মাদাম তুসোর মোমের আলোয়
কী হল! সবার পছন্দের পপ তারকা জাস্টিন বিবারের ছবিটি দেখে ঘাবড়ে গেলে তো? ভাবছ, বিবারের আবার যমজ ভাই কোথা থেকে এল? নাহ,সিনেমার মতো ফটো কারসাজির কোনো কারবার নয় এটি,নিতান্ত দিবালোকেই একই ফ্রেমে বন্দি হয়েছেন একজোড়া বিবার।
না,ভয় পাওয়ারও কোনো কারণ নেই। এমন ছবি দেখে তোমাদের মতো চমকে যেতে হয়েছে আমাকেও,ছবিতে বিবার দুজন হলেও পার্থক্য এটুকুই যে,তাদের একজন হলেন রক্ত মাংসের বিবার,অন্যটি মোমের বিবার। তবে এদের মধ্যে কে-ই বা আসল বিবার ছবির ধাঁধার উত্তরটি খুঁজে বের করার কাজটা আপাতত তাই তোমাদেরই থাকল। মনে হয়,বেশ এক ঝামেলাতেই ফেলে দিলাম তোমাদের!
তবে ঝেড়েই কাশি,এতক্ষণ আষাঢ়ে কোনো গল্প বুনছিলাম না আমি মোটেও,কেননা উপরের ছবিটির মতোই এমন অবিশ্বাস্য সব দৃশের জন্ম হর-হামেশাই দিয়ে চলছে বিশ্বজুড়ে এক জাদুঘর, যার নাম “মাদাম তুসো মোমের জাদুঘর”। যেখানে তৈরি হয় পৃথিবীর বিখ্যাত সব ব্যক্তিত্ব,ভুবন ভোলানো সমস্ত তারকার হুবহু নিখুঁত মোমের মূর্তি। কে নেই সেখানে? হ্যারি পটার খ্যাত তোমাদের প্রিয় এমি ওয়াইন হাউস থেকে শুরু করে,ব্রিটনি স্পিয়ার্স,জাস্টিন টিম্বারলেক, রুপালী পর্দা কাঁপানো হালের রবার্ট প্যাটিনসন,স্বপ্নের তারকা লিওনার্দো দ্য ক্যাপ্রিও,নিকোল কিডম্যান কিংবা ড্যানিয়েল ক্রেইগ বা ব্র্যাড পিটের মতো তারকারা! কাকে চাও তুমি? তোমার প্রিয় সব তারকারাই যে সেখানে হাজির মোম মূর্তি রূপে!
চাইলে সেই জাদুর দরবারে গিয়ে তোমার দেখা মিলতে পারে জগত বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন অথবা ক্যানভাসের আরেক জাদুকর পাবলো পিকাসোর সঙ্গে ! হুম,মনে মনে তোমার যে নামগুলো উঁকি দিচ্ছে সেখানে এক ঝলক দেখা পেয়ে যেতে পার তাদেরও। শার্লক হোমস,স্পাইডারম্যান কিংবা আয়রনম্যানদের খুঁজে পাওয়া সে জাদুঘরের অন্দরে কঠিন কিছু নয়।
ভাবছ,কী করে সম্ভব এত কিছু? চল তবে আজ জেনে নেই,আশ্চর্য সেই মাদাম তুসো জাদুঘর নিয়েই কিছু কথা। চমকে দেওয়া নিখুঁত সব মোম মূর্তি তৈরির আড়ালের কিছু কথা,কিছু অজানা ইতিহাস আর রহস্যর রাস্তা-গলিতে হাঁটব আমরা আজ।
হ্যাঁ,তোমাদের মতোই গোটা পৃথিবীকে অবাক করে দেয়া সেই মাদাম তুসো জাদুঘরের ইংরেজি নাম Madam Tussuds,যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী শহর লন্ডনে অবস্থিত মোম দিয়ে তৈরি বিশ্বব্যাপী জনপ্রিয় ও বিখ্যাত ব্যক্তিত্বদের মূর্তির সংগ্রহশালা। মাদাম তুসো নামে একজন ভাস্কর মোম মাধ্যমে এই মূর্তি তৈরি শুরু করেছিলেন। জাদুঘরটির নামও তাই উনার নামেই রাখা হয়েছে।
লন্ডনের পর্যটনশিল্প ও অর্থনীতিতে মাদাম তুসো জাদুঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শুধুমাত্র মোম দিয়ে গঠিত জাদুঘরটিতে ঐতিহাসিকভাবে স্বীকৃত ও রাজকীয় ব্যক্তিত্ব,চলচ্চিত্র তারকা, তারকা খেলোয়াড় থেকে শুরু করে খ্যাতনামা রাষ্ট্রীয় ব্যক্তিদের মূর্তিও সযত্নে রক্ষিত আছে সেখানে।
পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রতিদিন লক্ষ লক্ষ পর্যটকের ভিড় লেগে থাকে এই রোমাঞ্চকর জাদুর দরবারটি একবার ঘুরে দেখতে। বর্তমানে মাদাম তুসোর মোমের জাদুঘর লন্ডনের পর্যটকদের অন্যতম জনপ্রিয় পীঠস্থান হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও দর্শকদের বিপুল চাহিদা এবং জনপ্রিয়তার কারণে এর বেশ কয়েকটি শাখা বিশ্বের বিভিন্ন স্থানে রয়েছে। এর প্রতিটি শাখাতেই রয়েছে অসাধারণ মোম মূর্তির সংগ্রহ। পর্যটকদের মুগ্ধ না হয়ে উপায়ই থাকে না। বর্তমানে মার্লিন এন্টারটেইনমেন্ট গ্রুপ মাদাম তুসো জাদুঘরের একমাত্র সত্ত্বাধিকারী।
এত কথা জেনে ফেললাম,কিন্তু জানা হল না যার কারণে এই জাদুঘরটি দাঁড়িয়ে আছে সেই ব্যাক্তিকে। চল জেনে নেই তার সম্পর্কেও কিছু কথা। জাদুঘরের প্রতিষ্ঠাতা মেরী তুসো ফ্রান্সের স্ট্রাসবার্গে জন্মগ্রহণ করেন ১৭৬১ সালে। শৈশবে তার নাম ছিল আনা মারিয়া গ্রোসোল্জ। তার মা সুইজারল্যান্ডের বার্নে ডাঃ ফিলিপ কার্টিয়াসের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন। ডাঃ ফিলিপ কার্টিয়াস ছিলেন একজন চিকিৎসক। মোমের ভাস্কর্য তৈরিতে তিনি বেশি দক্ষ ছিলেন। কার্টিয়াস তুসোকে মোমের ভাস্কর্য তৈরির যাবতীয় কলাকৌশল শেখান। ১৭৭৭ সালে তুসো তাঁর প্রথম মোমের তৈরি ভাস্কর্যের জন্য ভলতেয়ারকে বেছে নেন এবং সফল হন। এছাড়াও,ঐ সময়ের অন্যান্য জনপ্রিয় ও বিখ্যাত ব্যক্তি হিসেবে তিনি জঁ জাক রুশো এবং বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ভাস্কর্যও তৈরি করেন। ফরাসি বিপ্লবের সময়কালে তিনি অনেকগুলো ঘটনার চিত্রকর্ম মূর্তি হিসেবে তৈরি করেন। ঐ বিপ্লবের কথা স্মরণ করে তিনি দাবী করেন যে,প্রয়োজনে মৃতদেহের মুণ্ডু হন্যে হয়ে খোঁজ করতেন ও মুখোশ তৈরি করতেন। পরবর্তীতে মৃতদেহের মুখোশগুলো পতাকায় সম্মুখভাগে তুলে ধরাসহ শোভাযাত্রার সময় প্যারিসের রাস্তায় প্রদর্শনের জন্য ধারণ করে রাখা হয়েছিল। অভিনব এই প্রতিবাদের কারণে শিল্পের মাধ্যমটি তখনই অনেকের চোখে পড়ে।
১৭৯৪ সালে ডঃ ফিলিপ কার্টিয়াস মৃত্যুবরণ করার সময় তার প্রিয় ছাত্রী মারিয়াকে মূর্তিগুলো দিয়ে যান। সেদিনের মারিয়া অর্থাৎ পরবর্তীকালের মাদাম তুসোও সেই শিল্পটাকে জনপ্রিয় করার বিষয়ে যত্নশীল হন। এ লক্ষ্যে মূর্তিগুলো প্রদর্শনীর জন্য পরবর্তী ৩৩ বছর ইউরোপের সর্বত্র ভ্রমণে করেন। ১৭৯৫ সালে তিনি ফ্রাঙ্কোস তুসোকে বিয়ে করেন এবং নতুন নামধারণ করেন মাদাম তুসো। ১৮৩১ সাল থেকে মাদাম তুসো সংক্ষিপ্ত সময়ের জন্য বেকার স্ট্রিট বাজারের উপর তলা ভাড়া নেন। জায়গাটি ছিল বেকার স্ট্রিটের পশ্চিম পার্শ্বে এবং ডোরসেট স্ট্রিট ও কিং স্ট্রিটের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। পরবর্তীতে ১৮৩৬ সালে এটি তুসোর প্রথম স্থায়ী নিবাস হিসেবে পরিগণিত হয়েছিল।
১৮৩৫ সালে লন্ডনের বেকার স্ট্রিটে অবস্থান করে একটি যাদুঘর প্রতিষ্ঠা করেন। তাঁর প্রতিষ্ঠিত যাদুঘরের অন্যতম প্রধান আকর্ষণ ছিল 'ভৌতিক কক্ষ'। এতে ফরাসী বিপ্লবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিসহ নতুন কোনো খুনি ও ঘাতকদের মূর্তিও রয়েছে।
১৮৮৯ সালের ফেব্রুয়ারিতে জাদুঘরটি এডউইন জোশীয়াহ পয়সার নামের একটি ব্যবসায়ী দলের কাছে বিক্রি হয়ে যায়। এরপর ১৯০৮ সালে প্রথম প্রতিমূর্তিটি নির্মাণ করা হয় উইনস্টন চার্চিলের।
যাই হোক,তোমাদের মনে নিশ্চয়ই বার বার প্রশ্ন জাগছে কী করে তৈরি হয় এমন নিখুঁত অপূর্ব সব মোমের ভাস্কর্য,যা কিনা নিমিষেই তাক লাগিয়ে দিতে পারে যেকোনো দর্শনার্থীকে! প্রতিবার ছুঁয়ে পরখ করে দেখতে চায় এটাকি সত্যিই ভাস্কর্য নাকি রক্ত মাংসের মানুষ? তবে চলো ঝটপট জেনে নেই রহস্যের আড়ালের কিছু কথা!
• জাদুঘরে রক্ষিত মোমের মূর্তিগুলোর মাথায় প্রতিটি চুল পৃথকভাবে প্রতিস্থাপন করা হয়। একটি মূর্তির মাথায় চুল প্রতিস্থাপন করতে প্রায় পাঁচ সপ্তাহ সময় লাগে।
• জাদুঘর খোলার আগে প্রতিদিন দুটি রক্ষণাবেক্ষণ দল মূর্তিগুলো দেখভাল ও পরিপাটি করে।
• একটি মূর্তি বানানো সম্পূর্ণ করতে প্রায় চার মাস সময় লাগে।
• মোমের মূর্তি বানাতে প্রায় আড়াইশ বার শরীরের মাপ নিতে হয় এবং বিভিন্ন কোণ থেকে প্রায় ১৮০টি ছবি তুলতে হয়। এক্ষেত্রে যদি ওই ব্যক্তিত্ব অনুপস্থিত থাকেন, তবে জাদুঘরের স্টুডিও ভাস্কর তাঁর কয়েকশ ছবি বা ভিডিও পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে এটি তৈরি করেন।
• মোম ধীরে ধীরে সংকুচিত হয়, তাই মোমের মূর্তি সেলিব্রেটির শরীর থেকে প্রায় দুই শতাংশ বড় করে বানানো হয়।
• লাল সিল্কের সুতা দিয়ে মূর্তিগুলোর অক্ষিগোলকের শিরা বানানো হয়।
• পরিচর্যার অংশ হিসেবে প্রায় নিয়মিত মূর্তিগুলোর চুল ধোয়া ও মেকআপ করা হয়।
• প্রতিটি মূর্তি বানাতে প্রায় এক লাখ পঁচিশ হাজার ডলার খরচ হয়।
এবার বুঝতেই পারছ মাদাম তুসো নামক এই জাদুঘরে আক্ষরিক অর্থে জাদুর প্রদর্শনী না হলেও তা জাদু থেকে কম কিছু নয় বৈকি! জাদুর আবেশের মতোই রোমাঞ্চকর এর সমস্ত কারবার!
এই মোমের কাজ কারবার যে সব সময় খুব অনায়াসে, দারুণভাবে চলেছে তা কিন্তু না। অন্য সবার মতো অপ্রীতিকর কিছু অভিজ্ঞতা এদেরও হয়েছে। যেমন, ২০০৮ সালের জুলাই মাসে মাদাম তুসো জাদুঘরের বার্লিন শাখাটি বিব্রতকর ও বিরূপ পরিবেশের মুখোমুখি হয়। ৪১ বছর বয়সী একজন জার্মান ব্যক্তি দু'জন নিরাপত্তা প্রহরীকে এড়িয়ে অ্যাডলফ হিটলারের মোমের ভাস্কর্যটির ব্যাপক ক্ষতি করে। ধারণা করা হয় যে, নাৎসিবাদী জার্মানির স্বৈরশাসক হিটলারের মূর্তির সঙ্গে খ্যাতনামা খেলোয়াড়,চলচ্চিত্র তারকা এবং অন্যান্য ঐতিহাসিক ব্যক্তিদের অবস্থানের ফলেই এটি ঘটেছে। পরবর্তীকালে অবশ্য ভাস্কর্যটির মেরামত করা হয়। অ্যাডলফ হিটলারের মূল ভাস্কর্যটি এপ্রিল,১৯৩৩ সালে লন্ডনের মাদাম তুসো জাদুঘরে উন্মোচন করা হয়। এরপর থেকে এ ভাস্কর্যটিও ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে ১৯৩৬ সালে ভাস্কর্যটি পরিবর্তন ও মেরামত করতে বাধ্য হয় জাদুঘর কর্তৃপক্ষ। পরবর্তীতে নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা হয়।
জাদুঘরের অন্দর সম্পর্কে তো অনেক কিছুই জানলে। এবার সশরীরে এমন রোমাঞ্চকর আর জগতখ্যাত তারকাদের অনিন্দ্য শৈল্পিক মোম রূপ দেখতে ছুটে যেতে তর সইছে না একদম, তাইতো? কিন্তু তার জন্যে যে আরও অনেক বড় হতে হবে তোমাদের!। বড় হয়ে নিশ্চয়ই আমরা সবাই একদিন পৃথিবীর এমন আশ্চর্য সমস্ত নিদর্শনের সবগুলোতে ঘুরে দেখতে পারবো,এমন স্বপ্নটা খুব বেশি বড় নয়,কী বলো?
