২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জল পড়ে পাতা নড়ে

জল পড়ে আর পাতা নড়ে মেঘেরা দেয় আড়ি খুকু বলে, জলপরি তুই, আসিস আমার বাড়ি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> শাহানারা রশীদ ঝরনা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2014, 08:38 AM

Updated : 22 Aug 2022, 07:10 PM

মাটির থালায় খেতে দেব মুড়কি-মুড়ি-দই

শিকেয় রাখা নাড়ু দেব, বিন্নিধানের খই।

হাতপাখাতে করব বাতাস থাকবি শুয়ে খাটে

বিকেল হলেই তোকে নিয়ে বসব পুকুরঘাটে

দেখবি তখন পানকৌড়ির খুনসুটি জলখেলা

তোকে নিয়েই থাকব মেতে ভাসিয়ে খুশির ভেলা।

জল পড়ে আর পাতা নড়ে মেঘের আড়ি ভাঙে

নৌকো ভাসায় নবীন মাঝি দূরের ভাটি গাঙে

ছইয়ের ভেতর বউটি হাসে জলের ছিটায় ভিজে

খুকু বলে, ও সোনা বউ, বল না করি কী যে!

লজ্জারাঙা মুখ যে বউয়ের, খুশিতে মন দোলে

রঙিন মাঝি ভাটির গানে সুরের কাঁপন তোলে।

জলপাতাদের সুখের খেলা দেখতে লাগে বেশ

এমন কত রূপের ভেলায় ভাসে সোনার দেশ!