২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজ পেয়েছি ছুটি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 07:27 PM

Updated : 25 Apr 2022, 05:03 PM

আমি   একটু পেলে ছুটি

ঠিকই   মাঠের দিকে ছুটি

            চাঁপার গাছের ডালে ডালে

            চাঁপা হয়ে ফুটি।

আমি   হাসতে গেলে খুব

সবাই   বলতে থাকে-- চুপ,

            ইচ্ছে করে দিই তখনই

            নীল সাগরে ডুব।

আমি   ডুব দিলে ফিরব না

আমি   বাড়িতে ফিরব না

            অথই জলে ভাসব কেবল

            তীর দেখে ভিড়ব না।

শুধু     একটি পেলে দিন

আমি   যাই হয়ে রঙিন

            কেউ কি জানে সবুজ ঘাসে

            বাজে মোহন বীণ।

আমি   একটি রঙিন পাখি

কেবল পালকে রং মাখি

            ফিরব না আর ঘরে, সবাই

            করুক ডাকাডাকি।

তারা   ভাবছে আমায় খোকা

নাহয়   বলুক আমি বোকা

            কেউ জানে না আমি তো সেই

            রাতের জোনাকপোকা।

ওই      হাওয়ায় হাওয়ায় ভেসে

জোটে বন্ধুরা সব এসে

            আমরা সবাই ছুটে যাব

            স্বপ্নপুরীর দেশে।

দেখো আজ পেয়েছি ছুটি

তারা   করুক গে খুনসুটি

            আজ সারাদিন আমরা স্বাধীন

            খেলব লুটোপুটি।