গুপ্তধনের সন্ধানে... !
বই : ট্রেজার আইল্যান্ড
লেখক : রবার্ট লুইস স্টিভেনসন
ধরণ : অ্যাডভেঞ্চার/রহস্য
ভাষা : ইংরেজি
প্রকাশক : রেইনট্রি পাবলিশার্স (তবে বাংলাতেও বেশ কয়েকটি প্রকাশনীর অনুবাদ রয়েছে)।
কাহিনী সংক্ষেপ :
জলদস্যুদের কথা তো তোমরা জানোই। সেই যে সমুদ্রের ত্রাস, জাহাজের মাঝিমাল্লারা যাদের জাহাজের পতাকা দূর থেকে দেখলেই ভয়ে আধমরা হয়ে যেতে। ওরা তো আর শুধু জাহাজই লুট করতো না, জাহাজের সবাইকে মেরেই ফেলত। এমনই এক জলদস্যু একবার এসে উঠল জিমদের হোটেল ‘অ্যাডমিরাল বেনবো’তে। নাম তার বিলি বোন্স। হোটেলে ঢুকেই গাইতে লাগল জলদস্যুদের ট্রেডমার্ক গান--
ফিফটিন ম্যান অন দ্য ডেড ম্যান’স চেস্টÑ
ইয়ো হো-হো-হো, এন্ড এ বোটল অব রাম!
সঙ্গে এক বিশাল সিন্দুক। এসেই একেবারে হাঁকডাক শুরু করে দিল। আর হোটেলটাও ওর বেশ পছন্দই হয়ে গেল। সে তাতে থাকতেও শুরু করে দিল। জিম কিন্তু তখনও ঘুণাক্ষরে জানে না, এই বোন্সের জন্যই ওর জীবনে কতো বড়ো একটা ঘটনা ঘটতে চলেছে।
বোন্স, জিমকে একটা দায়িত্ব দিয়েছিল, ওর খোঁজে আরও একজন জলদস্যু আসতে পারে। তার এক পা খোঁড়া। দেখলেই জিম চিনে ফেলতে পারবে। সে শহরে আসলেই যেন জিম তাকে খবর দেয়। এরই মাঝে পেরিয়ে গেল কয়েক মাস। আর সেই এক পা খোঁড়া জলদস্যু আসার আগেই হোটেলে এল এক অদ্ভূত লোক। বাম হাতে তার দুটো আঙুল নেই। এসেই সে বিলি বোন্সের খোঁজ করতে লাগল। জিম তো বোন্সের নাম জানেও না। কিন্তু চেহারার বর্ণনা দিলে জিমের মতো চটপটে ছেলে আবার ওকে চিনবে না! বোন্স তখন আবার হাঁটতে বের হয়েছিল। ফিরে এসে বোন্স লোকটাকে দেখে তো ভয়েই শেষ। নাম তার ব্ল্যাক ডগ। সেও এক জলদস্যু। কিন্তু বোন্স-এর মতো ভালো জলদস্যু সে মোটেও নয়। যাওয়ার আগে কিসের জন্যে যেন বোন্সকে আবার বেদম পিটিয়ে গেল। জিম গিয়ে দেখে বোন্স অচেতন হয়ে পড়ে আছে। জিমের অসুস্থ বাবাকে দেখতে ঠিক তখনই ডাক্তার লেভসি ঢুকল ওদের হোটেলে। বোন্সকে দেখে জানালো, সে স্ট্রোক করেছে। পাক্কা এক সপ্তাহ বিশ্রাম নিতে হবে। আর জ্ঞান হওয়ার পর তাই শুনে তো বোন্সের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়লো। সে যে কী ভীষণ ঝুঁকির ভেতর আছে, তার উপর আবার এক সপ্তাহ এখানে বসে থাকতে হবে!
সেদিন রাতেই জিমের বাবা মারা গেল। আর তার মাঝে জিমেরও বোন্সকে দেখতে যাওয়া হলো না। পরদিন তাদের হোটেলে এল আরেক অদ্ভ‚ত লোক। এই লোকটা অন্ধ। কিন্তু গায়ে যে কী জোর! জিমকে দিয়ে জোর করে বোন্সের ঘর চিনে নিল। আর তারপর বোন্সের হাতে ধরিয়ে দিলো ব্ল্যাক স্পট। ব্ল্যাক স্পট হচ্ছে জলদস্যুদের মৃত্যু পরোয়ানা। তাতে লিখে দেওয়া হয় কখন তাকে মারা হবে। ক্যাপ্টেন বোন্স দেখল, তাতে লেখা ১০টা। মানে আর মাত্র ৬ ঘণ্টা। আর তারপরই আরেকবার স্ট্রোক করল। এবার আর ধকল সামলাতে পারল না, মারা গেল জিমের দেখা প্রথম জলদস্যু ক্যাপ্টেন বিলি বোন্স।
জিম আর ওর মা ওদের পাওনা নেওয়ার জন্য বোন্সের বিশাল সিন্দুকটা খুলল। উপরে রাখা কিছু কাপড়-চোপড়, পিস্তল আর তামাক। ওগুলো সরাতেই বের হয়ে আসলো এক ব্যাগ ভর্তি সোনার মোহর আর অয়েল ক্লথে মোড়ানো একটা বান্ডিল। এরমধ্যেই ওরা শুনলো নিচে যেন কারা এসে জটলা পাকাচ্ছে। জানালা দিয়ে জিম দেখল, অন্ধ লোকটি এবার লোকজন নিয়ে এসেছে। ওরা কি করবে কিছুই বুঝতে পারছিল না। শেষমেষ জিম সোনার মোহর না নিয়ে অয়েলক্লথে মোড়ানো বান্ডিলটা নিয়েই সরে পড়ল। ওদিকে দস্যুরা তো সিন্দুকে ঐ বান্ডিল আর খুজে পায় না। না পেয়ে পুরো হোটেলই তছনছ করে ফেলল। তখনই জিমের বাবাকে কবর দেয়ার জন্য লোকজন ঘোড়া নিয়ে টগবগ করে ছুটতে ছুটতে আসায় ওরা বেঁচে গেল। দস্যুরা ভাবলো অন্য কোনো জলদস্যু আসছে। তাই তড়িঘড়ি করে পালালো।
জিম কিন্তু ওদের কথাবার্তা শুনেই বুঝে ফেলেছে, ওর কাছে যে বান্ডিলটা আছে, সেটা খুবই দরকারি। তাই দেরি না করে তক্ষুণি ছুটলো ডাক্তার লেভসির কাছে। ডাক্তার লেভসির ঘরে তখন সেখানকার স্কয়ার ট্রেলায়নিও আছেন। তারা সব শুনে তাড়াতাড়ি করে বান্ডিলটা খুললেন। ভেতরে কেবল একটা সিলগালা করা খাম আর একটা নোটবুক। নোটবুকের অর্ধেক জুড়ে রাজ্যের নাম লেখা। বাকি অর্ধেকে লেখা রাজ্যের সব হিসাব। তবে খাতা দেখে বোঝা গেল, খাতাটি জলদস্যু ব্ল্যাকহার্টেড ডগের। এবার খোলা হলো সিলগালা করা খামটি। আর তাতে কি আছে জানো? একটা গুপ্তধনের ম্যাপ! তখন তখনই স্কয়ার পরিকল্পনা করে ফেলল ওরা গুপ্তধন উদ্ধারে যাবে। স্কয়ার ট্রেলায়নি, ডাক্তার লেভসি আর জিম। কিন্তু সবাইকে তো আর জানানো যাবে না যে তারা গুপ্তধন উদ্ধারে যাচ্ছে, তাদের কাছেই আছে গুপ্তধনের ম্যাপ। তাহলে তো অনেক শত্রæই জুটে যাবে। সুতরাং ছদ্মবেশ হিসেবে ডাক্তার লেভসি যাবেন জাহাজের ডাক্তার হয়ে, আর জিম কেবিন ক্রু হিসেবে। এক সপ্তাহের মধ্যে আঁটঘাট বাধা শেষে তারা রওয়ানা হলো ট্রেজার আইল্যান্ডের সন্ধানে। শুরু হয়ে গেল জিমের দুঃসাহসিক অভিযান।
জাহাজের সবচেয়ে ভালো নাবিক লং জন সিলভার। কাঁধে তার সবসময় থাকে একটা টিয়াপাখি। সে সবসময় চিৎকার করছে, ‘এইট পিস! এইট পিস!’ দুর্ধর্ষ জলদস্যুর নামে সে তার টিয়ার নাম রেখেছে ‘ক্যাপ্টেন ফ্লিন্ট’। ওদিকে জাহাজের ডেকে নাবিকদের জন্য একটা বড়ো পিপেতে রাখা আছে একগাদা আপেল। একদিন জিমেরও ইচ্ছে হলো আপেল খাওয়ার। অনেক কষ্ট করে লুকিয়ে-চুরিয়ে ও পিপের কাছে গেল। সেখানে কি দেখে জানো? লং জন সিলভার আরেক নাবিক ইসরায়েল হ্যান্ডসের সঙ্গে শলাপরামর্শ করছে। ওদের কথা শুনে ও বুঝতে পারলো, লং জন সিলভার মোটেও কোনো ভালো নাবিক তো নয়ই, বরং ও একটা দুর্ধর্ষ জলদস্যু। সিলভার ওর দলবল নিয়ে ওদের জাহাজে নাবিক সেজে উঠে গেছে। উদ্দেশ্য, জিমরা গুপ্তধন উদ্ধারের পর ওদের মেরেকেটে গুপ্তধন নিয়ে মহানন্দে ফ‚র্তি করতে করতে চলে যাবে। কিন্তু জিম যখন সব শুনেই ফেলেছে, তখন কি আর এতো কিছু আর হতে দেয়? ও তড়িঘড়ি করে গিয়ে স্কয়ার, ডাক্তার আর জাহাজের ক্যাপ্টেন স্মলেটকে সব বলে দিল।
ওদিকে আবার জাহাজের নাবিক আর খালাসিরা একটানা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। ওরা একটু ছুটি চাইছে। আর জাহাজও ততদিনে চলে এসেছে ট্রেজার আইল্যান্ডে। কাছেই এক জায়গায় নোঙর করল ওরা। নাবিকরা যখন নামছিল, তখন কোন ফাঁকে কিভাবে যেন জিমও পরে গেল জাহাজ থেকে। কোনো রকমে ও সাঁতরে উঠল তীরে। আর তারপর এক ছুটে একেবারে বনের ভিতর। যদি সিলভার আবার ওকে কিছু করে বসে। কিন্তু, কথায় আছে না, যেখানে বাঘের ভয়, সেখানেই রাত হয়! ও যেখানে গিয়ে থামল, তার কাছেই কোথাও থেকে ও শুনলো লং জন সিলভারের গলা। লুকিয়ে লুকিয়ে দেখল, সিলভারের প্রস্তাবে রাজি না হওয়ায় ও ক্যাপ্টেন স্মলেটের এক নাবিককে মেরেই ফেলল। তাই দেখে তো জিম ভয়ে একেবারে দে ছুট আরেক দিকে। হঠাৎ ওর পথরোধ করলো এক অদ্ভ‚ত জন্তু। কী আশ্চর্য! একটু পর জন্তুটা হাটু গেড়ে বসে ওর নাম জিজ্ঞেস করে বসল! আসলে জন্তুটা হলো বিলি জেন, সেও এক জলদস্যু। ক্যাপ্টেন ফ্লিন্টকে ও ট্রেজার আইল্যান্ডে গুপ্তধন রেখে চলে যেতে দেখেছিল। আর তাই দেখে বিলি ওদের ক্যাপ্টেনকে জানানোর পর ওরা সবাই মিলে ১২ দিন ধরে খুঁজেও যখন কিছু পায়নি, তখন অন্যরা সবাই মিলে বিলিকে মেরুনে রেখেই চলে গেছে। কোনো জলদস্যুকে শাস্তি দিতে হলে অন্য জলদস্যুরা মিলে তাকে একটা নির্জন দ্বীপে একা একটা পিস্তল আর একটা বুলেট দিয়ে ফেলে চলে যায়। থেকে যাওয়া জলদস্যুকে হয় তিলে তিলে মরতে হয়, নয়তো বুলেটটা পিস্তলে ভরে আত্মহত্যা করতে হয়। এটাকেই বলে মেরুন। বিলি জেন তো সবশুনে ওর পক্ষে চলে আসলো। কারণ, লং জন সিলভার যে ওরও শত্রু!
এবার শুরু হলো আসল লড়াই। একদিকে লং জন সিলভারের নেতৃত্বে একদল জলদস্যু। অন্যদিকে, স্কয়ার ট্রেলায়নির নেতৃত্বে জিম, ডাক্তার লেভসি আর কয়েকজন নেহাত জাহাজের নাবিক। ওদের সঙ্গে অবশ্য বিলি জেনও আছে। কিন্তু সে তো আছে জঙ্গলে। ওরা অবশ্য আগেভাগেই ক্যাপ্টেন ফ্লিন্টের দূর্গটা দখল করে নিয়ে বসে আছে। তাই বলে কি আর জলদস্যুদের সঙ্গে ওরা পারবে, বলো? আর শুধু পারলেই তো আর হবে না, উদ্ধার করতে হবে গুপ্তধন। ওদের কাছে অবশ্য তার জন্যে একটা ম্যাপও আছে। কিন্তু তার ভাষা যে বড়োই দুর্বোধ্য! তোমরাই বলো, এ কাজ বড়ো কঠিন নয় তো কী! শেষমেষ কি হলো জানতে চাও? তবে জোগাড় করো ‘ট্রেজার আইল্যান্ড’ আর চটপট করে পড়ে ফেলো দেখি!
