২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমড়ো পটাশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সুকুমার রায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 04:18 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

(যদি) কুম্‌‌ড়োপটাশ নাচে-

খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে;

চাইবে নাকো ডাইনে বাঁয়ে চাইবে নাকো পাছে;

চার পা তুলে থাকবে ঝুলে হট্টমুলার গাছে!

      (যদি) কুম্‌‌ড়োপটাশ কাঁদে-

      খবরদার! খবরদার! বসবে না কেউ ছাদে;

      উপুড় হয়ে মাচায় শুয়ে লেপ কম্বল কাঁধে;

      বেহাগ সুরে গাইবে খালি 'রাধে কৃষ্ণ রাধে'!

(যদি) কুম্‌‌ড়োপটাশ হাসে-

থাকবে খাড়া একটি ঠ্যাঙে রান্নাঘরের পাশে;

ঝাপ্‌সা গলায় ফার্সি কবে নিশ্বাসে ফিস্‌ফাসে;

তিনটি বেলা উপোস করে থাকবে শুয়ে ঘাসে!

      (যদি) কুম্‌‌ড়োপটাশ ছোটে-

      সবাই যেন তড়বড়িয়ে জানলা বেয়ে ওঠে;

      হুঁকোর জলে আলতা গুলে লাগায় গালে ঠোঁটে;

      ভুলেও যেন আকাশ পানে তাকায় নাকো মোটে!

(যদি) কুম্‌‌ড়োপটাশ ডাকে-

সবাই যেন শাম্‌লা এঁটে গামলা চড়ে থাকে;

ছেঁচকি শাকের ঘণ্ট বেটে মাথায় মলম মাখে;

শক্ত ইঁটের তপ্ত ঝামা ঘষতে থাকে নাকে!

      তুচ্ছ ভেবে এ-সব কথা করছে যারা হেলা,

      কুম্‌‌ড়োপটাশ জানতে পেলে বুঝবে তখন ঠেলা।

      দেখবে তখন কোন্‌ কথাটি কেমন করে ফলে,

      আমায় তখন দোষ দিওনা, আগেই রাখি বলে।