২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানকৌড়ি : টুপটুপ দেয় ডুব

পানকৌড়ি জলের পাখি। অন্য নাম জলের কাক। গায়ের রংয়ের জন্য এ নাম। গ্রামাঞ্চলে তাকে পানিউড়ি নামেও ডাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 03:54 PM

Updated : 13 Oct 2022, 12:58 PM

পানকৌড়ি জলে নেমে মাছেদের রাজ্যে গিয়ে ধাওয়া দিয়ে শিকার ধরে, ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকে না। তার শিকার ধরার মধ্যে শিল্পকলার চেয়ে দৈহিক তৎপরতাই বেশি। পানকৌড়ির ইংরেজি নাম Little Cormorant, বৈজ্ঞানিক নাম Phalacrocorax niger.

বাংলাদেশে পানকৌড়ি অতি পরিচিত পাখি, বিশেষ করে বিল অঞ্চলে। লম্বা হয় ৫১ সেন্টিমিটার। সারা গা, বুক কুচকুচে কালো, তাতে সামান্য চকচকে আভা। গলায় সাদা একটি দাগ, পাখার নিচের পালক ধূসর রংয়ের। লেজের গড়ন নৌকার বৈঠার মতো। ঠোঁট সরু, কিছুটা গোল ধরনের, ঠোঁটের আগা বড়শির মতো বাঁকানো। পা দুটি খাটো এবং মজবুত। হাঁসের পায়ের মতো ওর পায়ের পাতা জোড়া লাগানো। জলের মধ্যে চলার সময় দাঁড়ের মতো পা দিয়ে পানি ঠেলে এগিয়ে যায়। চোখ সবুজাভ বাদামি। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম। বয়স্কদের বাইরের দিকে নাকের ফুটা থাকে না।

ডিম পাড়ার সময় এদের গলার দাগটি মিলিয়ে যায়। তার পরিবর্তে কয়েকটি সাদা পালক দেখা দেয়; বিয়ের বরকরে সাদা শোলার টোপরের নির্দশন যেন। আর গলার দুপাশে গায় কয়েকটি মিহি সাদা কোমল পালক, জুঁইফুলের মালার মতো। বাদামি রংয়ের ঠোঁট এ সময় লিপস্টিক দিয়ে রাঙানো ঠোঁটের মতো লাল টুকটুকে হয়ে ওঠে। বিবাহ অনুষ্ঠানে সাজসজ্জা ও অলঙ্করণ কেবল মানুষেরই নিজস্ব রীতি নয়, পশুপাখির জগতেও এটি প্রাকৃতিক নিয়ম।

পানকৌড়ি উষ্ণ ও নাতিশীতোষ্ণ মণ্ডলের পাখি। বাংলাদেশের প্রায় সর্বত্রই এদের দেখা যায়। এখানকার জলবায়ু, নদী, খালবিল এদের প্রিয় বিচরণক্ষেত্র। সময় সময় সমুদ্রের তীরে দেখা গেলেও পানকৌড়ি মিঠা পানির পাখি। বড় পুকুর ও বিল অঞ্চলই এরা বেশি পছন্দ করে। সুন্দরবন অঞ্চলের জোয়ার-ভাঁটার নদীগুলো এদের খুবই প্রিয়। হাঁসের মতো জলের সাঁতার কাটে। তবে পানকৌড়ি। সাঁতরানোর সময় তাদের শরীর পানির নিচে ডুবে থাকে, কেবল গলা ও মুখটি থাকে পানির উপর। আবার মাছের সন্ধানে এরা পানির অনেক নিচে চলে যায়। ডুবসাঁতারেও এরা পটু। সময় সময় একসঙ্গে অনেক পানকৌড়ি এক সারিতে একই দিকে ডুব দিয়ে দিয়ে চলতে থাকে।

পানকৌড়ির প্রধান খাদ্য ছোট মাছ, তবে কাঁকড়া, ব্যাঙাচি, ব্যাঙ ইত্যাদিও খায়। পানিতে সাঁতার কাটার সময় কোনো বিপদের সম্ভাবনা দেখা দিলে শুধু মাথা এবং গলাটুকু পানির উপর জাগিয়ে রেখে ডুবে থাকতে পারে। পানি থেকে ওঠার সময় এদের একটু বেগ পেতে হয়। পানি থেকে উঠে ডাঙাতে কিংবা শক্ত কোনো জিনিসের উপর বসে পাখা শুকায়। জলের উপর কোনো ডালপালা থাকলে সেখানেও এরা সোজা হয়ে বসে পড়ে। তখন নিশ্চিন্ত মনে রোদে পাখা মেলে বহুক্ষণ ধরে আরাম করে একইভাবে বসে থাকে।

পানকৌড়ি বাসা তৈরি করে গাছের উপর। ঝিল বা পুকুরের ধারে কিংবা জলের মধ্যে দাঁড়িয়ে আছে, এমন গাছই এরা পছন্দ করে। ছোট ছোট কাঠকুটো দিয়ে বাসা বানায়। পানকৌড়ির শরীরের গঠনের তুলনায় বাসা অনেক ছোট। বাসা তৈরিতে এরা পটু নয়। কাক বা বকের পুরোনো বাসা পেলে তা দিয়েই কাজ চালিয়ে নেয়। একই গাছে কয়েকটি পরিবার একসঙ্গে বাস করে। এরা সামাজিক পাখি। শুধু নিজেরাই দল বেঁধে থাকে না, অন্য জাতের পাখি যেমন বক, বাচকা (নিশিবক), শামুকখোল ইত্যাদি পাখির সঙ্গে একই গাছে বাসা বেঁধে বাচ্চাদের লালনপালন করে।

চীন ও জাপান দেশের মানুষেরা মাছ ধরার জন্য পানকৌড়ি পোষে। এদের গলায় আংটা পরিয়ে তাতে লম্বা শক্ত সুতা বেঁধে জলে নামিয়ে দেয়। ডুব দিয়ে মাছ ধরে যখন জলে উপর ভেসে ওঠে তখন পালক সুতা টেনে পাখির মুখ থেকে মাছ খুলে নেয়। গলায় আংটা থাকায় পানকৌড়ি মাছ ধরেই গিলে ফেলতে পারে না। কিছুদিন এমন অভ্যাস হয়ে গেলে তখন আর ঘলায় আংটা পরানোর দরকার হয় না; আপনা হতেই মাছ এনে পালকের কাছে জমা দেয়।

পানকৌড়ি একবারে তিন থেকে পাঁচটি ডিম পাড়ে। ডিমগুলো লম্বা ধরনের। একদিক ক্রমে সরু হয়ে এসেছে। সবুজ আভাযুক্ত নীল, খোসা বেশ শক্ত। প্রথম দিকে ডিমগুলোতে চকের মতো সাদা এবং নীলাভ সাদা গুড়া মাখানো থাকে। ডিম ফোটার আগ দিয়ে এগুলো হলদে ও বাদামি রংয়ের হয়ে পড়ে।

ছবি : কল্লোল মজুমদার