২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইম রিভিউ: ক্রনোলজি

বন্ধুরা!! আজ তোমাদের একটা অজানা আর ভিন্নধর্মী গেম এর গল্প বলব। এবারের গেমটার প্লাটফর্ম কিন্তু আমাদের সবার পুরনো বন্ধু “উইন্ডোজ”। বাসার ডেস্কটপ, ল্যাপটপ অথবা উইন্ডোজ ফোনে তোমরা এই গেমটা খেলতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আপন ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 02:12 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

সাইড-স্ক্রলিং।

হ্যাঁ। গেমটার ধরন কে বলা যায় “সাইড-স্ক্রলিং অ্যাডভেঞ্চার” আবার কারও মতে এটাকে বলা যায় “পাজল প্লাটফরমার”।

“সাইড-স্ক্রলিং অ্যাডভেঞ্চার”  মানে হলো গেমের চরিত্রগুলো শুধুমাত্র দুই ধরনের গতিবিধিতে চলাচল করতে পারে। সহজ ভাবে বললে বলা যায় সে শুধু আগে-পিছে করতে পারে ও লাফ দিতে পারে। আর “পাজল প্লাটফরমার” বলতে বোঝা যায় ধাঁধার সমাধানের মাধ্যমে গেমকে এগিয়ে নিয়ে যাওয়া।

তবে যে যাই বলুক, গেমটা কিন্তু বিভিন্ন দিক থেকে অন্য সব গেমের থেকে আলাদা। সে কাহিনীতে পরে আসছি।

ব্যাপারটা কি?

গেমের শুরুতে বুড়ো একজন বিজ্ঞানীর ভূমিকায়, বিষণ্ণ একটা পৃথিবীতে তোমাদের আবির্ভাব হবে। সেই বুড়ো কিন্তু জানেনা যে কোথায় কি হয়েছে অথবা ঘটনা]টা কি!

গেমের কাহিনী এগুতে থাকলে সে একটা ঘড়ির মতো দেখতে টাইম মেশিন পায়। এখন তোমাদের কাজ হলো, একই জায়গায় আগের পরিস্থিতি আর পরের পরিস্থিতির কথা চিন্তা করে সামনে এগিয়ে যাওয়া।

এই যেমন ধরো, তুমি আছো বর্তমানে। সামনে এগুতে গেলে দেখলে বড় একটা দেয়াল, যাতে তুমি লাফ দিয়ে নাগাল পাচ্ছো না।

সেক্ষেত্রে হয়তো অতীতে গিয়ে দেখলে আশেপাশেই ছোট্ট একটা গাছের চারা আছে। তা তুলে দেয়ালের সামনে লাগিয়ে দিয়ে আবার বর্তমানে ফিরে আসলেই ব্যাস! হয়ে গেল! গাছ বেয়ে উঠে যাবে দেয়ালে আর তারপর সামনে এগুতে পারবে। অদ্ভুত না?

গেমটার মূল আকর্ষণ হলো, একই জায়গায়  অতীত আর ভবিষ্যতের সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিকে শিল্পীর কল্পনায় দেখা আর সঙ্গে মজার মজার জায়গা, ধাঁধা মাথা খাটিয়ে পার করা।

গেমের শুরুতেই পেয়ে যাবে তোমাদের সঙ্গী, মানে একটা লক্ষ্মী শামুককে, যে কিনা তোমাদের সঙ্গেই থাকবে বিভিন্ন সাহায্যের জন্য। তবে ‍হ্যাঁ, তোমাদের কিন্তু বিজ্ঞানী আর শামুক দুটি হয়েই খেলতে হবে।

সব কিছু শুনে মজা লাগছে না? খেলতে শুরু করলে বুঝবে আরও কতো মজা তোমাদের জন্য অপেক্ষা করছে।

পৃথিবীতে মানব সভ্যতা এগিয়ে যাওয়ার সঙ্গে পিছনের দিকে গিয়েছে প্রকৃতির অবস্থা।গেমটা তে ভবিষ্যতকে যেভাবে দেখানো হয়েছে তোমরা আশা করি তা বুঝবে আর পরিবেশ নিয়ে ভাববে, পরিবেশ নিয়ে কাজ করবে। কারন টাইম মেশিন পরে নাও পেতে পারো পৃথিবীকে বাঁচানোর জন্য।