২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিকর্ষের মান পরিবর্তন হয়না কেন?

মহাবিশ্বের প্রতিটি বস্তুই একে অপরকে আকর্ষণ করে। এ আকর্ষণের নাম হল মহাকর্ষ। পৃথিবীও যেকোন বস্তুকে তার দিকে আকর্ষণ করে। পৃথিবীর ক্ষেত্রে এ মহাকর্ষকে অভিকর্ষ বলে ডাকা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2014, 08:01 PM

Updated : 25 Apr 2022, 05:08 PM

গাছ থেকে কোন ফল, ফুল বা পাতা খসলে সেটা উপরে না গিয়ে মাটিতেই এসে পড়ে, আবার তুমি যদি লাফ দাও, মাটিতেই কিন্তু ফিরে আসো। পৃথিবী যে সবকিছুকে আকর্ষণ করে এটাই হচ্ছে তার প্রমাণ।

এ অভিকর্ষের ব্যাপারে দুটি ব্যাপার হয়ত আমরা আনমনেই সত্য ধরে নিই। এক, অভিকর্ষ সবসময়েই কাজ করছে। দুই, অভিকর্ষ কখনও পরিবর্তন হয় না, একই রকম থাকে। যদি কোন কারণে অভিকর্ষের মান ব্যাপকভাবে পরিবর্তন হয়ে যায়, তবে কিন্তু আশপাশের সবকিছুর ওপর বিশাল প্রভাব রাখবে সেটা। কারণ, এখন সবকিছুই ঠিক করা আছে বর্তমান অভিকর্ষের ওপর ভিত্তি করে।

তোমরা জানো, যেকোন পদার্থ অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যাদের পরমাণু বলা হয়। সাধারণভাবে মহাকর্ষ হচ্ছে যেকোন দুটি পরমাণুর মধ্যে আকর্ষণ বল। ধর তুমি যদি দুটি টেনিস বলকে টেবিলের ওপর পাশাপাশি রাখো, এদের মধ্যে খুব সামান্য হলেও মহাকর্ষ বল কাজ করবে। যত বেশি পরমাণু থাকবে, আকর্ষণ হবে তত বেশি। কোন বস্তু যদি অনেক বড় না হয় আকারে, তাহলে তার মহাকর্ষ বল খুব একটা আহামরি হয়না। পৃথিবীর আকার কিন্তু বেশ বড়। কত শত কোটি পরমাণু যে আছে ওর মধ্যে! তাই ওদের মিলিত আকর্ষণ শক্তিটাও বেশ ভালোই। আর এজন্যই, পৃথিবীর মহাকর্ষ বল বেশ ভালো করেই অনুভব করা যায়, টেনিস বল সে তুলনায় অনেক ছোট হওয়ায় তুমি ওদের মধ্যে আকর্ষণটা সরাসরি অনুভব করতে পারো না।

পৃথিবীর ভর কিন্তু পরিবর্তন হয়না। ওতে যে পরিমাণ পরমাণু ছিল, এখনও প্রায় সে পরিমাণই আছে। আর তাই ওদের মিলিত মহাকর্ষও আগের মতই আছে। এ কারণেই অভিকর্ষের মান পরিবর্তন হয়না। বুঝতেই পারছো, পৃথিবীর মহাকর্ষ পরিবর্তন করতে হলে তাহলে কী করতে হবে- পৃথিবীর ভরটাই পালটে দিতে হবে! আর সেটা নিশ্চয়ই সহজ কোন কাজ না, তাইনা? আর তাই অভিকর্ষের মানও সহসা পরিবর্তন হবে বলে মনে হয়না!