২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান্তা আঁকা শেখা

বড়দিন তো এসেই গেল। আজকের দিনে আমরা যদি সান্তা আঁকা না শিখি তাহলে তো জিনিসটা কেমন হয় বল তো? নিঃসন্দেহে খুব খারাপ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2014, 05:18 PM

Updated : 13 Oct 2022, 12:57 PM

পুরনো খবর:

যেভাবে আঁকব (গ্যালারী)

তাই ধাপে ধাপে ছবি আঁকা অংশে আমরা শিখব কীভাবে সান্তার মুখ আঁকতে হয়। আর আমরা তো জানিই ধাপে ধাপে আঁকলে কঠিন লাগে না কোনো কিছুই। তবে সান্তা আঁকা এমনিতেও কঠিন কিছু না। শুধু তুমি যদি কতগুলো সোজা রেখা, বৃত্ত আর ত্রিভুজ আঁকতে পার তবেই হয়ে যাবে সান্তার মুখ।

তাহলে চল চট জলদি দেখে নেই আমাদের কী কী লাগবে—

১। পেনসিল

২। ইরেজার

৩। সার্পনার

৪। A4 সাইজের সাদা কাগজ

৫। যে কোনো ধরণের লাল, হালকা হলুদ রঙ

যেভাবে আঁকব—

১।  প্রথমে A4 সাইজের কাগজটিকে লম্বালম্বি করে নিয়ে এর উপরের দিকে একটি ত্রিভুজ আঁকব। ত্রিভুজটি সমবাহু হতে পারে অথবা সমদ্বিবাহুও হতে পারে।

২। ত্রিভুজটির একদম শীর্ষে একটা ছোট বৃত্ত আঁকব। এটি হল আমাদের সান্তার টুপি।

৩। এবার ত্রিভুজের ভূমির সমান্তরাল আরও একটা রেখা একে উপরের ত্রিভুজের সাথে মিলিয়ে দাও। যে দুটি রেখা দিয়ে মিলাবে সে রেখাগুলো একটু গোলগাল হবে, একদম সোজা লম্বা হবে না।

৪। এবার টুপির ত্রিভুজের ভূমির দুই প্রান্ত সোজা লম্বা দুটি দাগ দাও।

৫। দুটি লম্বা দাগের মাঝে যে জায়গাটা আছে তার নিচের দিকে ঠিক মাঝামাঝিতে আবার একটা ছোট বৃত্ত আঁক। এটা আমাদের সান্তার নাক

৬। নাকের পর এবার গোঁফের পালা। ‘গোঁফের আমি গোঁফের তুমি গোঁফ দিয়ে যায় চেনা’ এই কবিতাটি তো তোমরা জানই। তাহলে সান্তার জন্য তো একটা সান্তার মতোই গোঁফ হওয়া চাই, তাই না? এ গোঁফটিকে হতে হবে পেল্লায়। নাকের বৃত্তের দুইপাশে দুটি পেল্লায় গোঁফ এঁকে দাও।

৭। নাক হল, গোঁফ হল, এবার হবে দাড়ি। সান্তার দাড়িও খুব সহজ। আরও একটি ত্রিভুজ তবে এটি উল্টা। গোঁফের নিচ একপাশের থেকে শুরু করে অন্যপাশে শেষ করে দাও। তবে খুব সাবধান এই ত্রিভুজের কিন্তু ভূমি হবে না। শুধুই V এর মতো করে এঁকে দিতে হবে।

৮। এবার সান্তার চোখ আর মুখ হবে। সান্তার গোঁফের উপরে দুপাশে দুটো অর্ধবৃত্ত আঁক আর বৃত্ত দুটির ভিতরে আরও দুটি কালো গোলক আঁকলেই হয়ে যাবে সান্তার চোখ। বাকি রইল কেবল মুখ। তাই বা বাকি থাকবে কেন? গোঁফের নিচে চাঁদের মতো করে এঁকে দাও একটা মুখও

৯। এবার রঙ করে নিলেই হয়ে যাবে আমাদের সান্তা। সান্তার গায়ের রঙ হালকা হলুদ আর টুপির রঙ লাল। তবে নিচের বর্ডারটা কিন্তু সাদাই থাকবে।

তোমদের আঁকা সান্টা কেমন হল সেটি আমাদের দেখাতে পার। আমাদের দেখাতে হলে আমাদের ফেইসবুক পেইজে তোমার সান্তার ছবি মেসেজ করতে হবে।

আমাদের ফেইসবুক পেইজের ঠিকানা- https://www.facebook.com/kidz.bdnews24