২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছড়ার ছন্দে ছন্দে মনে থাকুক সব

ছড়ার ছন্দ আমাদের মস্তিষ্ক খুব সহজেই মনে রাখতে পারে। একে বলে শোনার মাধ্যমে শিক্ষা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> মিনহাজ-উস-সালেকীন ফাহমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 01:23 PM

Updated : 13 Oct 2022, 12:41 PM

মৌমাছি, মৌমাছি

কোথা যাও নাচি নাচি

দাঁড়াও না একবার ভাই।

ঐ ফুল ফোটে বনে

যাই মধু আহরণে

দাঁড়াবার সময় তো নাই।

 
লাফ দিয়ে উঠেছো নিশ্চয়ই অনেকে? সুর করে পড়ে ফেলেছ ওপরের পরিচিত লাইনগুলো? হ্যাঁ, নবকৃষ্ণ ভট্টাচার্যের ‘কাজের লোক’ কবিতাটা যাদের পড়া আছে তারা তো দিনরাত এই লাইনগুলো গুণগুণ কর! আর যাদের নেই, তারাও এই লাইনগুলোর মধ্যে নিশ্চয়ই মিষ্টি কোনো ছন্দ খুঁজে পেয়েছ? হয়ত নিজের অজান্তে তোমরাও গুণগুণ করে আবৃত্তি করছ লাইনগুলোকে।

কবিতার মতোই গানের কথাও কত সহজেই না মনে থাকে আমাদের, তাই না? ঠিক তেমনি, ছড়াও মনে গেঁথে থাকে। সত্যি কথা বলতে কী, ছড়া হতে পারে আমাদের অনেক কিছু মনে রাখার একটি কৌশল।  নিমোনিক্সের সাথে রয়েছে এর ঘনিষ্ঠ সম্পর্ক। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে, নিমোনিক্স কী?

“নিমোনিক” শব্দটি গ্রীক ভাষা থেকে এসেছে। এর অর্থ স্মৃতি। শুধু তাই না, এটা গ্রীক দেবী নিমোসাইনির নামের সাথেও সম্পর্কিত বলে ধরে নেওয়া হয়, তার নামের অর্থ হল-মনে রাখা। সুতরাং বুঝতেই পারছ, মনে রাখার ব্যাপারের সঙ্গে ছড়ার একটা কিছু সম্পর্ক রয়েছে!

মনে রাখার অনেক কৌশল আছে। যেমন, প্রতিটা শব্দ মনে রাখা, প্রতি শব্দের প্রথম অক্ষর নিয়ে শব্দ/ বাক্যাংশ বানানো, বড় লাইনকে ভেঙে ছোট ছোট করে মনে রাখা- আরও কত কী! কিন্তু এত কষ্ট করার কি আদৌ কোনো দরকার আছে?

ছড়ার সাহায্যে খুব সহজেই কোনো কিছু মনে রাখা যায়। ছড়ার প্রতিটি লাইন শেষ হয় একই রকমের শব্দ দিয়ে। এভাবে লাইনের পর লাইন যুক্ত হয়ে তৈরি হয় এক মজার ছন্দ, যা সহজেই মনে গেঁথে থাকে। স্কুলের বাচ্চাদের জন্য অনেক পুরাতন একটা ছড়া আছে, “In fourteen hundred and ninety-two, Columbus sailed the ocean blue.”

এখন কলম্বাস কত সালে সমুদ্র যাত্রা করেছিলেন, তা এমনিতে মনে রাখা কষ্ট। কিন্তু দেখ, এই ছড়াটা কিন্তু অনেক সহজেই মনে থাকে, সাথে তোমাকে মনে করিয়ে দেয় সমুদ্রযাত্রার সময়টিও। ছড়ার ছন্দ আমাদের মস্তিষ্ক খুব সহজেই মনে রাখতে পারে। এটাকে বলা হয় শোনার মাধ্যমে শিক্ষা। মূলত ছড়ার সাহায্যে সহজে আমরা একটা শব্দের গঠন বুঝতে ও মনে রাখতে পারি।

ছড়ার সাহায্যে মনে রাখার এই কৌশলটি কিন্তু আজকের না। বহুকাল আগে থেকে মানুষ এ পদ্ধতি অনুসরণ করে আসছে। মনে রাখার জন্য মানুষ ছড়ার সাহায্যে ছবিও কল্পনা করে মিলিয়ে নিত। এতে করে পুরো জিনিসটা ছবির মত গেঁথে থাকত মনে।

শুধু তাই না, অনেক ক্ষেত্রে বাচ্চাদের অনেক বিপদ থেকেও রক্ষা করে এ ব্যাপারটা। যেমন- “leaves of three, let it be” বাচ্চাদের সতর্ক রাখত যাতে তারা পয়জন আইভি নামক বিষাক্ত উদ্ভিদ থেকে দূরে থাকে।

১৯৯৫ সালে বিজ্ঞানী ডেভিড রুবিন তার বই “Memory in Oral Traditions” এ ব্যাখা করেন যে,  ছাত্রদের দুটি শব্দ যদি ছন্দ সহকারে পড়ানো হয়, সেটি তারা অন্য শব্দের চেয়ে অনেক ভালো করে মনে রাখতে পারে। আমাদের মস্তিষ্ক খুব সহজে এবং গভীরভাবে মনে রাখতে পারে ছড়ার ছন্দগুলো, আর একইভাবে, তার সঙ্গে বলা কথাগুলো। তাই কোনো জিনিস মনে না থাকলে, তোমরাও চেষ্টা করে দেখতে পারো সেটা ছন্দে ছন্দে ছড়ার মাধ্যমে মনে রাখার।