চল একটি হাতি বানাই
কয়েকদিন তোমাদের অরিগামির নির্দেশনা পাঠিয়েছি। কিন্তু তোমাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তাই আমার মনে হল, অরিগামি হয়ত তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে।
তাই আজ আমরা একটি সহজ জিনিস শিখব। একটা হাতি। না না, হাতির কথা শুনে ভয় পেয় না। হাতি শুধু দেখতেই বড়, এমনিতে সে নিজেও খুব শান্ত, সরল আর তাকে বানানোও তাই সরল হবে। তবে এটা ঠিক অরিগামি না। কেননা প্রাচীন জাপানিরা যখন শিল্পের মাধ্যম হিসাবে অরিগামি শুরু করেছিলেন তখন অরিগামির একটা নিয়ম ঠিক দিয়েছিলেন। সেই নিয়ম অনুযায়ী অরিগামি করতে কোনো আঠার ব্যাবহার হবে না, কোনো পিন ব্যাবহার হবে না এবং পুরো কাজটি একটি মাত্র বর্গাকৃতির কাগজ দিয়ে করতে হবে।
১। নীল রঙের বর্গাকৃতির কাগজ ৬টি
২। সাদা কাগজ একটি
৩। গ্লু স্টিক
৪। স্ট্যাপলার এবং পিন
১। প্রথমে চারটি নীল রঙের কাগজকে গোল করে একটা রোলের মতো করে নেই। রোলগুলো একটু চওড়া হবে, কেননা হাতির পা তো একটু চওড়াই হয় থামের মতো।
২। এবার স্ট্যাপলার দিয়ে চারটা পা ছবির মতো করে জোড়া লাগিয়ে দিবে।
৩। এরপরে আরও একটি নীল কাগজ নিয়ে থামগুলোর দুইপাশে আটকে দিবে। এক্ষেত্রে এ কাগজটি অর্ধ বৃত্ত বা প্যারাবোলার মতো হবে।
৪। তাহলে তোমরা হাতিটির শরীর এবং পা বানিয়ে ফেলেছ, এবার পালা মাথা বানানোর। আরও একটি নীল কাগজ নিয়ে একটা রোল বানাও। সেই রোলটিকে হাতির শরীরের উপরে একটি পাশে জোড়া দিয়ে দাও।
৫। বাকি নীল কাগজ দিয়ে হাতির কান, লেজ এবং শুঁড় কেটে নাও। সেগুলোকে আঠা দিয়ে জুড়ে দাও।
৬। চোখ এঁকে দিলেই তোমার হাতি হয়ে যাবে।
হয়ে গেল তোমাদের হাতি। আমার হাতিটি নীল। তবে তুমি যদি চাও তোমার হাতিটি সবুজ, হলুদ বা গোলাপি যে কোনো রঙের হতে পারে। তবে আর অপেক্ষা কেন? তাড়াতাড়ি হাতি বানাও আর ছবি তুলে আমাদের ফেইসবুক পেইজে পাঠাও। আমাদের ফেইসবুক পেইজের ঠিকানা- https://www.facebook.com/kidz.bdnews24
