উপমার জন্য
যাচ্ছে হেঁটে অনেক দূরে
স্বপ্ন গানের সুরে-সুরে
একটি ফুলের মালা যেন
তার দেহ-মন-তনু,
সেই সে পথের সেতু এখন
সাতরঙা রংধনু।
যেতেই হবে অনেক দূরে
দেশ-মহাদেশ ঘুরে-ঘুরে
যত রকম বাধাই আসুক
যেতেই হবে তবু,
মা ও বাবা বলেছিলেন,
‘ভয় পেয়ো না কভু।’
তাই উপমা যাচ্ছে ছুটে
হাজার স্বপ্ন লুটে-লুটে
সাত সাগর আর তেরো নদী
পার হবে সে আজ,
সামনে হঠাৎ কে দাঁড়াল
মাথায় সোনার তাজ।
এখন অমিত সঙ্গী যে তার
সঙ্গী আশিস মা ও বাবার
অমিত এবং উপমা আজ
স্বপ্নেতে মশগুল,
বিশ্ব-মহাবিশ্ব ছড়ায়
হাজার তারার ফুল।
