২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উল্টো গাছের গল্প

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 05:28 PM

Updated : 25 Apr 2022, 05:02 PM

উল্টো গাছের গল্প

মূল: কৃষণ চন্দর

অনুবাদ ও সম্পাদনা: আনোয়ারা বেগম

প্রকাশক: মুক্তধারা

মূল্য: ১০০ টাকা

বন্ধুরা তোমরা কি কেউ উল্টো গাছের গল্প শুনেছ? দাঁড়াও দাঁড়াও, আমার লেখা পরে কপাল কুঁচকে ভাবতে বস না যেন! ঠিক ই বলছি। তোমাদের আজ এক উল্টো গাছের গল্প বলব। তোমাদের মতোই এক ছোট্ট ছেলে, নাম ইউসুফ। ওর বাবা নেই, মাকে নিয়েই ইউসুফদের সংসার। তার বাবা মারা যাওয়ার সময় একটি কুঁড়েঘর, একটি ছোট্ট বাগান, একটি কুয়ো আর একটি গাই গরু ছাড়া কিছু রেখে যেতে পারেননি। তাই ইউসুফের মা চাইলেন ইউসুফ বাদশাহর সেনা দলে নাম লেখাক। কিন্তু সেই বাদশাহ ছিলেন ভীষণ অত্যাচারী ।

ইউসুফ তার সেনা দলে নাম লেখাতে চাইল না। এদিকে বাদশাহ আর তার মেয়ে ছল করে ইউসুফদের বাগান আর কুয়া দখল করে নিল। তখন ইউসুফ তার মায়ের কথামতো গাই গরুটি বেচতে গেল গাঁয়ের মোড়লের কাছে, মোড়ল চালাকি করে এর বিনিময়ে কোনো পয়সা না দিয়ে, দিল এক আশ্চর্য গাছের তিনটি বীচি। বলল এই জাদুর বীচি তিনটি একসঙ্গে লাগালে যে গাছ হবে তা দিয়ে আকাশে যাওয়া যায়। আমাদের ইউসুফ ভালো ছেলে। সে করল কি, সরল মনে সেই বীচি তিনটি মায়ের কাছে নিয়ে এল। মা ইউসুফের আক্কেল দেখে কপাল চাপড়াতে লাগলেন। এদিকে, ইউসুফ সেই বীচিগুলো মাটিতে পুঁতে দিল। কিন্তু কোথায় সে গাছ?

একদিন রাতে প্রচণ্ড ঝড়ের সঙ্গে বিদ্যুৎ চমকাল। জাদুর বীচি যে জায়গায় পুঁতেছিল সে জায়গা তে বাজ পরে মস্ত এক ফাটল তৈরি হল। সেই ফাটলের ভিতর উঁকি দিয়ে ইউসুফ দেখল, এক আজব বৃক্ষ। তবে তা আকাশের দিকে না উঠে মাটির নিচে চলে গেছে! কী অবাক কাণ্ড!

আরে শোনই না, এটাই তো সেই উল্টো বৃক্ষ! এবার ইউসুফ করল কি সেই গাছে চড়ে মাটির নিচে যেতে লাগলো এর শেষ কোথায় সেটাই দেখবে ও। আর এখানেই বিপদের শুরু। গাছ বেয়ে ইউসুফ পৌঁছল আওয়াজের গোরস্থানে, কালো দৈত্যের শহরে। এখানে এসেও ইউসুফ অন্যায়ের প্রতিবাদ করতে লাগল। সেখান থেকে ইউসুফ গেল “যন্ত্র নগর”-এ। এই যন্ত্র নগর খুব সুন্দর সাজানো-গোছানো। এমন কিছু নেই, যা সেখানে ছিল না। কিন্তু সে দেশে কোনো মানুষ নেই! রাস্তা-ঘাট, বাজার, অফিস আদালত সব যন্ত্ররা চালায় । এমন যন্ত্র নগরে ইউসুফ কী করেছিল তা নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা করছে! ও হ্যাঁ, এ দেশের একমাত্র মানুষ মোহনের সঙ্গে ইউসুফের বন্ধুত্ব হয়ে যায়। মোহন সব কিছু খুলে বলে ইউসুফকে এই যন্ত্র নগর সম্পর্কে। মোহন আর ইউসুফ মিলে বের হয়। একসময় তারা পৌঁছে যায় যাদুর দুনিয়ায়। এখানে এসে তারা এক অত্যাচারী জহুরীর কাছ থেকে এক শাহজাদীকে উদ্ধার করে।

শাহজাদীও খুব অদ্ভুত। সে কাঁদলে মোতি ঝরে পড়ে আর হাসলে ফুল ঝড়ে। এবার তারা তিনজন মিলে পৌঁছে গেল যাদুকরদের ইলেকশনে। এখানেও একটুর জন্য বিপদ থেকে রক্ষা পেয়ে গেল তারা। ওরা তিনজন এমন করে কত জায়গা ঘুরে ফিরে পৌঁছল নাগরাজ্যে। সেখানে ইউসুফকে সাপে কাটল। অনেক বিপদ আর কষ্ট পেরিয়ে মোহন আর শাহজাদী ইউসুফ কে ভালো করে তুলল।

এমন আরও কত দমবন্ধ করা বিপদ আর ঝুঁকি নিয়ে ওরা পৌঁছল ইউসুফের বাড়ি । এবার ওদের যুদ্ধ অত্যাচারী রাজার বিরুদ্ধে। ওরা কী পারবে সেই যুদ্ধ করতে? জানতে হলে পড়তে হবে উল্টো গাছের গল্প বইটি। তোমরা যারা থ্রিলার পরতে পছন্দ কর তাদের এই গল্পটি ভীষণ ভালো লাগবে। একই সঙ্গে রূপকথার গল্প না হলে যাদের চলেই না তারাও এই উল্টো বৃক্ষে চড়ে দেখে আসতে পারো পাতালপুরী।