সুতো দিয়ে বরফ তোলা
বিজ্ঞান আর যাদু নিয়ে যদি কথা শুরু করা যায়, তবে প্রথম যেটা বলতে হবে তা হচ্ছে, বিজ্ঞান বিষয়টি খুব যাদুকরী। কেন জান? যাদুর পুরো নিয়মটাই যে দাঁড়িয়ে আছে বিজ্ঞানের উপর!
আজকে আমরা একটা দারুণ যাদু শিখব। তবে এটাকে বিজ্ঞানের একটা পরীক্ষাও বলতে পার।
কাজটি হচ্ছে, হাত, কোনো চামচ বা কাঠি ছাড়াই এক টুকরা বরফকে আমরা গ্লাস থেকে তুলে ফেলব। কীভাবে? এস দেখে নেই।
আমাদের যা যা লাগবে--
এক টুকরো বরফ, এক গ্লাস পানি, লবণ আর সুতা।
যেভাবে করব--
প্রথমে এক গ্লাস পানিতে একটা বরফের টুকরো ছেড়ে দাও। বরফ পানিতে ভেসে থাকবে। বরফের উপর সুতোর একটি প্রান্ত আড়াআড়ি করে রাখ। এবার এর উপর অল্প লবণ দাও। কিছুক্ষণ অপেক্ষা কর। এবার সুতোর অপর প্রান্ত ধরে টান দাও। দেখবে বরফ সুতোর মাথায় ঝুলছে। অর্থাৎ, সুতো দিয়েই বরফটা টেনে তুলে ফেলেছ।
কেন এমন হল?
সেই যে বলেছিলাম, সব যাদুর মূলেই আছে বিজ্ঞান। তাই চল বিজ্ঞান দিয়েই ব্যাখ্যা করা যাক এই ঘটনাটিকে। তোমরা জান, সুতো দিয়ে এমনিতে বরফ তোলা যায় না। কিন্তু কথা হল, তাহলে লবণ দিলেই কেন তোলা যাচ্ছে?
কারণ, লবণ দিলে বরফের গলনাংক কমে। গলনাংক হল যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়। বরফের গলনাংক এমনিতে শূন্য ডিগ্রি সেলসিয়াস। লবণ দেওয়ার ফলে শূন্যের অনেক আগেই ধর, মাইনাস তিন বা মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই বরফ গলে যায়। তাই সুতো ভিতরে ঢুকতে পারে। আবার চারপাশের বরফ এই তাপ শোষণ করে ফেলে খুব দ্রুত। ফলে গলে যাওয়া অংশ আবার জমাট বাঁধতে শুরু করে। কিন্তু এরমধ্যেই সুতো কিন্তু বরফের ভেতর ঢুকে আটকে গেছে। তাই সহজেই সুতো দিয়ে বরফ তুলে ফেলা যায়।
পরীক্ষাটা বেশ সহজ আর মজারও। তাহলে তুমিও দেখিয়ে ফেল না এই যাদুটি সবাইকে। তবে যাদু দেখিয়ে বিজ্ঞানের ব্যাখ্যা বলতেও ভুলো না। কেননা আমরা যত বেশি বিজ্ঞান নিয়ে কথা বলব তত ভালোভাবে বিজ্ঞানকে জানতে পারব। এভাবে একদিন হয়ত আমরা অনেক বড় বিজ্ঞানী হয়ে যাব।
