২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমি আমার দেশটাকে যে ভীষণ ভালবাসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রেবেকা ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 12:35 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

ভালো লাগে দেশের অতুল শান্ত সবুজ গ্রাম
ভোরের বেলায় সুনীল আকাশ নীরব ছিমছাম,
জ্বলজ্বলে ওই সর্ষে ক্ষেতে হলুদ রাশি রাশি
আমি আমার দেশটাকে যে ভীষণ ভালবাসি।

ভালবাসি এদেশ জুড়ে শতেক হাজার নদী
এঁকে বেঁকে শান্ত ঢেউয়ে, বয় যে নিরবধি,
বর্ষাকালে প্রবাহিনীর মূর্তি সর্বনাশী
আমি আমার দেশটাকে যে ভীষণ ভালবাসি।

ভালো লাগে ফাগুন মাসের আগুন ঝরা গান
শাওন মাসের ঝুম বিষ্টির আকুল আহবান,
আশ্বিন মাসে ঘাসের বুকে শিউলি ফুলের হাসি
আমি আমার দেশটাকে যে ভীষণ ভালবাসি।

ভালবাসি একতারাতে উতাল পাগল সুর
বিষণ্নতার দুপুর বেলা হই যে আমি চুর,
বটের ছায়ে রাখাল ছেলে বাজায় যখন বাঁশি
আমি আমার দেশটাকে যে ভীষণ ভালবাসি।

ভালোবাসি বৈঠা টানে ক্লান্ত মাঝির ছবি
মাছের মেলায় জেলের চোখে ঝলসে ওঠা রবি ,
ভর দুপুরের ঘামে ভেজা কাস্তে হাতে চাষী
আমি আমার দেশটাকে যে ভীষণ ভালবাসি।