২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খরগোশের মাথা

একটা নরম তুল তুলে সাদা খরগোশের শখ আমাদের কার না আছে? ভাবতেই কী ভালো লাগে একটা তুলার বলের মতো খরগোশ বারান্দায় দৌড়ে বেড়াচ্ছে। আর তোমার যদি একটা ছোট্ট বাগান থাকে তবে তো কথাই নেই। খরগোশেরই রাজত্ব হয়ে যাবে তোমার বাগান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> মাকসুদা আজীজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 05:18 PM

Updated : 13 Oct 2022, 12:41 PM

আমাদের এই ইট কাঠের শহরে অবশ্য খরগোশের এই সাধ, স্বপ্নেই থেকে যায়। ছোট বাড়িতে এ সাধ মেটানোর সাধ্য আমাদের সবার কি আর হয়? তবে আমরা আজকে কাগজ দিয়ে খরগোশের মাথা বানানো শিখব। তারপর না হয় ইচ্ছেমত কাগজের খরগোশ বানিয়ে ঘরের দেয়ালে দেয়ালে লাগিয়ে রাখব! এবার আর আমাদের কে আটকাবে? চল তাহলে। ঝটপট শুরু করি খরগোশ বানানো।

১। একটি আট ইঞ্চি বাই আট ইঞ্চির বর্গাকৃতির সাদা কাগজ নেই। তোমরা যদি ভুলে গিয়ে থাক বর্গাকৃতির কাগজ কী, সেজন্য আবার বলি-- বর্গাকৃতির কাগজ মানে হচ্ছে একটি চারকোণা কাগজ যার প্রতিটা বাহু সমান হবে। আমাদের এক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হবে আট ইঞ্চি করে।

২। এবার কোণাকুণি AB রেখা বরাবর একটি ভাঁজ দেই।

৩। নতুন যে ত্রিভুজটি পেলাম সেটিকে আবার মাঝ বরাবর ভাঁজ করি এবং খুলে ফেলি। ধরি নতুন যে ভাজটি হল তার নাম CD। C এখানে ত্রিভুজের শীর্ষ এবং D, AB রেখার মধ্যবিন্দু।

৪। AB রেখার একটু উপরে; ধর, আধা ইঞ্চি উপরে আরও একটি রেখা EF কল্পনা করি। তোমাদের বোঝার সুবিধা হওয়ার জন্যে আমি EF রেখাটা এঁকেই দিয়েছি। এ রেখা বরাবর একটি ভাঁজ দিয়ে AB কে উপরের দিকে তুলে দাও।

 

৫। ধর, CE রেখার মধ্যবিন্দু G এবং CF রেখার মধ্যবিন্ধু H। এবার DG ও DH বরাবর ভাঁজ দাও এবং DE ও DF কে CD বরাবর নিয়ে যাও।

৬। পুরো কাঠামোটা উল্টে দিলেই পেয়ে যাবে তোমার খরগোশের মাথা। মাথার দিকের দাগ দেয়া কাগজটিতে ভাজ করে পেছনে পাঠিয়ে দাও। এবার চোখ, নাক, মুখ একে দিতেই সাদা তুলতুলে খরগোশটি কেমন তোমার দিকে চেয়ে হাসছে দেখ!