অ্যাপ রিভিউঃ ১৯৭১ এর ডায়েরি
আমাদের প্রায় সবার হাতেই এখন অ্যান্ড্রয়েড ফোন। অ্যান্ড্রয়েড ফোনের সহজলভ্যতার দিকে দৃষ্টি রেখেই পুরো পৃথিবী জুড়ে তৈরি হচ্ছে হাজার হাজার অ্যান্ড্রয়েড অ্যাপস।
তোমরা হয়ত বাবা অথবা মায়ের মোবাইল নিয়ে বিভিন্ন অ্যাপস নিয়মিতই গুঁতোগুঁতি কর। তোমরা জেনে খুশি হবে এই অ্যাপস তৈরির কাজে পিছিয়ে নেই বাংলাদেশও। তবে বেশিরভাগ অ্যাপ তৈরির ভাবনাটা মজার গেইম কিংবা ইউটিলিটিকে কেন্দ্র করেই হয়ে থাকে। এর থেকে অনেক ব্যাতিক্রম অথচ অসাধারণ একটি উদ্যোগের দেখা মিলল অ্যাপ ডেভলপার আফসারুন্নেসা-এর কাছ থেকে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্তক্ষয়ী অধ্যায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রতিদিনের ঘটনাপ্রবাহ নিয়ে তিনি বানিয়েছেন অনবদ্য একটি অ্যান্ড্রয়েড অ্যাপ-- 1971 er Diary
নাম শুনেই বুঝতে পারছ, এই অ্যাপটি আমাদের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহের একটি লিখিত ডায়েরি। গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রি তে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে। সাইজ ২ মেগাবাইটেরও কম। সেই তুলনায় অ্যাপটি বাংলাদেশের ইতিহাস জানার ক্ষেত্রে কতটা মূল্যবান, সেটা শুধু অ্যাপটি ব্যবহার করলেই বুঝা যাবে।
অ্যাপটি ওপেন করলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে সেদিনের তারিখ অনুযায়ী ১৯৭১ সালের ঐ তারিখে ঘটে যাওয়া ঘটনা দেখাবে। যেমনঃ যদি তুমি ১৩ ডিসেম্বর অ্যাপটিকে ওপেন কর, তাহলে অ্যাপটি সরাসরি ১৩ ডিসেম্বর, ১৯৭১ সালে কী ঘটেছিল, সেই ঘটনা বিবরণী দেখাবে।
শুধু প্রতিদিনের ইতিহাস বলেই কিন্তু অ্যাপটির কাজ শেষ হয়ে যায় না। এতে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ তালিকা। এদেশের সূর্যসন্তানদের নামগুলো শোভা পেয়েছে অ্যাপটির আলাদা আলাদা ট্যাবে। আমরা অনেকেই হয়তো শুধু ৭ জন বীরশ্রেষ্ঠর নাম ছাড়া বাকি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নামগুলি জানি না। “1971 er Diary” অ্যাপটির কল্যাণে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক-- এসকল সূর্যসন্তানের নাম আলাদা আলাদা ট্যাবে পাওয়া যাবে। প্রতিদিনের ইতিহাসের নিচেই এই ট্যাবগুলো থাকায় খুব সহজেই সেগুলোতে টাচ করে নামগুলোর তালিকা পাওয়া যাবে।
অ্যাপটির চমৎকার দিক হল, এটি একটি জীবন্ত একাত্তরের ডায়রির মতো কাজ করে। কেউ যদি ১ জানুয়ারি থেকে শুরু করে পাতা উল্টে উল্টে পুরো ’৭১ সালটার ইতিহাস জানতে চায়, আঙ্গুল দিয়ে শুধু পরের তারিখে টাচ করলেই হবে।
অ্যাপটির শেষে একটি ই-মেইল আইডি দেওয়া আছে। কেউ যদি মনে করে, কোনো ইতিহাস বা তথ্যে বিভ্রান্তি আছে, তাহলে ই-মেইল এর মাধ্যমে যোগাযোগ করে বিভ্রান্তি দূর করা বা ভুল সংশোধন এর সুযোগও রয়েছে।
অ্যাপটি খুব অল্প র্যাম-এর অ্যান্ড্রয়েড ফোনেও কোনো ঝামেলা ছাড়াই চলবে বলে জানিয়েছেন অ্যাপটির ডেভলপার। চলতি বছরের অক্টোবরের ১৬ তারিখ রিলিজ হওয়া এই অ্যাপটি অল্প কিছুদিনের মাঝেই অনেকবার ডাউনলোড করা হয়েছে এবং সন্দেহাতীতভাবে প্রশংসিত হয়েছে বহুগুণে। গুগল প্লে স্টোরে ৪ এর উপরে রেটিং থাকা এই অ্যাপটি নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাস জানার জন্য অনন্য একটি উদ্যোগ।
