জাতকের গল্প: বোধিসত্ত্ব হরিণ শিকার
অনেক দিন আগের কথা। ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন বারানসির রাজা। তখন বোধিসত্ত্ব একবার হরিণ হয়ে জন্ম নিয়েছিলেন।
সে হরিণ ঘুরে বেড়ায় বনে। সে হরিণ ঘুরে বেড়ায় পাহাড়ে। গাছের কচিকচি পাতা খায়। আবার পানির পিপাসা হলে হরিণ যায় জলাভূমির কাছে।
সেই গহিন বনের ভেতরে প্রচুর টসটসে ফলের গাছ। একটি সপ্তপর্ণী গাছও ছিল সেই বনে। সেই গাছে ধরত অপূর্ব স্বাদের ও গন্ধের ফল। কী চমৎকার সোনালি রংয়ের ফল!
একদিন হরিণের খুব ইচ্ছে হল সপ্তপর্ণী ফল খাবে। হরিণ জানে, বনের একেবারে গহিনে রয়েছে ওই সপ্তর্পণী গাছ। সেদিকেই যেতে লাগল হরিণটি।
কাছের গ্রামেই বাস করত এক শিকারি। পশু শিকারের জন্য সে রোজ বনে প্রবেশ করত। বনপথে ফাঁদ পেতে পশু শিকার করত সে। কখনও মাঠে জাল বিছিয়ে ধরত ঝাঁক ঝাঁক পাখি।
শিকারি বেশ দক্ষ ছিল। পায়ের ছাপ দেখেই অনুমান করতে পারত, বনের কোনদিকে গেছে হরিণেরা। হরিণ ছিল তার প্রিয় শিকার। হরিণেরা যে এলাকায় গাছের ফল খেতে যেত, সেখানকার গাছের উপরে মাচা বানিয়ে বসে থাকত শিকারি। মাচায় বসে হরিণের জন্য অপেক্ষা করত।
হরিণেরা সবসময় সরল প্রকৃতির প্রাণী। তারা কখনও বোঝে না শিকারি অমন করে গাছের পাতার আড়ালে ওৎ পেতে বসে থাকে। যেই না হরিণ গাছের নিচে আসত ফল খেতে, অমনি শিকারি তির ছুড়ে মারত।
হরিণ শিকার হলে কেটেকুটে হাটে নিয়ে গিয়ে বিক্রি করত মাংস। এলাকার মানুষের কাছে হরিণের মাংসের বেশ চাহিদা ছিল সে সময়।
একদিন এক শিকারি সপ্তপর্ণী গাছের নিচে বোধিসত্ত্ব হরিণের পায়ের ছাপ দেখতে পেল। তার বহুদিনের শখ বোধিসত্ত্ব হরিণ শিকার করা। নিশ্চয় বোধিসত্ত্ব হরিণ এখানে নিয়মিত আসে, ভাবল সে। এবার যায় কোথায়? সে দিনক্ষণ বুঝে রাত শেষ হওয়ার আগেই এসে উঠে গেল সপ্তপর্ণী গাছে। শক্তপোক্ত এক উঁচু ডালে মাচা বাঁধল সে। গাছের পাতা দিয়ে নিজেকে আড়ালও করল। ভোর হওয়ার আগে থেকেই সে তির-ধনুক হাতে মাচায় বসে বোধিসত্ত্ব হরিণের জন্য অপেক্ষা করতে লাগল।
যথাসময়ে সপ্তপর্ণী ফল খাবার জন্য বনে প্রবেশ করল হরিণ। কিন্তু সপ্তপর্ণী গাছের কাছে না গিয়ে খানিক দূরে দাঁড়িয়ে রইল। বোধিসত্ত্ব হরিণ জানে, অনেক সময় শিকারি গাছের উপর মাচা বানিয়ে বসে থাকে। এই গাছেও তেমনটি ঘটেছে কিনা ভাবতে থাকে, হয়তো কোনো শিকারি এখানে লুকিয়ে বসে রয়েছে।
শিকারি কিন্তু মাচায় বসে দেখতে পাচ্ছে বোধিসত্ত্ব হরিণকে। হরিণটা আসতে আসতেও আসল না। খানিক দূরে দাঁড়িয়ে আছে।
শিকারি তখন গাছের ডালে ঝুলে থাকা থোকা থোকা ফল ছিঁড়ে নিচে ফেলতে লাগল।
এভাবে গাছ থেকে টুপটুপ করে ফল পড়তে দেখে হরিণ ভাবল, যেভাবে ফলগুলো পড়ছে, তাতে মনে হচ্ছে, গাছে কোনো শিকারি রয়েছে।
হরিণ গাছটির দিকে ভালো করে তাকাল। সে পাতার আড়ালে বসে থাকা শিকারিকে দেখতে পেল। কিন্তু শিকারিকে না দেখার ভান করল।
হরিণ সপ্তপর্ণী গাছের উদ্দেশে বলতে লাগল, “এতদিন তুমি সোজাভাবে ফলগুলো ফেলে দিতে। এমন এলোমেলোভাবে ছুড়ে দিতে না। আজ সত্যিকারের বৃক্ষের মতো আচরণ দেখতে পাচ্ছি না। তুমি বৃক্ষধর্মকে ত্যাগ করেছ। এখানে আমি ফল খাব না। চলে যাব অন্য কোনো গাছের কাছে।”
হরিণের কথা শুনতে পেল শিকারি। এমন কথা শুনে বেশ রেগেও গেল সে। বুঝতে পারল, এই হরিণটিকে আর শিকার করার উপায় নেই। সে তখন চিৎকার করে বলল, “আজ আমার হাত থেকে কোনোমতে রেহাই পেয়ে গেলি।”
শিকারি মাচা থেকে তির-ধনুক মাটিতে ফেলে দেয়।
বোধিসত্ত্ব হরিণ তখন বলে, “তুমি একজন নিষ্ঠুর শিকারি। অযথা আমাদের হত্যা কর। প্রাণী হত্যা মহাপাপ। আমি তোমার হাত থেকে রেহাই পেলাম। কিন্তু তুমি তোমার কর্মফল থেকে রেহাই পাবে না। তুমি ভয়ঙ্কর ধরনের শাস্তি ভোগ করবে। তোমার নরক বাস হবে।”
এই বলে বোধিসত্ত্ব হরিণ বনপথ দিয়ে ছুটে চলে গেল।
