২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজব শখ: এয়ার ক্রাফট স্পটিং

স্কুলে হয়তো অনুচ্ছেদ হিসেবে প্রায়ই লিখতে দেওয়া হয়, তোমার শখ কী। আমরা বাগান করা, ডাকটিকেট জমানো বা বই পড়া ইত্যাদি লিখে থাকি। কিন্তু কেউ কি কোনোদিন লিখেছ, আমার শখ প্লেন দেখা? বসে বসে প্লেন দেখাও কিন্তু একটি দারুন শখ। আজকে তোমাদের এই আজব শখটির কথাই বলব। এটি হয়ত তোমাদের চেনা জানা কোনো শখের সঙ্গেই মিলে না। আজব এ শখের পোষাকি নাম হচ্ছে, এয়ার ক্রাফট স্পটিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> ফয়সাল আকরাম ইথার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 03:09 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

এয়ার ক্রাফট স্পটিং অথবা প্লেন স্পটিং হলো বিভিন্ন ধরণের এয়ার ক্রাফট যেমন গ্লাইডার, বেলুন, হেলিকপ্টার, ইঞ্জিন চালিত বিমান ইত্যাদি দেখা, তাদের চিহ্নিত করা এবং তাদের রেজিস্ট্রেশন নাম্বার লগ করে রাখা। লগ রাখা কথাটির মানে হল প্লেনটির রেজিস্ট্রেশন নম্বর টুকে রাখা।

তোমরা হয়তো জানো না, গাড়ির লাইসেন্স প্লেটের মতো সব প্লেনেরও একটি অনন্য রেজিস্ট্রেশন নাম্বার আছে। এই নাম্বারটিকে আবার টেইল নাম্বারও বলা হয়। এ নাম্বার প্রতিটি প্লেনের জন্য আলাদা এবং এটির মাধ্যমে বিভিন্ন দেশের সরকার এবং প্লেনের মালিকেরা তাদের প্রতিটি প্লেনের হিসাব রাখতে পারেন। একই সঙ্গে এই নাম্বারটি প্লেন স্পটারদেরকে একেবারে নির্দিষ্ট করে বলে দেয়, কোন প্লেনটার ছবি তোলা হল বা দেখা গেল। এতে স্পটারদের লগ করতে সুবিধা হয়। কেউ যদি প্লেনটিকে নিয়ে আরও বিশদ বিবরণ জানতে চায় তবে এই নাম্বারটির সাহায্যে সে সহজেই জানতে পারবে এই প্লেনটি কবে ডেলিভারি দেওয়া হয়েছিল বা এর আগে কোন কোন বিমান সংস্থা এটি ব্যবহার করেছে। মানে হল একটি প্লেনের রেজিস্ট্রেশন নাম্বার জানলে প্লেনটির পুরো বায়োডাটাই জেনে ফেলা যাবে।

Image
আলোক চিত্রঃ ফয়সাল আকরাম ইথার

আলোক চিত্রঃ ফয়সাল আকরাম ইথার

Image
আলোক চিত্রঃ ফয়সাল আকরাম ইথার

আলোক চিত্রঃ ফয়সাল আকরাম ইথার

এই নাম্বারগুলো সবসময় প্লেন এর পিছনের দিকে লেজ এর উপরে অথবা লেজের কিছুটা নিচে দৃশ্যমান থাকে। কিছু কিছু এয়ারলাইন্স আবার ডানার নিচেও নাম্বারটি লিখে দেয়। প্রতিটি দেশের জন্য এই নাম্বারটি একটি নির্দিষ্ট ছক অনুসরণ করে। যেমন যুক্তরাষ্ট্রের জন্য এই নাম্বারটি শুরু হয় N দিয়ে, কানাডার জন্য C দিয়ে, ভারতের জন্য VT দিয়ে, এরকম। বাংলাদেশের জন্য এই নাম্বার শুরু হয় বেসামরিক বিমানের জন্য S2 এবং সামরিক বিমানের জন্য S3 দিয়ে।

এখন তো মনে প্রশ্ন জাগতেই পারে, এই আজব শখ কোথা থেকে এলো? এই শখের উৎস খুঁজতে গেলে তোমাকে যেতে হবে একদম দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রান্তরে। তখন অনেক দেশ তাদের নাগরিকদের উৎসাহিত করেছিল প্লেন স্পটার হওয়ার জন্য। যেন, তারা শত্রু বিমানের গতিবিধি নজরে রাখতে পারে, নথি বদ্ধ করতে পারে এবং পরে তা কর্তৃপক্ষকে জানাতে পারে।

যুদ্ধের সময় এটি খুব গুরুত্বপূর্ণ একটি রণকৌশল ছিল। যুদ্ধ শেষ হওয়ার পরে যখন এই রণকৌশলের দরকার ফুরিয়ে গেল তখন অনেকেই এটিকে শখ হিসাবে চর্চা করতে থাকলেন। এ কাজের জন্য তারা নিজের এলাকার এয়ারপোর্টের সামরিক, বেসামরিক বিমানের লগ রাখতে শুরু করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো বাংলাদেশই হয়নি, তাহলে বাংলাদেশে এয়ার ক্রাফট স্পটিং কীভাবে এলো-- এটাই তো ভাবছ এখন? ঠিক আছে সেটাই এখন বলি; বাংলাদেশে প্লেন স্পটিং প্রথম শুরু করেন মোঃ আজিজুল ইসলাম। উনি আশির দশকের মাঝামাঝিতে দিনের পর দিন ঢাকা এয়ারপোর্টের আশেপাশের এলাকায় বসে থেকে সেখানে আসা ও সেখান থেকে ছেড়ে যাওয়া বিমানগুলোর ছবি তুলে রাখা শুরু করেন। এছাড়াও আছেন কারিব আহমেদ, তানভির ইয়াসির এর মতো বিমান প্রেমিকরা। তাদের ছবি দেখে নতুন প্রজন্ম উদ্দীপ্ত হয়। এভাবে অনেকেই এটাকে শখ হিসাবে গ্রহণ করে।

ইন্টারনেটের কিছু বিখ্যাত এভিয়েশন সংক্রান্ত ওয়েব সাইট Airliners.net এবং Jetphotos.net-এ গেলে বাংলাদেশের প্লেন স্পটারদের তোলা ছবি দেখতে পাওয়া যাবে। সেখানে গিয়ে বিখ্যাত স্পটারদের সঙ্গে কথাও বলতে পার তুমি। তাদের মেইল করলেই তারা তোমাকে ফিরতে মেইলে সব প্রশ্নের জবাব দিয়ে দিবেন।

Image
আলোক চিত্রঃ ফয়সাল আকরাম ইথার

আলোক চিত্রঃ ফয়সাল আকরাম ইথার

Image
আলোক চিত্রঃ ফয়সাল আকরাম ইথার

আলোক চিত্রঃ ফয়সাল আকরাম ইথার

অনেকেই ভাবে আমাদের দেশের এয়ারলাইনসের কাছে তেমন এয়ারক্রাফট নেই। এটাও খুব ভুল ধারণা। আমাদের কাছে এমন কিছু দুর্লভ এয়ারক্রাফট আছে যা বিশ্বের অন্য কোনো এয়ারলাইনসের কাছে নেই। যেমন ধর, DC-10 এর কথাই। বাংলাদেশ বিমানকে দীর্ঘদিন সেবা দেওয়ার পরে সম্প্রতি দুর্লভ মডেলের এই বিমানটি অবসর নিয়েছে। DC-10 এর শেষ উড্ডায়ন দেখতে বাংলাদেশ এসেছিল পৃথিবী বরেণ্য স্পটাররা। অনেক কথা হয়ে গেল আসল কথাই কিন্তু এখনও বলিনি। এই শখ থেকে মানুষের কী ধরণের উপকার হতে পারে? বিশ্বের অনেক দেশেই প্লেন স্পটাররা আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সঙ্গে হাতে হাত মিলিয়ে সন্ত্রাস দমনে কাজ করে থাকে। তোমরা গোয়েন্দা গল্পে যেমন পড়ে থাকো, শখের গোয়েন্দারা কীভাবে এর ওর খবর জোগার করে অপরাধীদের অপরাধ করা থেকে বিরত রাখে, ঠিক তেমনি স্পটাররাও তথ্য, খবর ইত্যাদি দিয়ে আইন-শৃংখলা রক্ষায় সরকারকে সহযোগীতা করে। বি.বি.সি.-তে এ সংক্রান্ত খবরের লিঙ্ক: http://news.bbc.co.uk/2/hi/uk_news/england/london/3682329.stm

ভারতে প্লেন স্পটারদের জন্য আলাদা মঞ্চ তৈরি করে দিয়েছেন কর্তৃপক্ষ। ইউরোপের সকল বিমান বন্দরে স্পটারদেকে বিশেষভাবে চিহ্নিত করে দেয়া হয়। সেখানে বিশেষ বিশেষ দিনে প্লেন স্পটারদেরকে অর্থের বিনিময়ে এয়ারপোর্ট ট্যুর, রানওয়ের পাশে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ করে দেয়া হয়। বাংলাদেশে এটা একদম নতুন শখ হওয়ার কারণে এতটা সুবিধা এখনই পাওয়া যায় না। তবে যেভাবে স্পটারদের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে খুব দ্রুত আমাদের এয়ারপোর্টগুলোতেও হয়তো এই সব সুযোগ সুবিধার দেখা মিলবে।

Image
আলোক চিত্রঃ ফয়সাল আকরাম ইথার

আলোক চিত্রঃ ফয়সাল আকরাম ইথার

যদিও শুনে মনে হয় প্লেন দেখা খুব মজার ও সহজ বিষয়, কিন্তু বাস্তবে স্পটিং খুবই ধৈর্য্যের একটি কাজ। একটি দুর্লভ অথবা নতুন বিমানের আশায় বসে থাকতে থাকতে স্পটিং সেশনগুলো সাধারণ দিনগুলোতে সর্বোচ্চ আট ঘণ্টা পর্যন্তও স্থায়ী হয়। ফেইসবুকে বিডি এভিয়েশন হাব ( https://www.facebook.com/BDAviationHub ) নামে একটি গ্রুপ আছে যা আমাদের দেশের স্পটারদের একটি ক্ষুদ্র পদক্ষেপ। যেন এ শখটিকে আরও বেশি মানুষের কাছে জনপ্রিয় করে তোলা যায়। এই গ্রুপের সদস্য সংখ্যা এখন সাড়ে দশ হাজারের উপরে এবং প্রতিদিন বিশ্বের সকল প্রান্ত থেকে প্রায় ১০ হাজার এর বেশি বার দেখা হয় এই গ্রুপে আমাদের দেওয়া বাংলাদেশের এভিয়েশন জগতের খবরগুলো ।

তোমাদের যদি এই শখটিকে ভালো লেগে থাকে তবে তোমরা আমাদের নিয়মিত ফলো করতে পার। আর হ্যাঁ, এয়ারক্রাফট স্পটিং আর এভিয়েশন ফটোগ্রাফি কিন্তু এক বিষয় নয়। তুমি ছবি না তুলতে পারলেও একদিন কাগজ কলম নিয়ে দাঁড়িয়ে যেতে পারো এয়ারপোর্টের সামনে। টেইল নাম্বার দেখে দেখে লগ করতে পারো কোন কোন বিমান আজ সেই এয়ারপোর্টে আসলো আর কোনটি কোনটি ছেড়ে গেল। যেদিন দেখবে তোমার লগ রাখার খাতা বেশ ভরে গিয়েছে ততদিনে তুমি চিনে ফেলবে অনেক প্লেনকে। এমনও হতে পারে তুমি দেখে ফেলতে পারো দুর্লভ কোনো প্লেন অথবা উড়ে যাওয়া প্লেন দেখেই বলে ফেলতে পারো এটি কী প্লেন।