মিশর রহস্য
তোমরা নিশ্চয়ই অ্যাডভেঞ্চার পছন্দ কর। গোয়েন্দাগিরির গন্ধ পেলে খুঁজে বেড়াও নতুন রহস্য।
এই অ্যাডভেঞ্চার আর গোয়েন্দাগিরিকে একটা সিনেমায় নিয়ে এলে সেটা তোমাদের সবারই বেশ পছন্দ হবে। ‘মিশর রহস্য’ এমনই এক সিনেমা, যেখানে থাকবে তোমাদের জন্য রহস্যের ধাঁধা আর প্রতি মুহূর্তে নতুন অ্যাডভেঞ্চার।
তোমরা যারা বই পড়, তারা হয়ত ‘কাকাবাবু’র নাম শুনেছ। না শুনে থাকলে ক্ষতি নেই, বলে দিচ্ছি। রাজা রায়চৌধুরী ওরফে কাকাবাবু হলেন ভারতীয় লেখক, উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি। এমনিতে কাকাবাবু অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা, তবে কেউ যখন কোনো রহস্যের সমাধান করতে পারে না, ঠিক তখনই ডাক পড়ে কাকাবাবুর। আফগানিস্তানে এক দুর্ঘটনায় তার একটি পা হারিয়েছেন তিনি। তাই হাঁটতে হয় ক্র্যাচে ভর দিয়ে।
কাকাবাবু অবশ্য একা কাজ করেন না। তার একজন সহযোগীও আছে। বয়স তোমাদের থেকে অল্প একটু বেশি। কাকাবাবুর ভাইয়ের ছেলে কলেজ পড়ুয়া রহস্যপ্রেমী, দুরন্ত সুনন্দ রায় চৌধুরী। ডাকনাম সন্তু। যেহেতু রাজা রায়চৌধুরী সন্তুর কাকাবাবু, সে খাতিরে তোমাদের সবারই কাকাবাবু। অ্যাডভেঞ্চারের নেশায় কাকাবাবু আর সন্তু ঘুরে বেড়িয়েছে সারাবিশ্বের বহু দেশে। সে রকমই এক রহস্যের খোঁজে তারা একবার হাজির হয় পিরামিডের দেশ মিশরে। তাদের সেই অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে বানানো হয়েছে ‘মিশর রহস্য’ সিনেমাটি।
গল্পটি শুরু হয় ২০১০ সালে। সন্তু তার মোটরবাইক নিয়ে ফিরছিল ঘরে। পথে বেশ গুরুতর এক্সিডেন্ট করেছে সে, তাই চিন্তা করছিল বাসায় কী বলবে। ঘরে ঢুকেই দেখে, কাকাবাবু কারও সঙ্গে আলাপ করছেন। লোকটি ভারতেই জন্ম নেওয়া আল মামুন নামে মিশরের এক ব্যবসায়ী।
ব্যাপারটা একটু গুরুতর। কেন জান? মিশরে অনেক অনেক বছর আগে ছিল ফারাওদের শাসন। ফারাওরা ছিলেন তখন মিশরের রাজা। মিশরে হায়রোগ্লিফিক্স নামে একটি লিখিত লিপির প্রচলনও সে সময়েই ঘটে, তবে সে ভাষাটি আমাদের পৃথিবীর অন্যান্য ভাষার মতো না। ভাষাটাতে আঁকা থাকত বিভিন্ন ছবি আর সেই ছবিগুলো দিয়ে বোঝানো হত তাদের কথাগুলো।
হ্যাঁ এবার গল্পে ফিরে আসি। আল মামুনের শিক্ষক মুফতি মুহাম্মদ বেশ অসুস্থ। কিন্তু তিনি এই অসুস্থতার মাঝেই হঠাৎ রাতের বেলা উঠে বিভিন্ন ছবি আঁকেন। এটার অর্থটাই উদ্ধার করে দিতে হবে কাকাবাবুকে। প্রয়োজনে কাকাবাবু দেওয়া হবে মোটা অঙ্কের টাকা।
রহস্যের গন্ধ পাচ্ছ কি? আরও আছে, শোন। আল মামুন কাকাবাবুর বাড়ি থেকে বের হওয়ার পরই তার পিছু নয় দুজন সন্দেহজনক মানুষ। আল মামুনের গাড়ি ধাওয়া করে তারা মোটরবাইকে। নির্জন এক স্থানে গুলি করে বসে আল মামুনকে। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যান তিনি, তবে গুলিবিদ্ধ হন তার গাড়ির ড্রাইভার।
ওদিকে সন্তু জানতে চায় কাকাবাবুর কাছে আল মামুনের ব্যাপারে। কাকাবাবু ব্যাপারটা জানালে বেশ আগ্রহী হয়ে ওঠে সন্তু। কিন্তু কাকাবাবু ব্যাপারটা নিয়ে একেবারেই মাথা ঘামাতে চাচ্ছেন না। তাকে কিছুদিনের জন্য একটা কাজে যেতে হবে দিল্লি। তারপর আল মামুনের কেস নিয়ে ভাববেন তিনি।
মাঝে এক ঝলকে দেখা গেল মুফতি মুহাম্মদকে। আনমনে কাগজের উপর আঁকিবুকি করে যাচ্ছেন। দিল্লিতে এসে আবার আল মামুনের সঙ্গে দেখা কাকাবাবুর। আল মামুনের ধারণা, মুফতি মুহাম্মদ তার শেষ ইচ্ছের কথা এঁকে যাচ্ছেন হায়রোগ্লিফিক্সের মাধ্যমে। হয়ত সেখানে তার রেখে যাওয়া অর্থসম্পদের কথাও বলা আছে। কিন্তু কাকাবাবু এ বিষয়ে ভিন্নমত পোষণ করেন। তিনি বোঝালেন সেখানে কোনো অর্থ সম্পদের কথা বলা নেই, আছে অন্য কোনো অর্থ।
সন্তুদের বাসায় এসেছে রিনিরা। ওদিকে দিল্লিতে ঘটছে আরেক ভয়াবহ ঘটনা। এক আততায়ীর হঠাৎ ঢুকে পড়েছে কাকাবাবুর রুমে। উদ্দেশ্য কাকাবাবুকে খুন করার। কিন্তু কোনমতে আততায়ীর গুলি কাকাবাবুর পাঁজর ঘেঁষে বেরিয়ে যায়, বেঁচে যান কাকাবাবু। সন্তুর কাছে কাকাবাবুর ফোন আসে, সন্তুকে এখনই দিল্লি আসতে হবে।
সন্তু এল কাকাবাবুর সঙ্গে দেখা করতে, এমন সময় আল মামুনের ফোন পান কাকাবাবু। তিনি জানালেন, মুফতি মুহাম্মদ নাকি আবার আঁকছেন। যদি তার আঁকা দেখার ইচ্ছে থাকে তাহলে সবাইকে যেতে হবে তার সঙ্গে। কাকাবাবু অসুস্থ অবস্থাতেই সন্তু আর নরেন্দ্রকে নিয়ে চললেন আল মামুনের সঙ্গে। কাকাবাবুর মনের কী জোর দেখেছ?
কাকাবাবু মুফতি মুহাম্মদের সঙ্গে দেখা করতে ঢুকলেন তার ঘরে। মুফতি মুখে কথা বলেন না, ছবি এঁকেই ভাব আদানপ্রদান করেন। কাকাবাবু এ রকমই তার আঁকা একটি হায়ারোগ্লিফিক্স এগিয়ে দিলেন মুফতির কাছে। সেটা দেখে মুফতি কাকাবাবুর মাথায় হাত রাখলেন। নতুন করে আবার আঁকায় হাত দিলেন তিনি। কিন্তু অবাক কাণ্ড! হঠাৎ পড়ে গেলেন তিনি।
রহস্যময়ভাবে মারা গেলেন মুফতি মুহাম্মদ। কাকাবাবুর মাথায় খেলে যাচ্ছে নানান চিন্তা। শেষ পর্যন্ত জানালেন, মুফতির আঁকা ছবিটা ছিল তার শেষ ইচ্ছা। এবং সেটা পূরণের দায়িত্ব দেওয়া হয়েছে তাকেই। আর সে জন্য তাকে যেতে হবে মিশরে এবং কাজটি শেষ করার আগে তিনি কাউকে ব্যাপারটি জানাতে পারবেন না।
আল মামুন বেশ নারাজ কাকাবাবুর মিশর যাওয়া নিয়ে। জানালেন, এই উইলের পিছনে লেগেছে মুফতিরই আরও এক শিষ্য। মিশরের শীর্ষ সন্ত্রাসী হানি আল কাদী। এমনকি মামুন এবং কাকাবাবুকে নাকি গুলি করেছিল আল কাদীর লোকেরাই। কাকাবাবু তবুও দমার পাত্র নন, তার গন্তব্য এখন মিশরের মরুভূমি আর হাজার বছরের প্রাচীন পিরামিড। এরপর? নাহ আর তো বলা যাবে না। বাকি অ্যাডভেঞ্চারের স্বাদটা নিতে হলে তোমাদের দেখে ফেলতে হবে সিনেমাটি।
সিনেমাটিতে কাকাবাবু চরিত্রে অভিনয় করেছেন কলকাতার বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ, চেন তো তাকে? কাকাবাবু হিসেবে কিন্তু বেশ মানিয়ে গেছেন তিনি। কথায় হাস্যরস আর একরোখা জেদি স্বভাব আকৃষ্ট করবে তোমাদের। আর সন্তু চরিত্রে অভিনয় করেছে আরিয়ান ভৌমিক। তার অভিনয়ও দারুণ লাগবে তোমাদের কাছে।
সিনেমাটি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। এর আগে হেমলক সোসাইটি, বাইশে শ্রাবণ, অটোগ্রাফ এর মতো বেশ ভালো ভালো সিনেমা পরিচালনা করেছেন তিনি। শোনা যাচ্ছে, কাকাবাবুকে নিয়ে আরেকটি সিনেমা হতে পারে। কী দারুণ খবর তাই না? এই সিনেমাটি দেখার পর তোমাদেরও মনে হবে আরও একবার সিনেমায় নিয়ে আসা উচিত কাকাবাবুকে। আর যারা গল্পগুলো পড়তে বেশ আগ্রহী, তারা চাইলেই তোমাদের মা-বাবাকে বলে সংগ্রহ করে ফেল বইগুলো। কাকাবাবু-সন্তুর মতো তোমরাও তাহলে টের পাবে অ্যাডভেঞ্চারের মোহটা।
