ বাতি আর কাঠের পুরনো সিঁড়ির ক্যাঁচক্যাঁচ করা শব্দ।
ছোট্ট কোরালাইনের এ বাড়িতে কিছুই ভালো লাগে না। কোরালাইনের বাবা মা দুজনেই ভীষণ ব্যস্ত মানুষ। মেয়ের জন্য সময়ই বের করতে পারেন না তারা। কোরালাইনের খুব ইচ্ছে করে বাইরে গিয়ে খেলতে, বাগান করতে। কিন্তু ওর বাবার সময় নেই ওর সঙ্গে খেলার বা একসঙ্গে বাগান করার। মা ওর প্রিয় খাবার রাঁধতে চান না, কারণ তার হাতেও যে প্রচুর কাজ। দিন নেই রাত নেই তাঁরা দুজনে কম্পিউটারের সামনে মাথা গুঁজে কাজ করতেই থাকেন, করতেই থাকেন। নিঃসঙ্গ কোরালাইন একাকী মন খারাপ করে ঘুরে বেড়ায় এখানে-সেখানে।
এদিকে, কোরালাইনদের নতুন বাড়িটা যে শুধু অদ্ভুত তাই না, নতুন প্রতিবেশীরাও খুব অদ্ভুত। উপরতলায় থাকেন সন্দেহবাতিকগ্রস্থ বুড়ো আলেকজান্ডার ববিনস্কি। অনেকগুলো ইঁদুর পোষেন তিনি। এককালে সার্কাসে নাচুনে ইঁদুরের খেলা দেখাতেন। নিচতলায় থাকেন দুই বুড়ি, মিরিয়াম আর এপ্রিল, ওঁরা ছিলেন মঞ্চনাটকের সুন্দরী নায়িকা। দেখা হলেই ওঁরা জোর করে কোরালাইনকে বাসি চকলেট খেতে দেন, আর নিজেদের যৌবনের সেই সোনালী দিনগুলোর গল্প শোনাতে বসে যান।
কোরালাইনদের পাশের বাড়িতে একটা পাগলা সায়েন্টিস্ট ছেলে থাকে, নাম ওয়াইবি। প্রচুর কথা বলে। কথা বলতে বলতে কোরালাইনের মাথা ধরিয়ে দেয়। বিরক্তিকর ওয়াইবির আবার একটা শুঁটকো, কালো বিড়াল আছে। বিড়ালটিকে দেখলেই মনে হয় যেন কোনো ডাইনি বুড়ির কোল থেকে নেমে এসেছে। ওয়াইবিকে ওর দাদী কোরালাইনদের বাসায় কক্ষণও আসতে দেয় না। এ বাসা থেকেই ছোটোবেলায় ওয়াইবির দাদীর বোন হারিয়ে গিয়েছিল।
অদ্ভুত বিষয় হচ্ছে ওয়াইবিই কোরালাইনকে দিয়ে যায় একটা অদ্ভুত পুতুল। দেখতে ঠিক হুবহু একটা ছোট্ট কোরালাইন! সে নাকি এই পুতুলটি তার বাসায় খুঁজে পেয়েছে। নিঃসঙ্গ কোরালাইনের সঙ্গী হয় ছোট্ট কোরালাইন পুতুল। পুতুলটা পাবার পর থেকেই ঘটতে থাকে যতো অদ্ভুতুরে ঘটনা।
তবে অন্য এই জাদুর জগতের বিশেষত্ব একটাই। এখানে সবার চোখের জায়গায় বসানো আছে রঙ বেরঙের কাঠের বোতাম। ঠিক সেই ছোট্ট পুতুল কোরালাইনের চোখের মতো। এই জগতের “অন্য বাবা মা” কোরালাইনকে চিরদিনের জন্য এইখানে থেকে যেতে বলে। সে জন্য ওর নিজের চোখের জায়গায় সেলাই করে লাগিয়ে নিতে হবে একজোড়া বোতাম।
বিপদের গন্ধ পায় কোরালাইন। এখন সে কী করবে? সে কি নিজের চোখে বোতাম লাগিয়ে “অন্য জগতে” থেকে যাবে? তাহলে তার আসল বাবা মায়ের কী হবে? ঐ রহস্যময় পুতুলটিই বা কে বানিয়েছে? এই সব প্রশ্নের উত্তর জানতে দেখে ফেলো দারুণ মুভি “Coraline”।
২০০৯ সালে মুক্তি পাওয়া ফ্যান্টাসি অ্যানিমেশন মুভি কোরালাইন তৈরি হয়েছে থ্রিডি স্টপ মোশন টেকনোলজিতে। এই মুভির প্রতিটি দৃশ্যের ছোট্ট ঘাসের ডগা থেকে শুরু করে কোরালাইনের মুখের ভঙ্গী, সবই ২৫০ জন দক্ষ পাপেট অ্যানিমেটরের হাতে তৈরি করা। অসাধারণ মিউজিকের সঙ্গে কোরালাইনের বাস্তব আর অন্য জগতে ঘুরে আসতে আশা করি তোমাদের সবার ভালো লাগবে।
