২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লম্বা গলার প্রাণীটি

প্রাণীটি এতই লম্বা যে, শুধু তার গলার দৈর্ঘ্যই দুই মিটার বা তারও বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 12:38 PM

Updated : 13 Oct 2022, 12:58 PM

তোমরা কি জান, এই পৃথিবীতে স্থলে সবচেয়ে লম্বা প্রাণীটির নাম কী? প্রাণীটিকে হয়ত তোমরা চিড়িয়াখানায় দেখেছ। ঠিক আছে, হেঁয়ালি না করে আমি বরং নামটি বলেই দেই, প্রাণীটির নাম জিরাফ! শুধু তার গলার দৈর্ঘ্যই হতে পারে দুই মিটার বা তার চেয়েও লম্বা! তাহলেই বুঝ, তাকে স্থলে চলে এমন প্রাণীদের মধ্যে সবচেয়ে লম্বা প্রাণী না বলে কোনো উপায় আছে আর? 

এ প্রতিবেদনে আমরা জিরাফ সম্পর্কে আরও কিছু মজার মজার তথ্য জানব--

  • একটি পুরুষ জিরাফের ওজন একটি পিকআপ ট্রাকের সমান, প্রায় ১৪০০ কিলোগ্রাম!
  • যদিও একটি জিরাফের গলা প্রায় দেড়-দুই মিটার লম্বা, কিন্তু মজার ব্যাপার হল জিরাফের মেরুদণ্ডেও ঠিক ততগুলো হাড়ই (কশেরুকা) আছে, যতগুলো তোমার আছে।
  • সাধারণত আফ্রিকার বিস্তীর্ণ ভূমিতে বা চারণভূমিতে যেখানে পর্যাপ্ত ঘাস আছে এবং আফ্রিকার বনভূমিতে জিরাফ বাস করে থাকে।
  • এবার খুব মজার একটা ব্যাপার বলি, জিরাফের লেজ এর চুল তোমার মাথার চুল এর থেকে প্রায় দশ গুণ পুরু!
  • জিরাফের গায়ে যে ছোপ ছোপ দাগ দেখতে পাওয়া যায়, সেটি জিরাফকে শিকারিদের হাত থেকে বাঁচতে খুব সাহায্য করে। বিশেষ করে, জিরাফ যখন গাছ, ঝোপের আড়ালে লুকিয়ে থাকে তখন এর গায়ের ছোপ ছোপ দাগগুলো, সূর্যের আলো-গাছের ছায়ার কারণে গাছ-ঝোপ এর সঙ্গে মিশে যায়, আর শিকারিরা ধোঁকা খায়।
  • মাথার উপর শিং দেখে জিরাফটি ছেলে না মেয়ে তা কিন্তু বলে দেয়া যায়! ছেলে-মেয়ে উভয়েরই মাথায় শিং আছে, কিন্তু মেয়ে জিরাফের শিংগুলো ছোট এবং উপরের দিকে চুল দিয়ে ঢাকা থাকে।  আবার কখনও কখনও ছেলে জিরাফের তিনটি শিংও হয়।
  • জিরাফেরা কিন্তু রুমিন্যান্ট। ওহ রুমিন্যান্ট কথার মানে তো আমিও আগে জানতাম না! পরে ডিকশনারি ঘেঁটে মানে বের করে জানলাম, যেসব প্রাণীর পাকস্থলীতে চারটি প্রকোষ্ঠ থাকে, তাদেরকে রুমিন্যান্ট বলে। যেমন ধর গরু, ছাগল, ভেড়া, হরিণ, জিরাফ। এ ধরণের প্রাণীরা কী করে জান? এরা খাবার একবার খেয়ে গিলে ফেলে এবং পরে অবসরে, আবার সে খাবার পাকস্থলী থেকে মুখে এনে চাবাতে থাকে, একে জাবর কাটা বলে। তুমি কিংবা আমি কি জাবর কাটি? না, তাই আমরা রুমিন্যান্ট প্রাণী না।
  • পানি পানের সময়টা জিরাফের জন্য খুব বিপদজনক একটা সময়, যখন তারা পানি পান করে, তখন আর অন্য কোনোদিকে তাকাতে পারে না। ফলে, আশেপাশে শিকারি আছে কি-না সেটা বুঝতেও পারে না। সে সুযোগে শিকারিরা ওদের খপ করে ধরেও ফেলতে পারে।
  • একটি মেয়ে জিরাফ দাঁড়িয়েই বাচ্চার জন্ম দেয়, এবং অবাক করা ব্যাপারটি হল, বাচ্চাটি প্রায় ৬ ফিট উপর থেকে ভূমিতে পরলেও কোনো ব্যথা পায় না।
  • জিরাফের জিহ্বা কিছুটা নীলচে বেগুনী। জিহ্বাটি ভারী, কিছুটা শক্ত এবং চুলের মতো প্যাপিলায় আবৃত, যে কারণে এটি শক্ত, কাঁটাযুক্ত একাশিয়া গাছের পাতা অনায়াসে খেতে পারে। জিহ্বাটির দৈর্ঘ্য প্রায় ২০ ইঞ্চি।