২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানিচক্রের মজার খেলা

পানি ভর্তি জগ বা বোতল থেকে এক গ্লাস পানি নাও। আন্দাজ করে বলো তো, এই পানির বয়স কত?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>মিনহাজ-উস-সালেকীন ফাহমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2015, 04:47 PM

Updated : 22 Aug 2022, 11:33 AM

তোমার গ্লাসের পানি হয়তো গত সপ্তাহেই বৃষ্টি হয়ে আকাশ থেকে নেমে এসেছিল। কিন্তু এই পানির বয়স মোটামুটি পৃথিবীর বয়সের সমান।

পৃথিবীর প্রথম মাছটি যখন থেকে পানিতে ঘুরে বেড়াচ্ছে ঠিক তখন থেকেই এই পানি পৃথিবীতে আছে। ডাইনোসররা যখন এই সবুজ পৃথিবীতে বাস করত, তখন আশেপাশের হ্রদগুলোতে ছিল এই পানি।

রাজা-রাণী, রাজপুত্র, রাজকন্যারা যে কুয়ো থেকে পানি পান করতেন, হয়তো সেখানেও ছিল এই পানি। তাহলে চিন্তা করে দেখো, তোমার গ্লাসের এই পানিটুকু কত বুড়ো হয়েছে!

পৃথিবীতে একদম আদি থেকে, একটি নির্দিষ্ট পরিমাণ পানিই এখানে আছে। এই পানিটিই বিভিন্নভাবে নানা জায়গায় ঘুরতে থাকে। এই চক্রকেই বলে পানিচক্র। তবে সবসময় তারা এক অবস্থায় থাকে না। পানিচক্রে ৪টি আলাদা আলাদা অবস্থা আছে। যে পর্যায়গুলোতে পানি অবস্থান করে, সেগুলো হল-

•       বাষ্পীভবন

•       ঘনীভবন

•       বৃষ্টিপাত

•       সংগ্রহ

বাষ্পীভবন:

আমরা জানি পানিকে একটি নির্দিষ্ট পরিমাণ তাপ দেওয়া হলে, সেটি বাষ্পে পরিণত হয়। এ প্রক্রিয়াকে বলে বাষ্পীভবন। সূর্যের তাপে সমুদ্র, নদ-নদী, খাল-বিলের পানি প্রতিনিয়ত এভাবে বাষ্পে পরিণত হচ্ছে। এ বাষ্প মিশে যায় আমাদের আশেপাশের বাতাসে।

গাছপালাও তাদের অভ্যন্তরের পানি অনেকসময় বের করে দেয়, সে পানিও বাষ্প হয়ে বাতাসের সঙ্গে মিশে যায় ।

ঘনীভবন:

বাষ্প যখন ঠাণ্ডা হয়, তখন তার ঘনত্ব বেড়ে যায়। এতে সূর্যের তাপে যে পানি বাষ্প হয়ে বাতাসে মিশে যায়, সেগুলোই আবার ঠাণ্ডা হয়ে জমে মেঘে পরিণত হয়। বাষ্পের তরলে পরিণত হওয়ার এ পদ্ধতিকে বলে ঘনীভবন।

আমরা যদি চাই, নিজের বাসায় বসেই এ পরীক্ষাটি করে দেখতে পারি। কাজটি খুব সোজা, গরমের দিনে এক গ্লাস ঠাণ্ডা পানি গ্লাসে নিয়ে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে যে, গ্লাসের বাইরে বিন্দু বিন্দু পানি জমেছে। গ্লাস থেকে তো এভাবে পানি বের হতে পারে না, তবে এ পানি এলো কোথা থেকে বলতে পারবে? ঘটনাটি হচ্ছে, বাষ্প ঠাণ্ডা গ্লাসের গায়ে লেগে ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয়েছে। এই পানিই ফোটায় ফোটায় জমে আছে গ্লাসের বাইরে। এটাই ঘনীভবন প্রক্রিয়া। 

বৃষ্টিপাত:

ঘনীভূত বাষ্প নিজেদের মধ্যে মিলিত হয়ে মেঘে পরিণত হয়। এভাবে জমতে জমতে মেঘ ভারী হয়ে যায়। একসময় তা এতই ভারী হয়ে যায় যে, সেটিকে মেঘ আর ধরে রাখতে পারে না । তখন সেগুলো ঠাণ্ডা হয়ে বৃষ্টি বা তুষারের রূপ নিয়ে ঝরে পড়ে আকাশ থেকে।

সংগ্রহ:

বৃষ্টি বা তুষার হয়ে পৃথিবীতে ঝরে পড়ার পর মাঠে-ঘাটে, বনে জঙ্গলে, সাগর নদীতে গিয়ে জমা হয় সে পানি। যতটুকু মাটির উপর পড়ে সেগুলো মাটি শুষে নেয়। জমা থাকে সেগুলো মাটির নিচে। গাছ এবং অন্যান্য প্রাণী সেখান থেকে ওদের আবার টেনে নিয়ে ব্যবহার করে। আর যেগুলো হ্রদ, নদী, সমুদ্র বা অন্য যেকোনো জলাশয়ে পড়ে সেগুলো আবার কিছুদিন পর সূর্যের তাপে বাষ্প হয়ে উড়ে যায়। আর এভাবেই চলতে থাকে পানিচক্র।