২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যানিমেটেড মুভি: এপিক

বিশাল এক সবুজ জঙ্গল। তারমধ্যে উদ্ভট সব যন্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন এক গবেষক। ভুলোমনা গবেষকের নাম বোম্বা। তার অণুবীক্ষণ যন্ত্র, ক্যামেরা ছড়িয়ে আছে সারা বনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> মিনহাজ উস সালেকীন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 01:10 PM

Updated : 13 Oct 2022, 12:48 PM

সেই ক্যামেরা ফাঁকি দিয়ে সারা বনে চলছে এক ভয়াবহ যুদ্ধ। সবুজ হামিং বার্ডের পিঠে চড়ে ঘুরে বেড়ায় ছোট্ট লিফম্যানের দল। তাদের রূপকথার রাজ্য আলো করে আছে এক রাণী। লিফম্যানদের দলে প্রশিক্ষিত যোদ্ধাদের পাশাপাশি রয়েছে অবাধ্য এক যুবক। নাম নড। সে নিজে তেমন কিছু করতে না পারলেও, বড়াই করতে সে সবসময়ই উৎসুক।

এদিকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কিছু কুৎসিত পোকা। এদের নেতা মেনড্র্যাক। তলোয়ার আর তীর-ধনুক নিয়ে সেই মহারণের কাহিনী নিয়েই ২০১৩ সালে বের হয় এনিমেশন মুভি- এপিক।

মুভির কাহিনী এগুতে থাকে দুই দিক থেকে। একদিকে লিফম্যানের দল যুদ্ধ করতে থাকে মেনড্র্যাকের দলের সাথে। অন্যদিকে গবেষক চেষ্টা করতে থাকে লিফম্যানদের খুঁজে বের করার। তাঁর দৃঢ় বিশ্বাস- জঙ্গলে ছোট ছোট এমন কিছুর অস্তিত্ব আছেই আছে!

এমন সময়ে হাজির হয় গবেষকের মেয়ে মেরি ক্যাথরিন। সংক্ষেপে এমকে। অনেকদিন পরে বাবার কাছে এসে সে ভেবেছে বাবার সঙ্গে বুঝি একটা ভালো সময় কাটাবে। কিন্তু তার বাবার সব আগ্রহ যে ঐ খোঁজাখুঁজি নিয়েই। হতাশ এমকে ঘটনা পরিক্রমায় এক গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল জায়গায় পড়ে যায় আর তার ঘাড়ে নেমে আসে ভয়াবহ এক গুরুদায়িত্ব। সে ছোট হতে হতে লিফম্যানদের মতো লিলিপুটে পরিণত হয়। সে এত ছোট হয়ে যায় যে তার বাবা তাকে দেখতেই পারে না খালি চোখে।

সে কি পারবে তার আগের রূপে ফিরে গিয়ে তার বাবার কাছে ফিরে যেতে? জানতে হলে দেখতে হবে মুভিটি।

লিফম্যানদের দলে দুই ভাঁড় আছে যাদের দেখে এত যুদ্ধের মধ্যেও তুমি না হেসে থাকতে পারবে না। তাদের মধ্যে একজন আবার এমকে কে খুব পছন্দ করে। নাম তার মাব। সে আবার বিশাল এক ভুঁড়ির অধিকারি। এদিকে দেমাগী নড আর এমকে এক অদ্ভুত অ্যাডভেঞ্চারে পরে যায়। শেষ পর্যন্ত বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হয় লিফম্যান আর মেনড্র্যাকের বাহিনী।

মুভিতে অ্যানিমেশনের কাজ অসাধারণ। মুভি দেখতে দেখতে হয়ত এক সময় ইচ্ছে হতেই পারে হামিং বার্ডের পিঠে চড়ে তলোয়ার হাতে উড়ে বেড়াতে অদ্ভুত সেই সবুজ জঙ্গলে।

ভালো আর খারাপের অদ্ভুত এক যুদ্ধে হাসিমুখে ঘুরে আসা যাবে ১০২ মিনিটের মুভি “এপিক” এ। এই মুভির নির্মাণ শিল্পীদের সাম্প্রতিক সিনেমা হচ্ছে ‘আইস এইজ’। তবে এপিক একটি নিখ‍াঁদ কমেডি সিনেমা। তাই যারা অনেকক্ষণ হি হি করে হাসতে চাও, তারা ঝটপট করে দেখে নিতে পার এই অ্যানিমেটেড মুভিটি।