বাবা তুমি বলেছিলে
বাবা তোমার ঘুম আসে কি ইট পাথরের সুরে ? চলোনা যাই বেড়িয়ে আসি সবুজ সোহানপুরে।
বাবা তুমি বলেছিলে , তোমার একটা গাঁও ছিল
সোহানপুর সেই গাঁয়েতে কাঠবিড়ালির ছাও ছিল ,
দখিণ পাশে ছলাৎ ছলাৎ ছোট একটা বিল ছিল
কত্তো পাখি সারস, ডাহুক, মাছরাঙ্গা আর চিল ছিল।
বাবা তুমি যাও না কেন সেই প্রকৃতির ছায়ে ?
আমায় তুমি কোনোদিনতো, নাওনি সেই গাঁয়ে ।
বাবা তুমি বলেছিলে, তোমার একটা ঘর ছিল
ঘরের পাশে গরুর চালে সোনা রঙের খড় ছিল
পেছন দিকে বাদাম, তাল আর লিচু, আমের গাছ ছিল
উঠোন কোণে লাকড়ি চুলোয় সারাটাদিন আঁচ ছিল।
বাবা তোমার মন কি হারায় সেই এলানো খড়ে ?
আমায় তুমি কোনোদিনতো, নাওনি সেই ঘরে ।
বাবা তুমি বলেছিলে, তোমার অনেক হাঁস ছিল
চালার পাশে খড়ের গাদায় ওদের নাকি বাস ছিল
সকাল হলেই ছুটোছুটি প্যাক্,প্যাক্,প্যাক্ ডাক ছিল
ঝোঁপের দিকে উঁকি ঝুঁকি বন শেয়ালের হাঁক ছিল ।
বাবা তোমার ঘুম আসে কি ইট পাথরের সুরে ?
চলোনা যাই বেড়িয়ে আসি সবুজ সোহানপুরে।
