২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রহস্যময় গোরহামের গুহা

তোমরা নিশ্চয়ই কমিক বইতে অথবা কার্টুন ছবিতে ব্যাটম্যানের গুহা দেখেছ। আজকে তোমাদেরকে ঠিক সেই রকম একটি গুহার কথাই জানাব, যার নাম গোরহামের গুহা (Gorham’s Cave)। এ গুহাটি বিখ্যাত রক অফ জিব্রালাটার এর দক্ষিণপূর্বে আটলান্টিক মহাসাগরের শাখা মেডিটেররানিয়ান সমুদ্রের তীর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত। মজার ব্যাপার হল এই গুহার আবিস্কার হয়েছিল একদমই আকস্মিক ভাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আব্দুল জাব্বার মুন্না

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2014, 08:35 AM

Updated : 13 Oct 2022, 12:36 PM

সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ১৯০৭ সালে সামরিক কাজের জন্য জিব্রালাটার প্রণালীর পাথরের গায়ে একটি ফাটল খুঁজতে গিয়ে এই গুহাটি খুজে পান এবং গুহার দেয়ালে কয়লা দিয়ে নিজের নাম ও তারিখ লিখে রাখেন। কী রোমাঞ্চকর! ক্যাপ্টেন গোরহামের আবিষ্কৃত এই গুহাটি ভূতুড়ে হিসাবে পরিচিতি পাওয়ায় মানুষ ভয়ে এই গুহায় যেতে চাইত না। ফলে এই অসাধারণ আবিষ্কারটি একসময় হারিয়ে যায়।

দীর্ঘদিন পর জিব্রালাটারের অধিবাসী বিখ্যাত ঐতিহাসিক জে জে ডেভিস পুরোনো কাগজপত্রে এই গুহার নাম ও অবস্থান দেখে এই গুহাটি পুনরায় আবিস্কার করেন। দ্বিতীয়বার আবিস্কারের পর থেকেই সারা বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা এই গুহা সম্পর্কে বিভিন্ন মতামত দিতে থাকেন। এই গুহায় একসময় মানুষের বসবাস ছিল বলে তারা বিশ্বাস করেন। এই ধারণা আরও পাকাপোক্ত হয় যখন রয়েল ইঞ্জিনিয়ার কেইলি এবং ওয়ার্ড দৈনিক জিব্রালাটার পত্রিকায় এই গুহা সম্পর্কে একটি লেখায় জানান তারা এই গুহায় মানুষের তৈরী কিছু জিনিসপত্র এবং অস্ত্রসস্ত্র খুজে পেয়েছেন! তাদের এই অনুসন্ধানের আলোকে জিব্রালাটারের গভর্নর বিশ্ববিখ্যাত ব্রিটিশ মিউজিয়ামকে গোরহামের গুহায় অনুসন্ধানের জন্য আমন্ত্রন জানান। তারা অনুসন্ধান চালিয়ে দেখতে পান এই গুহার আশেপাশে যে শুধু মানুষের বসবাস ছিল তাই নয়; হাজার বছর আগের বুদ্ধিমান মানুষেরা এই গুহাকে খনি হিসেবেও ব্যাবহার করেছিল! কী অদ্ভুত তাই না? এই গবেষণা কাজের ধারাবাহিকতায় আন্তর্জাতিক একটি গবেষণা দল আচমকাই ২০১২ সালে গুহার দেয়ালে খোদাই করে মানুষের আঁকা ছবি আবিস্কার করে সারা বিশ্বে হইচই ফেলে দেয়! রহস্যময় এই গুহা নিয়ে এখনও চলছে গবেষণা। শুধু যে গবেষণাই চলছে তা নয় অসম্ভব সুন্দর এই গুহাটিকে ২০১০ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে প্রস্তাব করা হয়েছে। এই গুহার আশেপাশে ভেনগার্ড গুহা, হায়েনা গুহা এবং বেনেটের গুহা নামে আরও তিনটি গুহা আবিষ্কৃত হয়েছে এবং এদের একসঙ্গে নাম দেওয়া হয়েছে গোরহামস কেভ কমপ্লেক্স! নামটি কিন্তু বেশ সুন্দর হয়েছে। মানুষ এই পৃথিবীতে সৃষ্টিকর্তার তৈরী অনেক চমৎকার জিনিস আবিষ্কার করেছে যার মধ্যে এই গুহাটি অন্যতম।