দুরন্ত সেই ছেলেটি
ছেলেটি ৭ ভাই ৩ বোনের মধ্যে সবার বড়। অন্যান্য ভাইবোনেরা শান্ত হলেও ছেলেটি ছোটকাল থেকেই বেশ দুরন্ত।
এই দুরন্তপনার কারণে কতবার যে মা-বাবার হাতে মার খেয়েছে তাঁর ইয়ত্তা নেই। প্রতিদিনই আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীর অভিযোগে ছেলেটির মা-বাবা হাঁপিয়ে উঠেছিলো।
একদিনের কথা, বাসায় বাবার বন্ধু এসেছে। বাবা বাসায় নেই। ছেলেটির ডাক পড়ল। বাবার বন্ধু উপদেশমূলক অনেক কথা বললেন। কথাগুলো একটাও ছেলেটির কানে ঢুকল না। সে চিন্তা করছিল কিভাবে আরও মানুষকে অতিষ্ঠ করা যায়। বাসায় যেহেতু বাবার বন্ধু, তাই মেইন টার্গেট উনি। যেই ভাবা সেই কাজ। টার্গেট ঠিক করা। কিন্তু কিভাবে কী! বন্ধুদের সঙ্গে আলোচনা করেও কিছু পাওয়া গেল না। হঠাৎ একটা বুদ্ধি এল মাথায়।
ঐদিন বাসায় ছেলেটির মা গরুর পায়া রেঁধেছেন। ছেলেটি একটি পায়া নিয়ে, ভেতরের চর্বি গুলো বের করে কিছু ভেজা মাটি ঢুকিয়ে দিল। সব কাজ শেষ করে প্লেট এ করে বাবার বন্ধুর জন্যে সে পায়া নিয়ে গেলো। বাবার বন্ধু তো বেজায় খুশী। যাক বাবা, এতদিনে ছেলেটার মধ্যে হয়তোবা কিছু পরিবর্তন আসছে। বাবার বন্ধু পায়া টি তৃপ্তি করে খাবেন বলে পায়াটি হাতে নিলেন। ভেতরের মজার চর্বি গুলোর লোভে উনার চোখ চক চক করছিল। এখনি ঝাঁকি দিবেন আর এতগুলো চর্বি বের হবে। উনি হাড্ডিটা উপুড় করে ঝাঁকি দিলেন। বের হয়ে এল ভেজা মাটির দলা। ছেলেটি ততক্ষনে উধাও।
তিন দিন পরে বাসায় ফিরেও শেষ রক্ষা হল না। বাবা গাছের ডাল দিয়ে এমন মার দিলেন, কেউ আটকাতে পারল না।
১৯৭১ সাল। ছেলেটি যুবক ও বিবাহিত। গল্পের এই পর্যায়ে ছেলেটিকে যুবক বলে সম্বোধন করব। যাই হোক, যুবকটির ছোট ছোট ৩ ছেলে মেয়ে। সব চেয়ে বড়টি ছেলে আর পরের দুজন মেয়ে। এদের বয়স যথাক্রমে ৬, ৪ আর ২ বছর। যুবকের বাবা ঐ জেলার তৎকালীন আওয়ামী লীগ-এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। যুবকটি এবং তাঁর ঠিক পরের ভাইটিও যোগ দিল বাবার সঙ্গে।
সারাদেশে তখন যুদ্ধ শুরু হয়ে গেছে। বাংলাদেশের দামাল ছেলেরা ঝাঁপিয়ে পরেছে যুদ্ধে। যুবকটিও পিছিয়ে নেই এর থেকে। যুবকের বাবা এবং তাঁরা দুই ভাই চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির মাঠে ২৫শে মার্চ স্বেচ্ছাসেবক বাহিনীর সমাবেশ পরিচালনার মাধ্যমে দেশবাসীদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্যে আহবান জানায় এবং স্থানীয় ঐতিহাসিক জে এম সেন হলে প্রাক্তন আর্মিদের সমবেত করে তাঁদের অনুরূপভাবে আহবান জানায়।
এই খবর কিভাবে যেন পৌঁছে যায় পাক সেনাদের কানে। পাক সেনারা তেলে-বেগুনে জ্বলে উঠে। এরপর শুরু হয় লুকিয়ে থাকার পালা। একবার ধরা পড়লেই শেষ। পাকসেনাদের প্রধান টার্গেট সেই যুবকটি ও তাঁর বাবা। যুবকটি তাঁর স্ত্রী এবং ছেলে মেয়েদের শ্বশুরবাড়িতে লুকিয়ে রেখে নিজেও লুকিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার যেখানেই যায় সেখানের খবরই পাক সেনারা কিভাবে যেন পেয়ে যায়। পরিবারের অন্য সদস্যদেরও নানা হয়রানির শিকার হতে হয়। এই হয়রানি এবং অপমান থেকে পরিবারকে বাঁচাতে যুবকটি একটি বড় মাইক্রবাস করে তাঁর বাবা, ভাই, বোন এবং পরিবারের অন্যান্য নারী সদস্যদের গ্রামে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে।
এই খবরও পাক সেনারা পেয়ে যায়। পথিমধ্যেই পথ রোধ করে। পাক সেনারা যুবক এবং তাঁর বাবার খোঁজ করে। বাবাকে পেয়ে যায় কিন্তু যুবকটিকে না পেয়ে তাঁর বাবা এবং ভাইকে ধরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় গাড়ীর অন্যান্য সদস্যরা দেখে সেই পাক সেনাদের সঙ্গে রয়েছে তাঁদের অতি পরিচিত বাঙালি এক যুবক। নামের শেষে চৌধুরী থাকা এই যুবক তাদের বন্ধু ছিল। এখন বাবা-ছেলে মিলে পাকিস্তানিদের পক্ষ নিয়েছে! এখন তারা বুঝতে পারল, কীভাবে তাদের গোপন খবর পাকিস্তানি আর্মিরা জানতে পারত!
এই বাঙালি রাজাকার যুবকের ইঙ্গিতেই ২০ বেলুশম্যান্ট হতে সেই মুক্তিযোদ্ধা যুবকের ভাই এবং বাবাকে পাকসেনারা ধরে নিয়ে যায়। তাঁদের চট্টগ্রাম সেনা নিবাসে নিয়ে গিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়। তাঁদের হত্যার চাক্ষুষ দৃশ্য দেখার খবরটি পাওয়া যায় তখন তাঁদের সঙ্গে কোনোরকমে প্রানে বেঁচে যাওয়া আরেক যুবকের কাছ থেকে। সেই দুজনের লাশ কোথাও খুঁজে পাওয়া যায়নি।
২০১৪ সাল। দেশ স্বাধীন হয়েছে প্রায় ৪৩ বছর হল। যুবকটি এখন বৃদ্ধ। ঘরময় নাতি নাতনিতে ভরপুর। সব নাতি-নাতনিই অনেক ছোট; শুধু বড় নাতনি ছাড়া। স্বাধীনতার এত বছর পরে বড় নাতনিকে যুদ্ধের কথা, শহীদ বাবা এবং ভাই এর কথা বলতে গিয়ে চোখ ছলছল করে উঠেছে। বৃদ্ধের এখন কিছু মনে থাকে না। কিন্তু যুদ্ধের সব স্মৃতিই একদম অক্ষত, একদম স্পষ্ট। ৪৩ বছর পড়েও মনে হয়, এই তো সেদিনের কথা। এই সময় বড় নাতনি গল্প শুনতে শুনতে হঠাৎ বসা থেকে উঠে এসে বৃদ্ধের হাত চেপে বলে – ‘তোমরা যা করেছ তার জন্যে আমরা গর্বিত। ধন্যবাদ আমাদের এতো সুন্দর স্বাধীন দেশ উপহার দেওয়ার জন্যে। সালাম তোমাকে এবং সালাম সকল মুক্তিযোদ্ধাকে।’
বৃদ্ধ হালকা করে নিঃশ্বাস ফেলে নাতনির মাথায় হালকা করে হাত বুলিয়ে দিতে দিতে বলেন – ‘তোমরা থাক দুধে ভাতে।’
(গল্পটি বাস্তব ঘটনা অবলম্বনে লেখ।)
