আলসে প্রাণী স্লথ
আইস এইজ সিনেমার ‘সিড’-এর কথা কি তোমাদের মনে আছে? যারা আইস এইজ দেখেছো তাদের তো অবশ্যই মনে আছে।
অদ্ভুত দর্শন তিন আঙ্গুলের এই বোকাসোকা প্রাণীটিকে ভোলা যে কিছুতেই সম্ভব না। আইস এইজের প্রতিটি পর্বে সে নানান অপকর্ম করে বাকিদের ব্যতিব্যস্ত করে রেখেছে। প্রথম পর্বে সে আগুন আবিষ্কার করে, দ্বিতীয় পর্বে অন্য প্রজাতির দেবতা হয়ে যায় আর তৃতীয় পর্বে তো একদম ডাইনোসরের বাচ্চাদের দত্তক নিয়ে বসে। এই সিড যে প্রজাতির প্রাণী তাদের নাম হল স্লথ। এমনিতে স্লথেরা একটি স্তন্যপায়ী প্রাণী, যারা প্রধানত গাছে বাস করে।
অবশ্য সিডকে দেখে তোমরা আবার স্লথদের সম্পর্কে পুরোটা ধারণা করতে বসো না যেন। সিড যদিও খুব চঞ্চল ও উৎসাহী, কিন্তু অন্য স্লথদের মতো সেও খুব ধীর গতির। তবে সিড তো শুধু ধীর গতির, অন্য স্লথগুলো আবার বেজায় অলসও। তারা মোটেই সিধের মতো আগ্রহ নিয়ে একটা নতুন কাজ করতে যায় না বা অন্যকে দেখে নিয়ে কিছু করার উদ্যোগও নেয় না।
স্লথের জন্য তাই এটা খুবই সুখবর যে ওদের স্কুলে যেতে হয় না। যেতে হলে কোনোদিনই ওরা কেউ সময় মতো উপস্থিত হতে পারতো না। এই গেছো প্রাণীটি এতোই ঘুম প্রিয় এবং ওরা এতই অলস, যে এরা দিনে ২০ ঘণ্টা পর্যন্ত ঘুমায়। এমনকি যতক্ষণ সজাগ থাকে তখনও সহজে নড়াচড়া করে না। সত্যিকার অর্থে এরা অবিশ্বাস্য রকমের নিষ্কর্মা। বিশ্বাস হল না আমার কথা? তাহলে শোন, এরা এতই কম নড়াচড়া করে যে এদের লোমে শ্যাওলা পর্যন্ত জন্মাতে থাকে।
স্লথদের আকার সাধারনত দুই থেকে আড়াই ফুট (০.৬ থেকে ০.৮ মিটার) লম্বা এবং প্রজাতিভেদে এদের ওজন ৮ থেকে ১৭ পাউন্ড (৩.৬ থেকে ৭.৭কেজি) হয়ে থাকে।
স্লথ প্রধানত দুই প্রজাতির হয়। প্রজাতি সনাক্ত করা হয় এদের সামনের পায়ের থাবায় দুটো অথবা তিনটে আঙ্গুল দেখে। দুই প্রজাতির স্লথের চেহারা প্রায় একই। এদের মাথা গোলাকার, চোখ বিষাদ মাখা, ছোট কান এবং লেজ ছোট ও মোটা। দুই আঙ্গুল ওয়ালা স্লথ সামান্য বড় হয়, কিন্তু এদের প্রকৃতি তিন আঙ্গুল ওয়ালা স্লথের মতোই, যারা গাছের বিভিন্ন খাঁজে বসে থাকে। তিন আঙ্গুল ওয়ালা স্লথের মুখের বর্ণ এমনভাবে সাজানো যে দেখে মনে হয় এরা সবসময় হাসছে। তাদের ঘাড়ে দুইটা বাড়তি কশেরুকা থাকে যা তাদের মাথা প্রায় বৃত্তাকারে ঘোরাতে সাহায্য করে।
প্রকৃতির কোনো কিছুই যেমন অকারণে হয় না, স্লথদের এই আলসেমিও কিন্তু অকারণে নয়। কিছু বিজ্ঞানী মনে করেন, এরা ধীরগতির জীবন যাপন করে যেন, এরা বাজপাখি বা বিড়ালের মতো তীক্ষ্ণদৃষ্টির শিকারির হাত থেকে পালিয়ে থাকতে পারে। এদের লোমে শ্যাওলা জন্মানোর কারণে এরা সবুজ পাতার ফাঁকে সহজেই লুকিয়ে থেকে শিকারির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে। তারা গাছেই বাস করে এবং গাছ থেকে সহজে নীচে নামে না। সপ্তাহে মাত্র একবার এরা বাথরুমের কাজে নীচে নামে। এরা সামনের থাবা দিয়ে মাটি বা ময়লা খুঁড়তে খুঁড়তে এবং শরীর টেনে হিঁচড়ে আস্তে আস্তে চলাচল করে।
স্লথরা সচরাচর তৃণভোজী হয়ে থাকে। ওরা গাছের কচি পাতা, কুড়ি, কচি ডাল এবং ফল খেয়ে বেঁচে থাকে। তবে কিছু কিছু প্রজাতির স্লথ ছোট ছোট পোকামাকড় এবং ছোট আকারের সরীসৃপ খেয়ে থাকে।
সিড যে প্রজাতির স্লথ ছিল ওদের বলা হত গ্রাউন্ড স্লথ অর্থাৎ ওরা মাটিতেই বাস করত। এ প্রজাতিটি এখন বিলুপ্ত হয়ে গিয়েছে। তুমি যাদের দেখতে পাবে তারা সবাই কম বেশি বৃক্ষচারী। তাদের মধ্যে অল্প কিছু স্লথ আছে যারা জলচারী। তবে জলচারীর হারিয়ে যাবার পথে। বসবাস যেখানেই করুক না কেন সব স্লথের মধ্যে একটা জিনিস খুব মিল। ওরা খুব ধীর গতির। এই ধীর গতি বা slow moving শব্দটি থেকেই কিন্তু ওদের নাম রাখা হয়েছে Sloth বা স্লথ। মজার কথা হচ্ছে, বাংলা ভাষাতেও কারও ধীর গতি বলতে শ্লথ শব্দটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়।
