২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যানিম বারাকামন

তোমরা কি হস্তরেখালিপি বা ক্যালিগ্রাফি (Calligraphy) এর নাম শুনেছো? হস্তরেখালিপি হচ্ছে সুন্দর হাতের লেখার শিল্প। ইংরেজি, জাপানি, আরবি, এমনকি বাংলা ভাষাতেও হস্তরেখালিপির অনেক উদাহরণ দেখবে। শুধু কয়েকটা হরফ দিয়ে কত শৈল্পিক কাজকারবার যে করে ফেলে মানুষ, না দেখলে বিশ্বাসই করা যায় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> ফরহাদ মহসিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 03:11 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

তো এরকমই এক জাপানিজ হস্তরেখাবিদ হচ্ছে হান্দা সেইশু। অনেক কমবয়সী; কিন্তু দারূণ প্রতিভাবান। অল্প বয়সেই নানা  প্রতিযোগিতায় জিতে একাকার। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় যখন এক বিচারক বলে বসেন হান্দার কাজ নাকি রস-কষহীন, একঘেঁয়ে। এরকম বললে কারই বা ভালো লাগে, বলো? মাথা গরম হান্দা সেইশু রাগের মাথায় সেই বিচারককে ঢিশুম করে মেরে বসে এক ঘুষি। আর যায় কোথায়, সবাই উঠে পড়ে লাগে এই ঘুষির জন্য হান্দাকে শিক্ষা দিতে। তার বাবা এর মাঝে করে কি, শিক্ষা দেওয়ার জন্য তাকে পাঠিয়ে দেয় এক গ্রামে। সারা জীবন শহরে থাকা সেইশু কী করবে গ্রামে গিয়ে? এই নিয়েই অ্যানিম বারাকামন (Barkamon) এর কাহিনী।

Image
বারাকামনে দেখানো জাপানিজ ক্যালিগ্রাফি

বারাকামনে দেখানো জাপানিজ ক্যালিগ্রাফি

এর আগ পর্যন্ত হান্দা সেইশুর জীবনে ক্যালিগ্রাফি ছাড়া কিছুই ছিল না। তার জীবন মানে ছিল শুধু চর্চা আর চর্চা। আরও ভালো হওয়ার চেষ্টা। বন্ধু-বান্ধবও তেমন একটা ছিল না। কিন্তু গ্রামে এসে সে দেখল, তার খুব আপন হয়ে যাচ্ছে গ্রামের কিছু বাচ্চা। তাদের নেতা কতোইশি নারু নামে সাত বছর বয়সের এক দস্যি মেয়ে। দুষ্টের শিরোমণি এই নারু। কিন্তু এই মেয়ের যেন অলৌকিক এক ক্ষমতা আছে মানুষকে আপন করে নেওয়ার।
Image
বারাকামনে দেখানো জাপানিজ ক্যালিগ্রাফি

বারাকামনে দেখানো জাপানিজ ক্যালিগ্রাফি

কীভাবে কীভাবে যেন বন্ধুবান্ধবহীন, আত্মকেন্দ্রিক হান্দার মনেও সে বিশাল জায়গা দখল করে ফেলে। হান্দাকেও সঙ্গী বানিয়ে ফেলে নানা দুষ্টুমিতে। কখনও সেটা বনে-বাঁদাড়ে বিশাল বিশাল গুবরে পোকা খুঁজতে যাওয়া, কখনও দলবল নিয়ে সমুদ্রে ঝাঁপাঝাঁপি করা বা মাছ ধরতে যাওয়া, তো কখনও আবার গ্রামের মেলায় ঘুরতে যাওয়া। আর এসবের মাঝ দিয়েই যে হান্দা সেইশু গ্রামে আসাকে মনে করছিল একটা শাস্তি, সেটা তার মনেই থাকে না। হান্দা প্রেমে পড়ে যায় গ্রামের মানুষের সারল্যের, পাশে থাকা সমুদ্র তীরের আর সূর্যাস্তের। সে আবিষ্কার করে নতুন এক নিজেকে। নিজের ক্যালিগ্রাফির মধ্যে দিয়ে প্রকাশ করে এই নতুন নিজেকে।

তাহলে আর দেরি কেন? দেখে ফেল বারাকামন নামের ১২ পর্বের এ অ্যানিমটি। প্রতি পর্বই ভরপুর দারূণ মজার সব কাজ-কর্মে আর মন ভালো করে দেওয়া কথাবার্তায়। নারুসহ অনেকগুলো বাচ্চা-কাচ্চার সঙ্গে হান্দা সেইশুর বড় হয়ে ওঠার যাত্রার সঙ্গী হয়ে যাও তুমিও।