২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুরে এলাম কান্তজির মন্দির

শীতটা পড়তেই বেড়ানোর জন্য মনটা ছটফট করছে, তাই তো?  হুমম, তোমাদের এই ছটফটানিটা আর একটু বাড়িয়ে দিতেই আজ আমি তোমাদের শোনাব ঘোরাঘুরির গল্প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 06:41 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

এই তো সেদিনের কথা। দুপুরের পর চোখ ছোট ছোট করে যে যার মতো সবাই আমরা জায়গা খুঁজে বেড়াচ্ছি একটু জিরিয়ে নেওয়ার। দিনাজপুর শহরের ইয়া বড় সার্কিট হাউজের পরিপাটি মাঠ আর বাগানের এমাথা ওমাথা জুড়ে দু-চার-পাঁচজনের এক একটা জটলা করেই সবাই তখন বসে পড়েছি ছড়িয়ে ছিটিয়ে। সেই সঙ্গে গুমগুম আওয়াজে নিজেদের মধ্যে বিরতিহীন গল্পও চলছিল।

Image
ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দিনাজপুর গিয়েছিলাম ক্লাসের সব বন্ধুরা মিলে শিক্ষা সফরে। সারারাত ট্রেন জার্নির পর ভোরে পৌঁছে একটু বিশ্রাম নিয়েই সকাল সকাল দলেবলে নেমে পড়লাম দিনাজপুর শহরটায়। টো টো করে একবেলাতেই ছোট্ট শহরটা যাকে বলে একেবারে চষে বেরিয়ে নিলাম।

দুপুরের মধ্যেই আবার সার্কিট হাউজে সবাই ফেরত চলে এলাম। কেননা, প্ল্যানটা তো আগের রাতেই করা ছিল, দুপুরের পরপর আমরা সবাই মিলে রওনা দেব ঐতিহাসিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শনটি দেখতে। তবে, জায়গার নামটি তখনও পর্যন্ত গোপনই ছিল।

দিনাজপুরের দর্শনীয় স্থান তো রয়েছে অনেকগুলোই, তবে শেষ পর্যন্ত যাওয়াটা হচ্ছে কোথায়? বন্ধুদের আড্ডার গুঞ্জনটি চলছিল তখন তা নিয়েই। ঠিক তখনই মাঠে এসে স্যারের ঘোষণা, সবাই ঝটপট তৈরি হয়ে নাও। বাস এসে গেছে, আমরা যাচ্ছি কান্তজির মন্দির দেখতে।

কান্তজির মন্দির! পুরো ষাটজন বলে উঠলাম একসঙ্গে! ব্যস, লেগে গেল হুলুস্থুল। দিনাজপুর থেকে কতদূর সেটা? বিশেষ কিই-বা আছে মন্দিরটির! নানান জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে ততক্ষণে। না, জায়গাটির নাম অজানা ছিল না আমাদের কারও। তবে, জানার ছিল আরও অনেক কিছুই।

হৈচৈ করতে করতে বন্ধুরা সবাই বাসে উঠে গেলাম। বেলা তখন ২টা। রাস্তাটা খুব বেশি বড় নয়। দিনাজপুর শহর থেকে মাত্র ২০ কিলোমিটার উত্তরে। কাহারোল উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে সুন্দরপুর ইউনিয়নে, দিনাজপুর-তেঁতুলিয়া মহাসড়কের পশ্চিমে ঢেঁপা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন মন্দির। দিনাজপুর থেকে যেতে সময় লাগে বড়জোর একঘণ্টা। বাসের জানালা দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম রাস্তার দুই পাশ দিয়ে চলা সারি সারি আলুর খেত, লিচুর বাগান, কলার বাগান। সময়টা কেটে গেল নিমিষেই।

দশমাইল নামের জায়গাটি পার হতেই দূরে একটি স্নিগ্ধ সরু নদী চোখে পড়ল। নদীর নামটাও ভারি মজার, ঢেঁপা। আমাদের নেমে যেতে বলা হল নদীর পাড়েই। উপায় না দেখে আলুখেত মাড়িয়ে সবাইকে নদী পার হতে হল হেঁটে হেঁটে। নদীর অন্য পাড়ে কান্তনগর। নামের মতোই অদ্ভুত সুন্দর এ গ্রাম। মন্দিরে পৌঁছুতে আরও দশ-বার মিনিটের হাঁটার রাস্তা বাকি তখনও। সারি বেঁধে আমরা সবাই চললাম সেই পথেই।

Image
ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টংয়ের দোকানের মতো কিছু দোকানের জটলা নিয়ে ছোটখাটো এক বাজার দেখা গেল। স্থানীয়রাই আমাদের দেখিয়ে দিল মন্দিরটি। 

ওহ, আরেকটা কথা বলে রাখি। লোকমুখের ডাকে কান্তজির মন্দির নামে পরিচিত হলেও এর আসল নাম কিন্তু কান্তজিউ। আবার কোথাও শুধু কান্তনগর মন্দির নামেই পাওয়া যায়। জানা যায়, তৎকালীন দিনাজপুরের মহারাজা জমিদার প্রাণনাথ রায় তাঁর শেষবয়সে মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। শেষ করেন তার ছেলে মহারাজা রামনাথ রায়, ১৭৫২ খ্রিস্টাব্দে। বয়সের হিসাবটা শুনে যেন গায়ে কাঁটা দিয়ে উঠল সবারই। কম তো নয়! প্রায় আড়াইশ বছরেরও আগে সেই মোঘল আমলের জমিদার বাবুদের কাজ এটি!

বইপত্রে এই মন্দির সম্পর্কে আগে শুনেছি কিছুটা, তবে তখনও ধারণা ছিল না যে, নিমিষেই মন্ত্রমুগ্ধ করে দেওয়ার মতো অসাধারণ এক কারুশৈলী অপেক্ষা করছে সেখানে!

মন্দিরটি লাল ইটের, তিনতলা দালান । দৈর্ঘ্য প্রস্থে সমান ভিত্তির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। বাইরের দেয়ালজুড়ে রয়েছে পোড়ামাটির ফলকে লেখা রামায়ণ, মহাভারত থেকে শুরু করে রাজাদের বিভিন্ন পৌরাণিক কাহিনি। পুরো মন্দিরে প্রায় পনের হাজার টেরাকোটা টালি রয়েছে। মাটিতে খোদাই করা যেসব টালির উপর লেখা বা চিত্র আঁকা হয়, তার নামই টেরাকোটা টালি। এত রকমের গল্প সেখানে খোদাই করা যে তা দেখতে দেখতে দিন পার হয়ে যাবে এমন দশা!

হঠাৎ খেয়াল হল, সবার হৈ-হুল্লোড় আর চেঁচামেচিটা একটু যেন কমে এসেছে। কেননা, ততক্ষণে শত বছর আগের হাতের গড়া এই অপূর্ব শিল্পের জাদুতে মগ্ন হয়ে সবাই যে পুরো মন্দির ঘুরে দেখতে ব্যস্ত হয়ে পড়েছে!

বলাই তো হয়নি, মন্দিরটির কিন্তু আরও একটি চমৎকার নাম রয়েছে, ‘নবরত্ন মন্দির’।

জানা যায়, একতলার ছাদে ৪টি, দোতালার ছাদে ৪টি, আর তিনতলার ছাদে ১টি, মোট ৯টি চূড়া বা রত্ন ছিল। শুরুতে মন্দিরের চূড়ার উচ্চতাও ছিল ৭০ ফুট।

১৮৯৭ খ্রিস্টাব্দে মন্দিরটি ভূমিকম্পের কবলে পড়লে এর চূড়াগুলো ভেঙে যায়। মহারাজা গিরিজানাথ মন্দিরের ব্যাপক সংস্কার করলেও মন্দিরের চূড়াগুলো আর সংস্কার করা হয়নি।

Image
ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

উপরের দিকে তিন ধাপে উঠে গেছে মন্দিরটি। মন্দিরের চারদিকের সবগুলো খিলান দিয়েই ভেতরের দেবমূর্তি দেখা যায়। মন্দির প্রাঙ্গন আয়তকার হলেও, পাথরের ভিত্তির উপরে দাঁড়ানো ৫০ ফুট উচ্চতার মন্দিরটি বর্গাকার। মন্দিরের ভিত্তিমূলের দৈর্ঘ্য ৬০ ফুট ৩ ইঞ্চি। ভূমি সমতল থেকে ভিত্তিভূমির উচ্চতা ৩ ফুট। মেঝেতে ওঠার জন্য দুপাশে পাঁচ ধাপবিশিষ্ট সিঁড়ি আছে। মন্দির ভবনের দেওয়ালের দৈর্ঘ্য ৫২ ফুট এবং আয়তন ৩ হাজার ৬শ’ ফুট। নিচতলার সব প্রবেশপথে বহু খাঁজযুক্ত খিলান রয়েছে। দুটো ইটের স্তম্ভ দিয়ে খিলানগুলো আলাদা করা হয়েছে। স্তম্ভ দুটোতে রয়েছে অপূর্ব সুন্দর কারুকার্য।

মন্দিরটির পশ্চিম দিকের দ্বিতীয় বারান্দা থেকে সিঁড়ি উঠে গেছে উপরের দিকে। মন্দিরের নিচতলায় ২১টি এবং দ্বিতীয় তলায় ২৭ টি দরজা-খিলান রয়েছে, তবে তৃতীয় তলায় রয়েছে মাত্র ৩টি করে। পুরো মন্দিরের নির্মাণশৈলীতে মধ্যযুগীয় ধারা খুঁজে পাওয়া যায়।

এই তো আর কিছুদিন পরই এই মন্দিরের প্রাঙ্গনজুড়ে বসবে রাশ পূর্ণিমার মেলা। মাসব্যাপী এই মেলায় দূর-দূরান্ত থেকে আসা বহু মানুষের ভীড়ে এলাকাটি জমজমাট হয়ে উঠবে তখন।

সন্ধ্যা নামতেই দিনাজপুরে ফেরার বাসে উঠলাম আমরা। সবার চোখে মুখেই তখন মুগ্ধতার ছাপ।

পরীক্ষা শেষে শীতের ছুটিতে দাদুবাড়ি-নানুবাড়ি তো যাওয়া হবেই। আর সেই সঙ্গে যদি আব্বু আম্মুকে রাজি করিয়ে একদিনের জন্য যদি একটু ভিন্ন কোথাও ঘুরে আসার অনুমতিটা নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই! বন্ধুবান্ধব আর ভাইবোন মিলে ঘুরে আসতে পার কান্তজিউ মন্দির থেকে। শত বছরের প্রাচীন এই অপূর্ব কীর্তি, এই অপূর্ব সম্পদটিকে দেখে আসতে পারবে এক ঝলক। তবে তার আগে যে পড়াশোনাটা ঠিকঠাকভাবে হওয়া চাই!