মিথ্যা বলা মহাপাপ
গতরাতে লেখাপড়ায় ফাঁকি দিয়েছি। আব্বু-আম্মু একটা অনুষ্ঠানে যাওয়ায় স্টার মুভিজে আইস এজ-টু কার্টুন ছবিটা দেখে ফেলেছি।
আব্বু-আম্মু রাত এগারোটায় এসে জিজ্ঞেস করলে মিথ্যে বলে দিয়েছি যে স্কুলের পড়া করেছি। অথচ স্কুলের পড়া কিছুই হয় নি। সকালে আপ্রাণ চেষ্টা করেও শেষ করতে পারিনি। স্কুলের পড়া না পারলে বেত্রাঘাত অবধারিত।
বেশ দুরুদুরু বুক নিয়েই স্কুলে গেলাম। প্রথম দুই পিরিয়ডের পড়া পেরেছি; কিন্তু তৃতীয় পিরিয়ডে আটকে গেলাম। ইংরেজি শূন্যস্থান পূরণ পারছি না। গল্পটা ২/৩ বার পড়তে পারলে পারতাম। কিন্তু সকালে সময় করে উঠতে পারিনি। আমার ক্লাশের সবাই পারছে। স্যার আমাকে একটা শূন্যস্থান পূরণ করতে বললেন। আমি কাঁপা বুক নিয়ে দাঁড়িয়ে আমতা আমতা করে মাথা নিচু করে থাকলাম।
স্যার স্টেজ থেকে নিচে নেমে জিজ্ঞেস করলেন, পারছো না। কিন্তু কেন? বাড়িতে স্কুলের পড়া করনি?
আমি স্যারকে একবার দেখে অম্লান বদনে মিথ্যে বলে ফেললাম, গতরাতে পড়ার সময় পাইনি স্যার!
স্যার বিস্মিত কণ্ঠে বললেন, পড়ার সময় পাওনি! কেন?
আব্বু-আম্মুর সঙ্গে একটা বাসায় বেড়াতে গিয়েছিলাম! আসতে আসতে রাত বারোটা বেজে গিয়েছিল!
সকালে কী করেছ?
সকালে অন্যান্য সাবজেক্ট পড়ে ইংলিশ পড়ার সময় পাইনি স্যার!
ওনাদের ঠিক হয়নি তোমাকে নিয়ে বোড়তে যাওয়ার। আগে পড়া, তারপর বেড়ানো। মনে থাকবে তো?
জ্বি স্যার!
আজ প্রথমবারের মতো তোমাকে ক্ষমা করলাম। বসো।
আমি খুশি মনে বসে পড়লাম। অঙ্ক নিয়ে আমার কোনো সমস্যা না থাকায় অঙ্কের ক্লাশে কোনো সমস্যা হল না। আমি অঙ্ক বেশ পারি। টিফিন পিরিয়ডে আমার হেড স্যারের রুমে ডাক পড়লো। ভেতরে ঢুকে বুকটা ঢড়াস করে উঠল। ওখানে ইংলিশ স্যার বসা। দুজনই আমাকে দেখছেন। আমি সালাম জানিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম।
হেড স্যার আমাকে জিজ্ঞেস করলেন, তুমি গতরাতে কোথায় গিয়েছিলে?
হেড স্যারের গম্ভীর কণ্ঠের প্রশ্ন শুনে আমার বুকের ভেতর হৃদপিণ্ডটা হাতুড়ি পেটাতে লাগলো। আমি তৎক্ষণাৎ মিথ্যা কথাটা বলতে পারলাম না।
হেড স্যার ফের গম্ভীর কণ্ঠে ধমক দিয়ে বললেন, জবাব দিচ্ছ না কেন ছেলে? গতরাতে মা-বাবার সাথে কোথায় বেড়াতে গিয়েছিলে?
ইংলিশ স্যার বললেন, তুমি ভেবেছিলে মিথ্যে বলে পার পেয়ে যাবে। কিন্তু আমি ক্লাশ থেকে এসে তোমার আম্মুর সাথে কথা বলেছি। এখন বুঝতে পেরেছ, তোমার মিথ্যা ধরা পড়ে গেছে। এবার বলো বাসায় থেকে কী করেছ তুমি?
আমি মিনমিনে স্বরে বললাম, স্টার মুভিতে আইস এজ-টু কাটুন দেখেছি স্যর।
স্কুলের পড়া বাদ দিয়ে তুমি লুকিয়ে কার্টুন ফিল্ম দেখেছ। আশ্চর্য! আর ক্লাশে অবলিলায় মিথ্যে বলে দিলে! তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি।
হেড স্যার একই স্বরে বললেন, ছেলেটা দুটো অপরাধ করেছে। একে ত স্কুলের পড়া বাদ দিয়ে ফিল্ম দেখেছে; দ্বিতীয়ত ক্লাশে মা-বাবার নাম দিয়ে মিথ্যে কথা বলেছে। দুটো অপরাধই ক্ষমার অযোগ্য। কঠিন সাজা দিতে হবে ওকে!
ইংলিশ স্যার বললেন, সাজা ত ওকে পেতেই হবে স্যার। তার আগে ওর জানা দরকার মিথ্যা বলা ভালো না। সব ধর্মেই বলা আছে, মিথ্যা বলা মহাপাপ। একটা মিথ্যাকে ঢাকতে আরো বহু মিথ্যা বলতে হয়। তবুও মিথ্যার কুফল থেকে পার পাওয়া যায় না। তুমি কি রাখাল ছেলেটার গল্প জানো যে বাঘ বাঘ বলে চিৎকার করত?
আমি ইংলিশ স্যারকে একবার দেখে ফের মাথা নিচু করে বললাম, পড়েছি স্যার।
তাহলে অন্য একটা গল্প বলি। ক্লাশ সিক্সের এক ছেলে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে প্রতিদিন বের হয়ে স্কুলে না গিয়ে রাস্তায় বাজে বন্ধুদের সঙ্গে খেলে। কোনোদিন সিনেমা হলে সিনেমা দেখে সময় কাটিয়ে বাড়ি ফিরে আসতো। স্কুলে না আসায় ছেলেটি বাড়িতেও পড়া ফাঁকি দিয়েছে। ফলস্বরূপ পরীক্ষায় বিরাট শূন্য পেয়ে ফেল।
পরীক্ষার রেজাল্ট দেখে মা তো হতবাক। সাথে সাথে ছুটে এলেন স্কুলে। জানতে পারলেন ছেলে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হলেও স্কুলে আসতো না। বুঝতে পারলেন তার আদরের ছেলে তার সাথে প্রতিদিন মিথ্যে বলে ফাঁকি দিয়েছে। সন্তান তার সঙ্গে দৈনিক মিথ্যা কথা বলে এসেছে, এই আঘাত সইতে না পেরে ছেলেটির মা হেডমাস্টারের চেম্বারেই হার্টফেল করে মারা গেলেন। আর ছেলেটা হয়ে গেল এতিম। এতিম হবার কষ্ট একমাত্র এতিমই বুঝতে পারে।
হেড স্যার বললেন, উপদেশটা মনে থাকবে তো অপু?
আমি হেড স্যারের দিকে তাকিয়ে অস্ফুট কণ্ঠে বললাম, জ্বি স্যার।
আর কখনও মিথ্যা কথা বলবে না তো?
না স্যার।
মিথ্যা বলা মহাপাপ। আর মহাপাপ কখনও খণ্ডানো যায় না-- ইংলিশ স্যার বললেন।
জ্বি স্যার।
হেড স্যার ফের বললেন, ভুল করেও কখনও মিথ্যা কথা বলবে না। ঠাট্টা করেও কখনও মিথ্যা কথা বলবে না। নিজের ক্ষতি হলেও মিথ্যা বলবে না। আপাত দৃষ্টিতে নিজের ক্ষতি হলেও শেষে ভালোই হয়। সবসময় সত্য কথা বলবে। সত্য পথে চলবে। সৎ পথে চলায় কিছুটা কষ্ট হলেও মনে সুখ ও শান্তি থাকে, মাথা উঁচু করে চলা যায়। মনে থাকবে আমার আজকের কথাগুলো?
জ্বি স্যার।
এবার তোমার সাজা গ্রহণের পালা। সাজা পাওয়ার জন্য মানসিকভাবে তৈরি হয়ে যাও!
হেড স্যার চেয়ার থেকে উঠে আমার কাছে এসে মাথার নেড়ে দিয়ে বললেন, প্রথম অপরাধের এটাই তোমার সাজা। এখন ক্লাশে যাও।
আমি টুক করে বসে হেড স্যারের কদমবুসি করে দৌড়ে চেম্বার থেকে বেরিয়ে গেলাম।
