প্রবাদের গল্প: আষাঢ়ে গল্প
প্রবাদের প্রথম গল্পে যা বলেছিলাম, তা কি তোমাদের মনে আছে? প্রবাদ হল একটি জাতির দীর্ঘ অভিজ্ঞতার সংক্ষিপ্ত রূপ। এর মাধ্যমে ছোট্ট একটি শব্দ বা বাক্য দিয়ে পুরো একটা ঘটনাকে বর্ণনা বা বিশ্লেষণ করে ফেলা যায়।
আমরা যখন এই প্রবাদের পিছনের গল্প খুঁজতে যাব, দেখতে পাব শুধু অভিজ্ঞতাই নয়, অন্য ভাষাও কীভাবে কীভাবে যেন আমাদের ভাষার সঙ্গে মিলেমিশে এক হয়ে গিয়েছে। তবে প্রবাদের ভাষাগুলো খুব সহজবোধ্য ও মজার হয়, যেন সবাই একে অনায়াসে আপন করে নিতে পারে।
আজকে আমরা যে প্রবাদটির গল্প শুনব সেটি হচ্ছে, ‘আষাঢ়ে গল্প’। না না, তোমরা আবার ভেবো না, আমি কোনো আষাঢ়ে গল্প শুনাতে বসব। বরং আষাঢ়ে গল্প কথাটাই কোথা থেকে আসলো সেটা নিয়েই বলব।
আষাঢ়ে গল্প প্রবাদটির অর্থ হল, অবিশ্বাস্য বা আজগুবি গল্প। যেমন ধরো, সেই কৌতুকটির কথাই বলি। এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, জানিস, আমার দাদার না বিশাল এক গুদাম ছিল। মাইলের পর মাইল লম্বা সেই গুদাম। দ্বিতীয় বন্ধুও চট জলদি জবাব দিল, তুই জানিস আমার দাদার না বিশাল লম্বা এক মই ছিল, সেটা বেয়ে একদম চাঁদে চলে যাওয়া যেত। এখন প্রথম বন্ধু তো বুঝে গেল তার বন্ধু তাকে মিথ্যে বলছে। সে রেগে মেগে জবাব দিল, আষাঢ়ে গল্প করার আর জায়গা পাও না? তোমার দাদা সে মইটা রাখত কোথায় শুনি? চালাকিতে দ্বিতীয় বন্ধুও কম যায় না। সে আবার জবাব দিল, কেন তোমার দাদার সেই মাইলের পর মাইল লম্বা গুদামে। এই হল আষাঢ়ে গল্পের উদাহরণ। যখন কেউ পুরোপুরি অবিশ্বাস্য কিছু বলে তখন সেটিকে আষাঢ়ে গল্প বলে।
এ কথাটায় যদিও বাংলা আষাঢ় মাসের সঙ্গে মিল রয়েছে, তবুও আষাঢ় মাস বা বর্ষাকালের সঙ্গে এই প্রবাদের কোনোই সম্পর্ক নেই। প্রখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরী তার সময় এরকম প্রবাদ, শব্দ ইত্যাদির উৎস সন্ধানের কাজ করেছেন। তিনি কলকাতা থেকে প্রকাশিত, বিচিত্রা পত্রিকার ১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র মাসের সংখ্যায় বর্ষার দিন নামে একটি প্রবন্ধ লেখেন। সেখানে তিনি উল্লেখ করেন, পূর্ববঙ্গের লোক আসলে আষাঢ়ে গল্প প্রবাদটি ব্যবহার করে না। তারা বলে, আজাড়ে গল্প। সংস্কৃত শব্দকোষে আজাড়ে শব্দের সন্ধান পাওয়া যায়নি। তাই তিনি ধারণা করেছিলেন এটি আরবি অথবা ফার্সি শব্দ। প্রমথ চৌধুরীর কাছাকাছি সময়ের ভাষাবিদ এবং বাংলা ভাষা বিষয়ে বিশেষজ্ঞ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহও প্রমথ চৌধুরীর কথার সমর্থন করেছেন। তার সম্পাদিত বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধানে তিনি উল্লেখ করেছেন যে, আজাইড়্যা, আজাড়া, আজারে ইত্যাদির অর্থ অবিশ্বাস্য, অদ্ভুত, অমূলক বা অহেতুক। ফার্সি অভিধানে আযার বা আজাড় শব্দ থেকেই আজুড়ে বা আজাড়ে শব্দ এসেছে যার অর্থ অত্যধিক বা বেহুদা।
তাহলে প্রশ্ন জাগে, আজাড় কীভাবে আষাঢ় হয়ে গেল? তাই তো! প্রমথ চৌধুরী এই সমস্যার সমাধানও দিয়েছেন। তার মতে, কখনও কখনও আমরা যখন কথাকে শুদ্ধ করে বলার চেষ্টা করি তখন সঠিক শব্দটিকেও কিছুটা বদলে দেই। এই ভুল নিয়মে পড়ে অনেক সময় ভুলভাবেই শব্দের শুদ্ধিকরণ হয়। এভাবেই আজাড়ে একসময় হয়ে গিয়েছে আষাঢ়ে। তার কথা খুব ভুলও নয়। যেহেতু আষাঢ়ে শব্দের দ্বিতীয় কোনো উৎস পাওয়া যায়নি, আবার ফার্সি বা আরবি ভাষা থেকে এই আষাঢ় শব্দ আসার কোনো সম্ভাবনাই নেই। কেননা ওদের দেশে এইসব আষাঢ়-শ্রাবণের বালাইই যে নেই।
আমরা ব্যাকরণ বইয়ে হরহামেশাই পড়ে থাকি, ভাষা নাকি প্রতিদিন বদলায়। দেখলে তো এটা যে শুধুই কথার কথা নয়। ঘটনা আসলেও সত্য। একদম জীবন্ত বস্তুর মতো ভাষারও খেয়াল খুশি আছে। সে বদলে যায়। আর বদলাবেই বা না কেন? ভাষা যে জীবন্ত মানুষের মুখে মুখেই ফেরে।
