গেইম রিভিউ: ডাম্ব ওয়েস টু ডাই
আজকে তোমাদেরকে স্মার্টফোনের এক আজব গেইমের সাথে পরিচয় করিয়ে দিব। একটা গেইম তৈরিতে যে কতো কাহিনী জড়িয়ে থাকে, তা তোমরা বুঝতে পারবে শুনলে।
শুরুর কথা
আমরা সবাই মোটামুটি নীতিকথা শোনা থেকে নিজেদের দূরে রাখতেই বেশি পছন্দ করি! কেউ যদি খুব বেশি নীতিকথা শোনায়, তাহলে আমরা অনেকেই চেষ্টা করি তার কাছ থেকে দূরে দূরে থাকতে!
তেমনি টিভিতে আর বিভিন্ন ওয়েবসাইটে নীতিকথা বা সতর্কতামূলক প্রচারনা থেকে দূরে থাকা অস্ট্রেলিয়ার মেলবোর্নের নাগরিকদের জন্য তাদের কর্তৃপক্ষ কি করল জানো? একটা অ্যানিমেটেড মিউজিক ভিডিও বের করল। যার বিষয়বস্তু হল বিভিন্ন মজার সব ক্যারেক্টার বিভিন্ন ছোট-খাট ভুলের কারনে মারা যাচ্ছে। ভিডিওর পাশাপাশি দেওয়া হল অসাধারন একটা গান।গানের কথার সঙ্গেই যোগ করা হল সবগুলো চরিত্র আর তাদের দুর্ঘটনাগুলো।
ব্যাস! হয়ে গেলো কাজ! আইডিয়াটা প্রমাণ করল যে আসলে সতর্কতা না, সতর্ক করার সেই আগেরকার আমলের ভঙ্গিটাই তোমাদের কাছে অপছন্দের।
ধীরে ধীরে ব্যাপারটা ইন্টারনেটে ভাইরাসের মতো ছড়াতে শুরু করল।সব্বাই ভিডিও টা দেখতে ও দেখাতে শুরু করল। আস্তে আস্তে ভিডিওর চরিত্রদের নিয়ে পত্রিকায় সতর্কতামূলক অ্যাড আসা শুরু হল। প্রত্যেকটা চরিত্র ততদিনে সুপার স্টার। সব্বাই মেনে চলা শুরু করল নিয়মগুলো।
আর তোমাদের চাহিদা মেটাতে গেইম ভার্সন আসাটা ছিল শুধু সময়ের ব্যাপার মাত্র।
তো চলে আসি গেইমের প্রসঙ্গে, গেইমটাতে নির্দিষ্ট কোনও স্টেজ এর ধারাবাহিকতা নেই, ষ্টেজগুলো আসতে থাকবে নিজেদের ইচ্ছেমত কিন্তু প্রত্যেকটা স্টেজ এর জন্য চরিত্র এবং কাজ কিন্তু নির্দিষ্ট।
কিভাবে অসাধারন একটা গেইম তৈরি হল
এখন ব্যাপার হল, কেন আমি এই গেইমটাকে তোমাদের কাছে আলদাভাবে তুলে ধরছি, তাই না?
খুব ভাল করে খেয়াল করে দেখ, সব ধরণের স্মার্টফোনের গেইমেই তোমরা কিন্তু ঘুরে ফিরে মোটামুটি একই কাজ কর। এই যেমন ধর, অ্যাংরি বার্ড-এ তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পাখিগুলোকে টেনেই ছেড়ে দাও। তাও আবার নিজের ইচ্ছেমত যত খুশি সময় নিয়ে। কাট দা রোপ-এ তোমরা কিন্তু পুরো গেমে দড়িই কাটো মানে স্ক্রিনে সোয়াইপ অর্থাৎ ঘষা দাও।
আর এটা হল এমন একটা গেম, যেটায় তোমাদের প্রত্যেক স্টেজে আলাদা আলাদা কাজ করতে হবে। খুব কম সময় হাতে রেখে তোমাদের কখনও সোয়াইপ করতে হবে কখনও শুধু একবার ট্যাপ করলেই হবে, আবার কখনও খুব দ্রুত ট্যাপ করে যেতে হবে। কখনও ফোন বিছানায় রেখে পুরো হাত দিয়ে ঘষতে হবে! এছাড়াও আরও কত কী যে করতে হবে! বললে বিশ্বাস করবে না হয়ত, একটা স্টেজে ফোনে “ফু” ও দিতে হবে!
ঠিক বোঝা গেল না এখনও ...
ব্যাপারগুলো এখনও পরিস্কার হচ্ছে না, তাই তো? আচ্ছা আমি আরও কয়েকটা উদাহরন দেই
এই যেমন, হরিন শিকারের মৌসুমে যদি কেও হরিণ এর মতো করে সেজে বন-জঙ্গলে বেড়াতে যায় তাহলে তো শিকারিদের গুলি তারা খেতেই পারে, তোমাদের যা করতে হবে তা হল স্ক্রিনের ভিভিন্ন জায়গায় দেখানো গুলি খাওয়া ক্ষতের রক্তপাত আঙ্গুল দিয়ে ঢেকে বন্ধ করতে হবে।
আবার ধরো, কেউ যদি নিজের মাথায় নিজেই আগুন ধরিয়ে দেয়, তাহলে কি বিশ্রী একটা বিষয় হবে না? এরকম স্টেজে তোমাদের খুব দ্রুত পরপর ট্যাপ করে চুলে আগুন ধরা চরিত্রটাকে দৌড়িয়ে নিতে হবে যেন আগুন বাতাসে নিভে যায়।
হয়তো খামখেয়ালী তিনটা বন্ধু কানে এয়ারফোন ঢুকিয়ে ট্রেনের প্ল্যাটফর্মের ঠিক ধারে দাড়িয়ে গান শুনছে। তোমাদের কাজ হবে তাদের এক এক করে ধরে টান দিয়ে প্লাটফর্মের ধার থেকে দূরে সরিয়ে দেওয়া। নইলে ট্রেন আসলে তারা পড়ে যেতে পারে নিচে।
হয়ত দেখবে কেউ রেল সিগন্যাল সামনে নিয়ে গাড়িতে অপেক্ষা করছে, তোমাদের কাজ হবে সেই চরিত্রকে ধৈর্য ধরতে সাহায্য করা, সেক্ষেত্রে তোমাদের তেমন কিছুই না শুধু কম সময়ের মধ্যে “PATIENCE” বানান টা সঠিকভাবে লিখতে হবে ট্যাপের মাধ্যমে।
এরকম উদ্ভট আর মজার সব আইডিয়ায় ভরা গেইম হল “DUMB WAYS TO DIE” ।আমি সব ষ্টেজ এর এক এক করে বর্ণনা দিবো না, কারণ তাহলে আর গেইমের মজা থাকল কোথায়?
শেষে শুধু এটুকুই বলার থাকে, তোমরা দেশ ও জাতির ভবিষ্যৎ। তোমাদের জীবনের মূল্যই আসলে দেশ এর মূল্য, দেশের মঙ্গলের জন্য তোমরা সব করতে পারো। আর এই ব্যাপারটা যদি খেলতে খেলতে উপলদ্ধি করো, তাহলেই এই গেম রিভিউটা সার্থক হবে।
প্লাটফর্ম: অ্যানড্রয়েড, আই ওএস
রেটিং: ০৭/১০
