২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূর্যের দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 05:35 PM

Updated : 25 Apr 2022, 05:06 PM

বই: সূর্যের দিন

লেখক : হুমায়ূন আহমেদ

ধরণ: মুক্তিযুদ্ধ/ কিশোর উপন্যাস

ভাষা: বাংলা

প্রকাশক: প্রগতি পাবলিশার্স

পৃষ্ঠা: ৭৮

কাহিনী সংক্ষেপ : ওরা, একই স্কুলের একই ক্লাসে পড়া ১৩-১৪ বছরের ৬ জন ছেলে মিলে একটা গোপন দল গঠন করল। নাম ‘ভয়াল ছয়’। এই দলের কাজ কী? পায়ে হেঁটে আফ্রিকার গহীন অরণ্যে যাওয়া! ভয়াল ছয়-এর সদস্যরা হল- বল্টু, সাজ্জাদ, টুনু, খোকন, ফজলু ও টগর। টগর আবার একটু ভীতু ধরনের; শেষ পর্যন্তু ও ভয় পেয়ে ভয়াল ছয় ছেড়েই দিয়েছিল।

ওদের মধ্যে সবচেয়ে সাহসী ছেলে হলো সাজ্জাদ। তখন তো দেশের অবস্থা খুব একটা ভালো না, প্রায়ই নানান জায়গায় মিটিং-মিছিল হতো। আর সাজ্জাদ লুকিয়ে লুকিয়ে প্রায়ই সেসব মিটিং-মিছিলে যেত। ওর সঙ্গে খোকনও অবশ্য মাঝে মাঝে যেতে চাইতো, কিন্তু পারত না। কারণ, ওর বাসায় রাত করে ফেরার নিয়ম নেই। তার উপর খোকনের মা ভীষণ অসুস্থ, সারাদিন বিছানায় শুয়ে থাকেন।

খোকনদের সঙ্গে ওর চাচাও থাকতেন। তিনি বেশ কড়া ধরনের মানুষ। একদিন খোকনের রাতে বাসায় ফিরতে দেরি হয়ে গেল। ব্যস, পরদিন থেকেই চাচার নির্দেশে ওর বাসা থেকে বের হওয়া বন্ধ। সেদিনই আবার ভয়াল ছয়ের মিটিং। টগর আর খোকন ছাড়া সবাই মিটিংয়ে আসলো, যথারীতি মিটিং করে চলেও গেল। তবে সাজ্জাদ আর বল্টু কিন্তু মিটিং শেষে বাসায় গেল না, একটা মিছিলে ঢুকে পড়ল। আর এক পর্যায়ে তো সেই মিছিলে রীতিমতো গোলাগুলি শুরু হয়ে গেল। তখন আর কী করা, ওরা তাড়াতাড়ি দৌড়ে একটা বাসায় ঢুকে পড়ল। সে বাসায় থাকতেন এক বুড়ো হেডমাস্টার দাদু, আর তাঁর নাতনি নীলু। নীলু যেমন ভালো, হেডমাস্টার দাদু তারচেয়েও বেশি ভালো। খুব তাড়াতাড়ি সাজ্জাদ আর বল্টুর সঙ্গে তাদের খাতির হয়ে গেল। গোল বাঁধলো অন্যখানে; মিছিলের পরপরই রাতে কারফিউ ঘোষণা করা হল। এবার তো আর ওদের রাতে বাসায় ফেরার উপায় নেই। অগত্যা, ওরা পরদিন সকাল পর্যন্তু দাদুর কাছেই থেকে গেল।

পরদিন বল্টু বাসায় ফিরলে, ওর বাবা তো রেগেই আগুন! সাজ্জাদকেও বেশ বকাঝকা করে তাড়িয়ে দিলেন। ঠিক করলেন, বল্টুকে নিয়ে গ্রামের বাড়ি চলে যাবেন। সাজ্জাদের তো ভীষণ মন খারাপ হয়ে গেল, বল্টু গ্রামের বাড়ি চলে যাবে শুনে।

ওদিকে বাসায় গিয়ে দেখে, সেখানে ঘটে গেছে আরেক ঘটনা। ওর দুলাভাইও নাকি গতকাল বাসায় ফেরেনি। কী বিপদ! এবার সাজ্জাদ বের হল ওর দুলাভাইকে খুঁজতে।

এদিকে খোকনের ছোট চাচা আমেরিকা থেকে দেশে ফিরেছেন। আর ফিরেই পড়েছেন কারফিউয়ের মধ্যে। সারারাত বিমানবন্দরেই আটকে ছিলেন। সকালবেলায় বাসায় এসেছেন। তার ছোট মেয়ে প্রিসিলা, এবারই প্রথম দেশে এসেছে। এমনিতেই ছোট, তার উপর একেবারেই অপরিচিত আবহাওয়া, সব মিলিয়ে দীর্ঘ প্লেনজার্নির পর সারা রাতের ধকল আর সহ্য করতে পারেনি। অসুস্থ হয়ে পড়েছে। সব মিলিয়ে, চাচার বিদেশ থেকে আসার আনন্দটা আর আনন্দ রইল না, পুরো মাটি হয়ে গেল। তার উপর আরেকটি ঘটনায় বাসার সবার মন আরও খারাপ। বড় চাচার ছেলে কবীরকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। বড়রা জেনে গেছেন, কবীর মিটিং-মিছিলে যায়।

সব মিলিয়ে বুঝতেই পারছো, কাহিনিটা ঠিক মুক্তিযুদ্ধ শুরুর আগের। হ্যাঁ, এবার স্বধীনতার ঘোষণা দেওয়া হলো। মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। অনেকেই মুক্তিযুদ্ধে যাচ্ছে, মুক্তিযোদ্ধা হয়ে যাচ্ছে। আমাদের খোকনই বা বসে থাকবে কেন? কিংবা সাজ্জাদ? ওরা দুজনেই মুক্তিযুদ্ধে গেল। তারপর? কেমন যুদ্ধ করল ওরা? খুব বীরত্বের সঙ্গে? দেশ স্বধীন হওয়ার পর কি ওরা আর ফিরে এসেছিল? নাকি দেশের জন্যে শহীদই হয়ে গেল? এসবও যদি বলে দেই, তবে আর বাকি থাকলো কী? সেটা জানতে তো তোমাদেরকে বইটা পড়তেই হবে!

ওহ্হো! তোমাদেরকে তো আসল খবরটাই দেয়া হয়নি। এতোক্ষণ তো কেবল বইটার কাহিনি বললাম। কিন্তু এটা তো বলিনি, হুমায়ুন আহমেদের এ বইটি কিন্তু কমিকস আকারেও প্রকাশ করা হয়েছে! উপরের তথ্যগুলোও কিন্তু কমিকসটির-ই। প্রচ্ছদ এঁকেছেন ধ্রব এষ, আর কমিকসের ছবিগুলো এঁকেছেন হুমায়ুন আহমেদেরই ছোট ভাই আহসান হাবীব।