২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা ভাষার সেরা রূপকথা

বইটিতে আছে পনেরটি বাংলা রূপকথার গল্প। এক কথায়, বইটি বাংলা রূপকথার একটি গুপ্তধন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 02:23 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বইয়ের নাম: বাংলা ভাষার সেরা রূপকথা

সম্পাদনা: আহমাদ মাযহার

প্রচ্ছদ: রফিকুন নবী

প্রকাশনা: বিশ্ব সাহিত্য কেন্দ্র

মূল্য: একশত পঞ্চাশ টাকা মাত্র

রাজা, রানী, রাজকন্যা, রাজকুমারের পঙ্খীরাজ ঘোড়া, শুক-সারি, পাতালপুরীর দৈত্য-দানো… কী বন্ধুরা? প্রথম লাইনটি পড়েই বুঝি একটু নড়ে চড়ে বসেছ? নিশ্চয়ই বুঝে ফেলেছ আমি আজ তোমাদের রূপকথার একটি গল্পের কথা বলব!

তোমরা ঠিকই ধরেছ, তবে একটি নয় আমি আজ তোমাদেরকে এমন একটি বইয়ের কথা বলব যেখানে আছে বাংলাভাষার সেরা রূপকথাগুলো। একটি দুটো নয় এই বইতে আছে পুরো পনেরটি বাংলা রূপকথার গল্প। বলতে পারো এই বইটি বাংলা রূপকথার একটি গুপ্তধনের ভাণ্ডার। হাতে নিয়ে আগে ভাবতে বসবে যে, কোনটাকে রেখে কোনটাকে ধরি।

এবার নিশ্চয়ই তোমাদের মন কেমন করছে গল্পগুলো সম্পর্কে জানার জন্য। প্রথম গল্পটিতেই আছে সাতজন দুঃখী মায়ের এক সাহসী রাজপুত্রের গল্প। সেই সাহসী রাজপুত্র কী করেছিল জানো? সে তার বুদ্ধি আর সাহস দিয়ে রাক্ষসীর কবল থেকে তাদের রাজ্য উদ্ধার করে মায়েদের ফিরিয়ে নিয়ে গিয়েছিল রাজ্যে। এই গল্পটি পড়তে গিয়ে তোমাদের পরিচয় হবে এক পাখির সঙ্গে যে কি-না কেবল গান গাইত, লাফাত, উড়তেই জানত, জানত না কোনো আদব কায়দা আর নিয়ম কানুন। রাজা ঠিক করলেন পাখিকে এবার শিক্ষা দিতে হবে। রাজা পাখির শিক্ষা দেওয়ার আয়োজন করলেন। এর পরে কী হল, তা না হয় তোমরা গল্পটি পড়েই জেনে নিও। এই গল্পটি তোমাদের জন্য লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবি ঠাকুরের লেখা আরও একটি গল্প আছে এই বইতে নাম “সুয়োরানীর সাধ”।

এরপর তোমাদের জন্য আছে এক আজব ক্ষীরের পুতুলের গল্প। ওমা! সে-কি? কপাল কুঁচকে আছো কেন? জানি তোমাদের অনেকেরই মায়ের হাতে বানানো ক্ষীর দারুন পছন্দ! কিন্তু এদিকে দুয়োরানী যে রাজাকে বলে দিয়েছেন বাণিজ্য থেকে ফেরার সময় এক মুখ পোড়া বানর আনতে। সেই বানরকে রানী নিজের ছেলের মতো আদর করতে লাগলেন। কিন্তু সেই বানর রানির দুঃখ দূর করতে কী করেছিল সেটা জানতে ঝটপট বইটি যোগাড় করে ফেল। শুধু রাজা রানীই নয়। আছে রাজপুত্র, মন্ত্রীপুত্র আর পাতালকন্যা মণিমালার গল্পও। মনিমালাকে পাতালপুরে আটকে রেখেছে ভয়ংকর এক অজগর। এবার কী করবে রাজপুত্র আর তার বন্ধু? একবার সুয়োরানী করল কি, জাদু দিয়ে দুয়োরানীকে টিয়া পাখি বানিয়ে ফেলল। আর এদিকে দুয়োরাণীর দুই ছেলে শীত-বসন্ত মাকে খুঁজে হয়রাণ। কী করবে এখন দুই ভাই ? মা কে কেমন করে খুঁজে বের করবে? এই গল্পদুটো লিখেছেন দক্ষিনারঞ্জন মিত্র।

বইটি পড়তে পড়তে তোমাদের সঙ্গে পরিচয় হবে লালু আর ভুলু নামের দুই যমজ ভাইয়ের সাথে। এরপর আরও কী হল শোন, রাজার হল বড্ড অসুখ। কবিরাজ বললেন রাজ্যের সবচেয়ে সুখী মানুষই পারে রাজার অসুখ সাড়াতে। আরও আছে ডালিমকুমার, সাত ভাই চম্পা, আঙ্গুর পরী, ডালিম পরী, আরও অনেকে। সব তো আর বলে শেষ করা যাবে না।

তোমরা অনেকেই দাদা-দাদীর কাছে রূপকথার গল্প শুনেছ অনেক। কিন্তু তারপরও এই বইটি কেন পড়তে বলছি জানো? কারণ, বইটিতে আছে বাংলা সাহিত্যের সবচেয়ে বড় বড় কিশোর সাহিত্যিক আর লেখকদের লেখা গল্পগুলো। রবীন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্রকিশোর রায় চৌধুরী, দক্ষিনারঞ্জন মিত্র মজুমদার,অবনীন্দ্রনাথ ঠাকুর, জসীমউদ্দিন আরও অনেকে।

তাহলে আর দেরি না করে ঝটপট কিনে পড়ে ফেল বইটি। আর খুলে বসো বাংলা সাহিত্যের গুপ্তভাণ্ডার।