২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিতু’র একক ক্যারিকেচার প্রদর্শনী

শিরোনামেই তো তোমাদের মনে কতগুলো প্রশ্ন দাঁড়িয়ে গেল বলে মনে হচ্ছে! এই যেমন ক্যারিকেচার কী? মিতুই বা কে?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 07:36 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

ঠিক আছে এক এক করে বলছি। সবার আগে বরং বলি, ক্যারিকেচার কী? ক্যারিকেচার হল ছবি আঁকার একটি ধরণ। এধরণের ছবিতে সাধারণত মানুষের মুখই আঁকা হয়ে থাকে। তবে মুখটা অবিকল সে দেখতে যেমন, সেরকম হয় না। ক্যারিকেচারে মানুষটি দেখতে কেমন তার থেকে বেশি দেখানোর চেষ্টা করা হয় মানুষটির স্বভাব কেমন। ধর তোমার কোনো বন্ধু কথা বলে বেশি, ক্যারিকেচারে ওর মুখটা এমনভাবে আঁকা হবে যেন ওকে যারা চেনে না তারাও বুঝবে ও খুব বেশি কথা বলে। হয়ত ওর ঠোঁটটি খানিকটা বড় করে দেয়া হল। আবার ধর, কেউ মিথ্যে বলায় বেশ পটু। গল্পের সেই মিথ্যুক বালক পিনকিওর সঙ্গে মিলিয়ে তার নাকটিও লম্বা করে দেওয়া হবে, যেন মানুষ বুঝতে পারে মিথ্যে বলতে বলতে ওরও নাক দিন দিন বড় হয়ে যাচ্ছে।

শুরুতে নিজেদের মধ্যে মজা করার জন্যই ফ্রান্স ও ইটালির অভিজাত লোকেরা ক্যারিকেচার করত। ক্যারিকেচারের উদ্ভাবক শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি এটি শুরু করেছিলেনই অন্যের ভেতরের দোষ-গুণগুলো ছবির মাধ্যমে বাইরে বের করে আনার জন্য।

এখন এস, জানা যাক মিতু কে। পুরো নাম নাসরিন সুলতানা মিতু। আমাদের দেশের একজন মূলধারার কার্টুন শিল্পী। উনি যদিও বয়সে বেশ নবীন তবে কাজ করছেন বেশ অনেকদিন ধরেই। উনার খুব জনপ্রিয় একটি কাজ ছিল রানা প্লাজা ধ্‌বসে পড়ার পরে। একটি জিন্সের প্যান্টের মূল্যের জায়গায় রক্তের ফোঁটা দেওয়া একটি কার্টুন উনি এঁকেছিলেন। দেখেছ আঁকার কী শক্তি! উনার এই কাজটি দেশ বিদেশে অনেক সমাদৃত হয়। এই ছবিটা দেখে অনেকে প্রতিবাদমুখর হয় এবং বিদেশি ক্রেতারা আমাদের গার্মেন্টস মালিকদের চাপ দিতে থাকে গার্মেন্টস কর্মীদের জীবনমান উন্নত করতে। প্রায় এক বছর পরে আবার তথ্য উপাত্ত সংগ্রহ করে দেখা গিয়েছে, হ্যাঁ গার্মেন্টস কর্মীদের জীবন আগের থেকে কিছুটা হলেও উন্নত হয়েছে। তাদের নিরাপত্তার বিষয়টা সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেশ নজরদারি করছে।

কার্টুনিস্ট মিতু এবার আমাদের জন্য নিয়ে এসেছেন অনেকগুলো ক্যারিকেচার। ক্যারিকেচারের সংখ্যা এতই বেশি যে মিতু একাই একটি প্রদর্শনী আয়োজন করতে পেরেছেন। বাংলাদেশে এমন করে একাই একটি ক্যারিকেচার প্রদর্শনী এর আগে কেউই করেননি।

আমার ক্যারিকেচারের সংজ্ঞা শুনে তোমাদের অনেকেরই হয়ত মনে হয়েছে ক্যারিকেচারে অন্যের দোষগুলোই বলা হয়, বিষয়টি কিন্তু মোটেই এমন না। শুধুমাত্র অন্যকে নিয়ে মজা করার জন্যই এটা করা হয়। কখনও কখনও কারও ক্যারিকেচার করার পরে তিনি নিজেই খুব মজা পেয়েছেন এমনও হয়েছে। তবে খুশি হোক বা দুঃখ পাক, প্রতিটি ক্যারিকেচারের পেছনেই থাকে মজার মজার গল্প।

তুমি যদি এই মজার গল্প জানতে চাও, তবে তোমাকে যেতে হবে ধানমণ্ডির আঁলিয়াস ফ্রাঁসেজে। সেখানেই চলছে কার্টুনিস্ট নাসরিন সুলতানা মিতুর ‘মিট দ্যা ফেইসেস’ শিরোনামে একক ক্যারিকেচার প্রদর্শনী। এখানে দেখতে পাবে দেশি বিদেশি মিলিয়ে প্রায় ৩০ জন বিখ্যাত মানুষের মজার ক্যারিকেচার। চলবে ডিসেম্বরের ১৮ তারিখ পর্যন্ত। তবে ভুল সময় গেলে কিন্তু দেখতে পাবে না কিছুই। তাই তোমাকে যেতে হবে সোমবার থেকে মঙ্গলবার বেলা তিনটা থেকে রাত নয়টা আর শুক্র ও শনিবার সকাল দশটা থেকে রাত বারোটার মধ্যে।