২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাসের সবচাইতে দুষ্টু ছেলেটি

অদ্ভুত কারণে সবচাইতে দুষ্টু ছেলেটি একদিন খুব ভালো হয়ে গেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2014, 02:48 PM

Updated : 25 Apr 2022, 05:09 PM

বইয়ের নাম: ক্লাসের সবচাইতে দুষ্টু ছেলেটি

লেখক: ইমদাদুল হক মিলন

প্রকাশনী: অনন্যা

মূল্য: ১২৫ টাকা

গল্পটির প্রধান চরিত্র মন্টু মহাজন। কিন্তু মহাজন শব্দটাকে সবাই অদ্ভুতভাবে উচ্চারণ করে, মা হাজন ডাকে সবসময়! মন্টুর নামটাই একটু একটু করে মন্টু মা হাজন হতে হতে একেবারে পাকাপাকি ভাবে মা হাজন হয়ে গেল। তাও যদি কেউ তাকে মন্টু বলে ডাকত তবে তার কোনো দুঃখ থাকত না। সবাই একেবারে আগাগোড়া পুরো নাম ছাড়া ভুলেও তাকে ডাকে না। মন্টু মা হাজন; কী যন্ত্রণা! কিন্তু কেন তারা মন্টুকে মন্টু মা হাজন ছাড়া ডাকে না তার কারণ হয়ত মন্টুর মতো তারা নিজেরাও জানে না। যার কারণ জানিস না, তা বলতে যাস কেন? মন্টুর বিরক্তির শেষ নেই তার নাম নিয়ে।

মন্টুর নামটা যত বিচিত্র; সে দেখতে তার থেকেও বেশি অদ্ভুত। মন্টু পড়ে ক্লাস সেভেনে আর তার বয়স তের বছর কয়েক মাস। যদিও সবার মায়ের মতো ওর মাও দাবী করেন মন্টুর বয়স আরও কম। অথচ এই বয়সেই সে একেবারে তালগাছের মত লম্বা! বুড়িগঙ্গার কালি গোলা কালো পানির মত কুচকুচে কালো গায়ের রং, তুমি লাফিয়েও তার মাথা ছুঁতে পাড়বে কি-না সন্দেহ। বুঝতেই পারছ অবস্থা! এত লম্বা হয়ে লাভ কী? মন্টুর গায়ে এক কেজি মাংসও আছে কি-না সন্দেহ! দূর থেকে তাকে পাটকাঠির মতন দেখায়; তুমি ফুঁ দিলেই উড়ে যাবে এমন শুকনো সে! গাল যেন আরেকটু হলে মুখের ভেতরেই ঢুকে যেত এমন তোবড়ানো; অন্যদিকে নাকটি আবার অতিরিক্ত লম্বা; যেন এক বাজপাখি। হলদে দাঁতগুলো একেবারে খরগোশের মত বড় বড়; কে জানে হয়ত খরগোশের থেকেও বড়! মন্টুর চুল কখনও কেউ এক বা পৌনে এক ইঞ্চির বেশি লম্বা হতে দেখেনি; যেন খুলি কামড়ে ধরে আছে কদমফুলের পাপড়ি। সেই চুল আবার ১ ইঞ্চির কাছাকাছি হলেই মাথা ন্যাড়া করে ফেলে। অর্থাৎ মাসে বা দেড় মাসে সে একবার করে ন্যাড়া হয়। কী আজব তার ব্যাপার স্যাপার।

পড়ালেখায় তার একদম মন নেই কথাটি বললে তার লেখাপড়ার বিতৃষ্ণার কথা সঠিক ভাষায় প্রকাশ করা যায় না। সঠিকভাবে বলতে হলে বলতে হবে, একেবারে এক বিন্দু মন নেই। তবে বলা বাহুল্য, দুষ্টুমিতে তার কোনোই ক্লান্তি নেই। তারচেয়ে বেশি দুষ্টুমি করতে পারে এমন কেউ তাদের ক্লাসে তো দূরে থাক পুরো স্কুল কিংবা পুরো গ্রামে আর একজন আছে কি-না সন্দেহ!

কিন্তু এক অদ্ভুত কারণে সবাইকে অবাক করে দিয়ে সেই সবচাইতে দুষ্টু ছেলেটি একদিন খুব ভালো হয়ে গেল। একটু বেশিই ভালো। দুষ্টুমি বাদ দিয়ে আজকাল সে পড়াশুনার চেষ্টা করছে। পরীক্ষায় ফার্স্ট হয়ত হচ্ছে না। কিন্তু সবার চোখ গোল করে দেয়ার মতন নাম্বার পাচ্ছে! কথা হচ্ছে, কীভাবে?

এই কীভাবের জবাব জানতে হলে পড়তে হবে ইমদাদুল হক মিলনের লেখা 'ক্লাসের সবচাইতে দুষ্টু ছেলেটি বইটি'। বইটিতে গল্প আছে মোট সাতটি। মজার গল্পগুলো পড়তে পড়তে তুমিও গল্পের ভেতরেই খুঁজে পাবে নিজেকে, হয়ে যাবে কোনো একটি চরিত্র। তাহলে আর দেরি না করে, চটপট বসে যাও আর ঝটপট করে পড়ে ফেল “ক্লাসের সবচাইতে দুষ্টু ছেলেটি” বইটি।