অদ্ভুতুড়ে মাকড়সার অজানা কথা
যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, কোন কোন প্রাণীকে তুমি সবচেয়ে বেশি ভয় পাও? সেই প্রাণীগুলোর তালিকায় নিশ্চিতভাবেই থাকতে পারে আট পা দিয়ে চলা, অদ্ভুত দর্শন মাকড়সা নামের পোকাটি। যদিও বলার জন্য বলা অদ্ভুত দর্শন, এটি হয়তো অনেকের কাছেই ভয়াল দর্শন একটা বস্তু। কিন্তু শুধু ভয় পেলেই তো আর চলবে না। তবে যে মাকড়সা নিয়ে অনেক কিছুই আমাদের অজানাই থেকে যাবে। চলো, এরচেয়ে জেনেই আসা যাক, মাকড়সার জাল বোনা আর শিকার ধরা নিয়ে অজানা কিছু কথা।
সব কিছু বলার আগে, খুব সংক্ষেপে মাকড়সার কিছু বৈশিষ্ট্য বলে নেই--
• মাকড়সার আটটি পা আছে, প্রতিটি পায়ের আবার সাতটি করে ভাগ।
• এরা মূলত অন্যান্য পোকা খেয়েই বেঁচে থাকে।
• খাবার আগে মাকড়সা অন্য পোকার দেহে বিষ ঢুকিয়ে তাকে অচেতন করে দেয়।
• যদিও তোমরা বিশ্বাস করতে চাইবে না, তবুও বলছি। রেশম পোকার মতো মাকড়সাও কিন্তু সিল্ক বা রেশম উৎপন্ন করতে পারে।
ঘরের আনাচে কানাচে কিংবা বনে-জঙ্গলে মাকড়সার জাল দেখতে পাওয়া যায় হরহামেশাই। একটু মনোযোগ দিয়ে তাকালে দেখা যায় প্রতিটি জাল খুব চমৎকারভাবে বানানো হয়েছে। শূন্যের মাঝে এত সুন্দরভাবে কীভাবে মাকড়সা জাল বানায়, কেনই বা জাল বানায় এবং সেই জালে কীভাবে শিকার আটকে পড়ে– এইসব অজানা তথ্যগুলোই জেনে ফেলা যাক।
যেভাবে মাকড়সা জাল বোনে:
মাকড়সার জাল বোনাও একটা বিশাল মুন্সিয়ানার কাজ। প্রথমে সে সামনের দিকে বাতাসে সুতোর মতো জালের একটি শাখা ছুঁড়ে দেয়। যদি সেই সুতাটি কোনো বস্তুর সঙ্গে আটকে যায়, তাহলে মাকড়সা সুতাটির অপর প্রান্ত ঐ বস্তুর সঙ্গে আটকে দেয় এবং শুরুর প্রান্তও আটকে দেয়। এভাবে মাকড়সা শুরুর প্রান্ত আর শেষ প্রান্ত মিলিয়ে একটি ব্রিজের মতো তৈরি করে।
এরপর মাকড়সা ঐ সুতোর ব্রিজের শুরুর প্রান্ত থেকে শেষ প্রান্তে হেঁটে যায় এবং হেঁটে যাওয়ার সময় খুব ঢিলা করে আরও একটি সুতো ঐ ব্রিজের শুরু থেকে শেষ পর্যন্ত নিচের দিকে ঝুলিয়ে দেয়। এরপর ঐ ঝুলন্ত সুতোর মাঝ থেকে আরেকটি সুতো লম্ব বরাবর টেনে নিয়ে নিচের দিকে এমনভাবে নেমে আসে যেন ইংরেজি Y অক্ষরের মতো মনে হয়। এরপরে Y অক্ষরের একদম নিচের প্রান্ত থেকে একদম প্রথমে তৈরি করা শুরুর প্রান্ত আর শেষ প্রান্ত সুতো দিয়ে যুক্ত করে V অক্ষরের মতো অংশ তৈরি করে। এভাবে একটা ত্রিভুজের মতো জাল তৈরি হয়।
যেভাবে মাকড়সা শিকার ধরে:
মাকড়সা তার নিজের জালের ঠিক মাঝখানে চুপটি করে বসে থাকে এবং খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখে তার জালে শিকার ধরা পড়লো কি-না। যখনই জালে কোনো পোকামাকড় আটকে যায়, জালটি তখন কেঁপে ওঠে এবং মাকড়সা ঐ কম্পন টের পেয়ে যায়। মাকড়সা মাঝে মাঝে তার বানানো জাল থেকে দূরে অন্য কোনো জালে গিয়ে বসে থেকেও পোকামাকড়ের আটকে যাওয়া পর্যবেক্ষণ করতে পারে। এজন্য “সিগনাল লাইন” নামে একটি অংশ দিয়ে সে নিজেকে ঐ জালের সঙ্গে সংযুক্ত রাখে এবং পোকামাকড় আটকে গেলেই টের পেয়ে যায়।
তোমার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, মাকড়সার জাল তো অন্য কোনো কারণেও কাঁপতে পারে। বাতাসের কারণে কিংবা কোনো পাতা যদি জালের উপর পড়ে কিংবা কোন মানুষ যদি হাত দিয়ে নাড়া দেয়, তাহলেও তো জাল কেঁপে উঠবে। তখন কি পোকামাকড় আটকা পড়েছে ভেবে মাকড়সা শিকার ধরতে চলে আসে?
মাকড়সা শিকার ধরার পর তাদের মুখের সামনে ‘চেলিচেরা’ নামক অংশ দিয়ে তাকে আটকে ফেলে। চেলিচেরার দুটি অংশ থাকে, একটির নাম ‘ফ্যাং’। সুইয়ের মতো এই ‘ফ্যাং’ মাকড়সা তার শিকারের দেহে ঢুকিয়ে দেয়। তারপর ঐ ফ্যাং দিয়েই মাকড়সা তার ‘ভেনম’ বা ‘বিষ’ ক্ষরণ করে এবং শিকারকে মেরে ফেলে অথবা অচেতন করে ফেলে।
শিকারকে অচেতন করে ফেলার পর মাকড়সা তার আঠালো সিল্কের সঙ্গে তাকে আটকে ঘরে নিয়ে যায়। আবার কোনো কোনো মাকড়সা শিকারকে অচেতন করার আগেই সিল্ক দিয়ে তাকে আটকে ফেলে এবং তারপর অচেতন করে। স্ত্রী মাকড়সা ঘরের ছোট ছোট মাকড়সার খাদ্যের জন্য শিকারকে নিয়ে যায় আর পুরুষ মাকড়সা তার স্ত্রী মাকড়সার জন্য ‘উপহার’ হিসেবে শিকার ধরে নিয়ে যায়।
