পাথুরে বন
বন দেখতে কেমন হয়? প্রশ্নটা শুনে নিশ্চয়ই খুব হাসি পেল তোমার। এ আবার কেমন কথা? বন দেখতে তো বনের মতোই হয়! ঘন আর সবুজ পাতায় ভরা। বড় বড় গাছের গুড়ি দিয়ে সাজানো।
কিন্তু আজকে তোমাকে এমন একটা বনের গল্প শোনাব, যেটার গায়ে কোনো সবুজ রঙ নেই। অবাক হচ্ছো? আরও অবাক হয়ে যাবে বনটার নাম শুনলে। আর এই অবাক করা বনটার নাম হল শিলিন পাথুরে বন।
ধারণা করা হয়, পাথুরে এই বনটির বয়স প্রায় ২৭০ মিলিয়ন বছর। এর জন্ম নিয়ে বেশ মিষ্টি একটা গল্পও রয়েছে। স্থানীয়দের মতে, অনেককাল আগে ঠিক এখানেই আশিমা নামের এক মেয়ে বাস করত। ‘ই’ গোত্রের মেয়ে ছিল সে। একদিন একটা ছেলেকে খুব ভালো লাগল ওর। বিয়ে করতে চাইল ও সেই পছন্দের ছেলেটাকে। কিন্তু কেউ শুনল না ওর কথা। নিষেধ করে দিল ছেলেটার সঙ্গে মিশতে। সবার এমন আচরণে খুব কষ্ট পেল আশিমা। কষ্টে কষ্টে একটা সময় পাথর হয়ে গেল ও। আর সেই থেকে ওখানে জন্ম নিল আরও অনেক পাথর। তৈরী হল পাথুরে এ বন। এখনও প্রতিবছর আশিমার জন্যেই গোত্রের মানুষেরা বছরের একটা নির্দিষ্ট সময়ে আলোর উত্সব বা টর্চ উত্সব করে ওখানে।
পাথুরে বন হওয়ার মিষ্টি গল্পটা কিন্তু বৈজ্ঞানিকদের আকৃষ্ট করতে পারেনি। তারা ঠিকই একটা বিজ্ঞান সম্মত ব্যাখ্যা বের করে ফেলেছে। তাদের মতে, এখন যেখানে বনটি দাঁড়িয়ে আছে, কোটি কোটি বছর আগে সেখানে ছিল মস্ত বড় একটা সাগর। আর সেই সাগরের নীচেই ধীরে ধীরে চুনাপাথর জমা হয়েছে। একটা সময় কোনো এক আশ্চর্য কারণে সাগরকে ছাপিয়ে মাথা উঁচু করে উঠে আসে পাথুরে বনের পাথরগুলো। পাথরগুলোর কোনো কোনোটা কয়েক মিটারের হলেও এখানে এমন কিছু পাথর আছে, যেগুলো লম্বায় প্রায় ৪০ মিটার উঁচু।
২০০৭ সালেই ইউনেস্কো শিলিন পাথুরে বনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যকেন্দ্র বলে ঘোষণা করে। এছাড়াও পর্যটন কেন্দ্র হিসেবেও বেশ ভালো মানের বলে মনে করা হয় একে। তাই আর দেরি কেন? এক্ষুণি বসে পড় ইন্টারনেটে আর দেখে নাও কতটা সুন্দর দেখতে শিলিন পাথুরে বন। আর যদি এভাবে দেখে শখ না মেটে, তাহলে বাস্তবেই ঘুরে এস এই চমত্কার জায়গাটি।
