২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুসাহিত্যের সান্তা ক্লজ

ক্রিসমাসের মাত্র একদিন আগে চলে গেলেন শিশুসাহিত্যের সান্তা ক্লজ এখলাসউদ্দিন আহমদ। এ দেশের শিশুদের মনকে তার চেয়ে ভালো আর কে বুঝতেন? সেই ‌‘এক যে ছিল নেংটি’ দিয়ে শুরু, তারপর কত গল্প, কত কাহিনিই-না তার কাছ থেকে উপহার পেয়েছে শিশুরা। তুনু, তপু আর বাঘ কেঁদো, নেংটি ইঁদুর বন্ধু হয়ে উঠেছে শিশুদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2014, 08:04 PM

Updated : 13 Oct 2022, 12:57 PM

ছোটবেলা থেকেই তার লেখার আমি ভক্ত। বাবার সঙ্গে তার বন্ধুত্বের ফলে শৈশবে-কৈশোরে দেখাও হয়েছে অনেকবার। ষাট দশকে তার সম্পাদনায় প্রকাশিত হত শিশুদের পত্রিকা ‌‘টাপুরটুপুর’। আমাদের বাড়িতে আমার বড়ভাই টাপুরটুপুরের অনেকগুলো কপি সংগ্রহ করে রেখেছিলেন। সেখান থেকে এখলাসউদ্দিন আহমদের লেখাগুলো যে কতবার পড়েছি।

তার ছড়ার মধ্যে ছিল অন্যরকম স্বাদ। তিনি শুধু শিশুদের মনভোলানো ছড়াই লিখতেন না, সেইসঙ্গে বাস্তবতার ছোঁয়াও দিতেন। সমাজ, আন্দোলন, খেটেখাওয়া শিশুদের কথাও পড়েছি তার লেখায়। নিজে ছিলেন আজীবন সমাজতন্ত্রের আদর্শে বিশ্বাসী।

১৯৪০ সালের ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় তার জন্ম। টকটকে ফর্সা রঙের জন্য ডাকনাম ছিল গোরা। পঞ্চাশের দশকের শেষদিকে চলে আসেন পূর্ববঙ্গে।

এদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। চট্টগ্রাম থেকে যে সাংস্কৃতিক আন্দোলন শুরু হয়েছিল তার অন্যতম পুরোধা সৈনিক ছিলেন তিনি।

‘‌টাপুরটুপুর’ এবং অন্যান্য বই প্রকাশের মাধ্যমে এখলাসউদ্দিন আহমদ এবং মোহাম্মদ শফি প্রকাশনা শিল্পে রীতিমতো বিপ্লব আনেন। তিনি শিল্পসমালোচকও ছিলেন দারুণ। তার সংগ্রহে অনেক খ্যাতিমান শিল্পীর আঁকা ছবি দেখেছি।

মুক্তিযুদ্ধের সময় গেরিলা যুদ্ধে অবদান রেখেছিলেন। তার কাছ থেকে মুক্তিযুদ্ধের অনেক গল্প শুনেছি পরবর্তীতে।

জনকণ্ঠে দশ বছর তার অধীনে সাংবাদিকতার সুবাদে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল এই অসাধারণ মানুষটিকে। ফিচার বিভাগে পিতৃপ্রতিম এখলাসভাইকে ঘিরে জমে ছিল আমাদের আনন্দের হাট। কত স্মৃতি আজ ভিড় করে আসছে। সম্পাদকীয় সহকারী আমরা কজনা-- পারভীন সুলতানা ঝুমা, অদিতি রহমান, রেহানা পারভীন রুমা, শাকিল রিয়াজ, আলী হাবিব, ফারহানা মিলি, ডাক্তার সজল আশফাক, তাপস বিশ্বাস, উত্তম সেন, প্রবীর দাশগুপ্ত, নাজিব তারেক, মতিন রায়হান, চঞ্চল আশরাফ।

সে সময় বিভিন্ন ফিচার পাতা দেখতেন সহকারী সম্পাদক আবীর হাসান, নাসির আহমেদ এবং আমরা কজন। ফিচার সম্পাদক ছিলেন এখলাসভাই। শিশুদের জন্য ঝিলিমিলি পাতাটি তিনি দেখতেন। সে পাতায় ধারাবাহিক প্রকাশিত হত তার বিভিন্ন উপন্যাস। শিশুদের অসংখ্য চিঠি আসত সেসব লেখা নিয়ে। শুধু শিশুরা নয়, এখলাসভাইয়ের কাছে সে সময় আসতেন দেশের বিশিষ্ট সাহিত্যিকরা। তিনি ছিলেন সকলেরই প্রিয়।

তাকে ঘিরে আমাদের আবদারেরও সীমা ছিল না। এখলাসভাই ছিলেন বরাবরই উদারহস্ত। একটু আবদার করলেই বিভাগের সাতাশ জনের জন্য চলে আসত স্টার কিংবা মিকাডোর লাঞ্চবক্স। আর মোগলাই বা হালকা নাস্তা তো তাকে একটু অনুরোধ করলেই খাওয়াতেন।

২০০০ সালে তিনি যখন একুশে পদক পেলেন তখন বিভাগের সবাইকে চাইনিজ হোটেলে খাইয়েছিলেন।

১৯৯৯ সালে পেয়েছিলেন শিশু একাডেমি পুরস্কার। শিশুদের জন্য লিখতেন বলেই হয়ত মনটিও ছিল শিশুর মতো সরল। বহু মানুষকে সাহায্য করতেন গোপনে। মনে পড়ে কবি নাসির আহমেদ যখন গুরুতর অসুস্থ, তখন তার চিকিত্সার জন্য এখলাসভাইয়ের অক্লান্ত শ্রমের কথা। নাসিরভাইকে নিয়ে কলকাতায় গিয়েছিলেন তিনি, সেবাও করেছেন নিজহাতে।

মানুষ হিসেবে তিনি কত বড় ছিলেন সে কথা মনে পড়ছে আজ। একবার আমাদের বিভাগের একজন পিয়ন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এখলাসভাইকে দেখলাম নিজে হাতে তাকে সেবা করতে এবং হাসপাতালে নিয়ে যেতে। আমাদের সহকর্মী ফারহানা মিলির সদ্যোজাত সন্তানের অসুস্থতা যখন ধরা পড়ে তখন সেই শিশুকে চিকিত্সার জন্য ভারতে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। সে সময় সাধ্যমতো সাহায্য করেছিলেন এখলাসভাই। মিলির মেয়ে অরিত্রাকে দেখলে আমার এখলাসভাইয়ের কথা মনে পড়ে। কারণ এই ফুটফুটে শিশুটির বেঁচে থাকার পিছনে অনেক বড় অবদান রেখেছিলেন সাদা মনের সেই মানুষটি।

দেখতেও ছিলেন অসাধারণ সুদর্শন। গৌরবর্ণের দীর্ঘকায় এখলাসভাই ধবধবে সাদা পায়জামা পাঞ্জাবি পরে সকালবেলা যখন অফিসে ঢুকতেন তখন তার সেই সৌম্যমূর্তি দেখে মনটা স্নিগ্ধ হয়ে উঠত।

এখলাসউদ্দিন আহমেদ আজ নেই। চলে গেলেন পাতা ঝরা শীতের মৌসুমে। কিন্তু তার চিরসবুজ লেখার মধ্যে তিনি বেঁচে থাকবেন চিরকাল।