তোমাদের জন্য
কবি অজয় দাশগুপ্তের ৫৬তম জন্মদিন ১০ জানুয়ারি। কিডজ-এর পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা।
মা
একটা ছড়া জাদুর হলে একটা ছড়া মায়ার
একটা ছড়া রোদের হলে একটা ছড়া ছায়ার
একটা কথা তোমার হলে একটা কথা আমার
দুয়ের কথা মিললে পরে তবেই যৌথ খামার।
একটা ছড়া কমের হলে একটা ছড়া বেশির
একটা ছড়া নেইমারের আর একটা ছড়া মেসির
একটা খেলা তোমার হলে একটা খেলা আমার
দুয়ে মিলে চললে পরে নেই প্রয়োজন থামার।
একটা ছড়া শহর হলে একটা ছড়া গ্রামের
একটা ছড়া লিচুর হলে একটা ছড়া আমের
একটা ফসল তোমার ঘরে আমার ঘরেও দিয়ো
তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি প্রিয়।
ধানের মাঠে একটি ছড়া একটি ছড়া নায়ের
কিন্তু সকল ছড়াই জেনো প্রাপ্য বাংলা মায়ের।
ভুলে গেছ বাবার পরশ, মায়ের হাতের আদর
আজ কতদিন চাঁদ দেখনি? আকাশে নীল চাদর?
আজ কতদিন আলোর সাথে পাতাওনি হে মিতা
চোখে তোমার কাজল আছে? চুলে কোমল ফিতা?
পারিপাটি চিরুণী ভাঁজ নেই কেন হে চুলে
অন্ধকারে বাক্সে কেন আছ মনের ভুলে?
যারা তোমায় জ্ঞানের নামে গছিয়ে দিল গুগোল
তাদের কিন্তু ভালোই জানা পাঠ প্রকৃতি, ভূগোল।
যারা এখন শীর্ষে আছে তোমার ভুবন জুড়ে
তাদের কলম তাদের ছবি তাদের বাঁশির সুরে-
জগত আছে, মানুষ আছে, আছে জীবনধারা
একা একা তুমিই শুধু আছ মানুষ ছাড়া।
বাক্সজীবন ফেলে এবার বাইরে এসে দাঁড়াও
খোলা আকাশ, বাতাস নিতে চোখ-মুখ-হাত বাড়াও
যা কিছু সব পর্দা জুড়ে তারচে' অনেক বেশি
তোমার হবে, তুমিই হবে সেরা বাংলাদেশি।
